উড়ছেন রবার্ট প্যাটিনসন
সম্প্র্রতি হলিউডে ঝড় তোলা দ্য টুইলাইট সেগা: অ্যাসলিপস ছবির কল্যাণে হাওয়ায় ভাসছেন ছবির অন্যতম অভিনেতা রবার্ট প্যাটিনসন। বক্স অফিসের তথ্য অনুযায়ী মুক্তি পাওয়ার প্রথম পাঁচ দিনেই ছবিটি আয় করেছে ১৬ কোটি ১০ লাখ ডলার! স্টিফেন মেয়ারের জনপ্রিয় উপন্যাস অ্যাসলিপস থেকে তৈরি ত্রিভুজ প্রেমের এ ছবিতে ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করেছেন রবার্ট। ডেভিড স্লেড পরিচালিত এ ছবিতে পুরোপুরিভাবে ভ্যাম্পায়ারের মতোই উপস্থিতি ছিল রবার্টের, যার মধ্যে দুই পাশের দুটি বড় দাঁতের কল্যাণে দর্শকপ্রিয়তা পেয়েছেন বেশি। দ্য টুইলাইট সিরিজের তৃতীয় এ ছবিতে রবার্ট ছাড়াও মূল চরিত্রে আরও ছিলেন রবার্টের বান্ধবী বেলা সাউন ও জ্যাকব ব্ল্যাক। রবার্টের মতে, দারুণ একটি গল্পের ছবি এবং আকর্ষণীয়। মুক্তি পাওয়ার পরই দর্শকদের জরিপে সেরা ২৫টি ছবির তালিকায় প্রথমে আছে দ্য টুইলাইট সেগা: অ্যাসলিপস ছবিটি। টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ জন সেরা প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন এবং ফোর্বস-এর তথ্য অনুসারে রবার্ট বর্তমানে বিশ্বের সেরা ৫০ জন অভিনেতার মধ্যে একজন, বর্তমানে যার আয় প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার ছাড়িয়েছে। মাত্র ১২ বছরেই মডেলিংয়ের মাধ্যমে তাক লাগিয়ে দেওয়া এ অভিনেতা নিজেই গিটার ও পিয়ানো বাজানোর পাশাপাশি বেশ কয়েকটি গানের সংগীত পরিচালনা করেছেন। এর মধ্যে তাঁর গাওয়া গান টুইলাইট সিরিজের প্রথম ছবিসহ নিজের অভিনীত আরেক ছবি হাউ টু বিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর আগে জে কে রওলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের গবলেট অব ফায়ার ছবিতেও অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরার চেষ্টায় ছিলেন রবার্ট। অবশেষে নিজের সেরাটাই দিয়েছেন অ্যাসলিপস ছবিতে। ছবিতে রবার্ট এমনভাবেই ভ্যাম্পায়ারের মতোই দর্শকদের সামনে এসেছেন যে এখন পর্যন্ত ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করা অভিনেতাদের মধ্যে প্রথম স্থানে চলে এসেছেন তিনি। মাত্র ২৪ বছর বয়সী এ অভিনেতার সম্প্র্রতি সেরা এ ছবির সফলতায় উচ্ছ্বসিত বোদ্ধা মহলও। রোমান্টিক ধাঁচের হলেও এ ছবিতে তাঁর অনবদ্য সেরা অভিনয় আগের সব অভিনয়কে ছাড়িয়ে গেছে। তাঁর মতে, ‘যখনই কোনো অভিনয় শুরু করি, তখনই চেষ্টা করি চরিত্রের গভীরে যেতে, যা এ ছবিতে চেষ্টা করেছি।’ এ ছবিতে ভ্যাম্পায়ার চরিত্রটি ফুটিয়ে তুলতে পরিচালকের পরামর্শে নিজের চুল ও চেহারায় এনেছেন পরিবর্তন। সত্যিকারভাবে যাতে ভ্যাম্পায়ার চরিত্রটি তুলে ধরা যায়, সে চেষ্টায় অন্ত ছিল না রবার্টের। এর আগে অভিনীত প্রায় সব ছবিকেই ছাড়িয়ে যাওয়া এবং মুক্তির পর পরই রীতিমতো সাফল্যের এ আনন্দে ভাসছেন রবার্ট। খ্যাতির চূড়ায় উঠতে থাকা রবার্টের হাতে বর্তমানে রয়েছে বেল অ্যামি, ওয়াটার ফর এলিমেন্টস আর দ্য টুইলাইটস সেগা: ব্রেকিং ডাউন পার্ট ১-এর মতো ছবি। এখন শুধুই নিজেকে পুরো মেলে ধরার অপেক্ষা, যার জন্য মুখিয়ে আছে রবার্টের অসংখ্য ভক্ত। নুরুন্নবী চৌধুরীউইকিপিডিয়া ও ওয়েবসাইট অবলম্বনে