উড়ছে কাইটস্!
‘ঘুড়ি আকাশে ওড়ে। বাতাসে ওড়ে না, বাতাসের বিপরীতে ওড়ে। জে এবং নাতাশাও ভালোবাসার আকাশে উড়ছে। আকাশের মতো ওদের ভালোবাসাও অনন্ত, অসীম। উড়তে উড়তে ওরা যখন একদম কাছাকাছি, ঠিক তখনই শুরু হয় হারানোর ভয়।’ ছবির নামকরণের সার্থকতা এভাবেই বর্ণনা করলেন প্রযোজক রাকেশ রোশন। কাইটস-এ এই ‘জে’ হলেন হূতিক রোশন, নাতাশার চরিত্রে বারবারা মোরি। জে জানেন না স্প্যানিশ, নাতাশা জানেন না ইংরেজি। ভাষা এখানে দুর্বল, ভালোবাসা তবু প্রবল—এই নিয়েই অনুরাগ বসুর পরিচালনায় নতুন ছবি কাইটস। মুক্তি পেয়েছে এ সপ্তাহে, বিশ্বের ৬০টি দেশে। হূতিক রোশনের সর্বশেষ কোই মিল গ্যায়া, কৃষ, ধুম টু, যোধা-আকবর-এর চেয়ে ছবিটি ‘মার মার কাট কাট’ সাফল্য পাবে—ছবি মুক্তির আগে এমন ভবিষ্যদ্বাণী ছিল অনেকের। যদিও মুক্তির পর তাঁরা নিখোঁজ; ধুন্ধুমার সমর্থন মিলছে না কাইটস-এর ভাগ্যে। ভারতীয় সমালোচকেরা মুখ পানসে করে ছবির চিত্রনাট্যের দুর্নাম করছেন। তবে হূতিক রোশনকে ঢালাওভাবে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন সবাই। ভারতীয় সমালোচক তরণ আদর্শের মতে, ‘অনেক বড় অভিনেতাও চিত্রনাট্যের দুর্বলতাকে ছাপিয়ে বেরিয়ে আসতে পারেন না। অথচ কাইটস যতটুকু উপভোগ্য, তার সবটুকু কৃতিত্বই হূতিক রোশনের। হূতিককে কাইটস থেকে সরিয়ে নিন। এ ছবিকে তখন মনে হবে নিষ্প্রাণ, নিঃসাড়।’ বক্স অফিসের ভাষা আবার উল্টো। ভারতে প্রথম দিন থেকেই উড়ছে কাইটস। মাল্টিপ্লেক্সগুলোতে ২৫-৩০টি শো প্রদর্শিত হচ্ছে। এমনকি দর্শকের অনুরোধে সকাল আটটা, রাত তিনটারও বাড়তি শোয়ের ব্যবস্থা করা হয়েছে। অবশ্য এই দর্শকদেরই অনেকে ছবিকে গালমন্দ করে বের হচ্ছে। ছবিতে স্প্যানিশ ও ইংরেজির আধিক্য হজম করতে পারেনি অনেকে। থাকুক না ইংরেজি সাবটাইটেল, হিন্দি ছবি হওয়া উচিত ‘পাক্কা’ হিন্দি ভাষার ছবি—অধিকাংশের অভিযোগ। এই অভিযোগ নিয়েই পরিবেশক রিলায়েন্স বিগ পিকচার্সের ঘুম হারাম। প্রযোজক রাকেশ রোশনের কাছ থেকে তাঁরা ১২০ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছেন কাইটস। অর্থাৎ মুক্তির আগেই রাকেশ রোশনের পকেটে ৭০ কোটি রুপি চলে এসেছে। তবে ভারতে ছবির রিপোর্টের যে বেহাল অবস্থা, তাতে পরিবেশক রিলায়েন্সের অর্থ উঠিয়ে আনা কষ্টকর হবে। যদিও এখন পর্যন্ত বক্স অফিস বেশ খুশি। মুক্তির প্রথম দিন ১০ কোটি ৭৫ লাখ আয় করে ৫০ কোটি রুপির এই ছবি সর্বকালের সেরা ব্যবসাসফল হিন্দি ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়ে গেছে (থ্রি ইডিয়টস-এর পর)। ছবির নায়িকা বারবারা মোরি ও পরিচালক অনুরাগ বসু দুজনেরই ইংরেজিতে খুব একটা দখল নেই। কিন্তু বসুর ভাষায়, ‘বারবারা আমার চেয়ে খারাপ। প্রথম বসায় এক ঘণ্টার চিত্রনাট্য বুঝতে চার ঘণ্টা সময় নিয়েছিল।’ ছবিতে মেক্সিকান একজন নায়িকার প্রয়োজন ছিল। অনুরাগ গুগলের মাধ্যমে মেক্সিকান সবচাইতে জনপ্রিয় নায়িকার তালিকা ঘেঁটে বারবারাকে আবিষ্কার করেন। কঙ্গনা রনৌতের অন্তর্ভুক্তি হয়েছে ব্যক্তিগত কারণে। কঙ্গনা অনুরোধ করেছিলেন পরিচালককে যে তাঁর স্বপ্ন হূতিক রোশনের সঙ্গে অভিনয় করা। ফলাফল, ছবির তিনটি দৃশ্যে কঙ্গনার অতিথি চরিত্রে অভিনয়। এই কঙ্গনার চরিত্র, অভিনয়—কোনোটি নিয়েই ভারতীয় সমালোচকেরা খুশি নন।অবশ্য কালো মেঘের আড়ালে সূর্যের হাসি—আন্তর্জাতিক সমালোচকেরা বেশির ভাগই কাইটস নিয়ে সন্তুষ্ট। অন্তত তাকধুম তাকধুম হিন্দি ছবির আড়ালে এমন বাস্তবধর্মী হিন্দি ছবির প্রত্যাশা করেননি কেউই। নিউইয়র্ক টাইমস বলেছে, ‘ছবিটি আহামরি নয়। তবে স্টান্ট, ফটোগ্রাফি ও শিল্পীদের অভিনয় দর্শকদের বসিয়ে রাখতে বাধ্য।’ লস অ্যাঞ্জেলেস টাইমস লিখেছে, ‘তরুণীদের হূদকম্পন বাড়িয়ে তোলার জন্য হূতিকের এই একটি চলচ্চিত্রই যথেষ্ট।’ নিউইয়র্ক ডেইলি নিউজ-এর ভাষ্য, ‘দর্শক ধরে রাখার জন্য যথার্থ বলিউডি ছবি।’ নিউজ ডে লিখেছে, ‘টিকিটের খরচ তো উঠবেই, সঙ্গে দর্শকদের জন্য বাড়তি পাওনা হূতিক রোশন।’ ভ্যারাইটির মতে, ‘কাইটসকে মনে হয়নি বলিউডের ছবি। এটি প্রকৃত অর্থেই হলিউডের ছবি। সব মিলিয়ে চরম উপভোগ্য।’ হলিউড রিপোর্টার-এর অনুমান, ‘কাইটস হূতিককে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করবে।’ ফিল্ম জার্নাল-এর রায়, ‘ঘুড়ি অবশেষে উড়তে সক্ষম হয়েছে। কাইটস সত্যিকার অর্থেই নামের যথার্থতা প্রমাণ করেছে। হূতিক-বারবারার রসায়ন অবিশ্বাস্য।’ এই সব প্রশংসার সমীকরণ পকেটের শোভা বাড়ালেই বেঁচে যাবেন ছবির পরিবেশক। নয়তো সুতা কেটে ‘ব্যর্থ ছবি’র তালিকায় নাম লেখাতে হবে কাইটসকে। রুম্মান রশীদ খান তথ্যসূত্র: ওয়েবসাইট