উড়ন্ত পরি মিম!
এবার পরি হয়ে আকাশে উড়বেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। অবশ্য কোনো চলচ্চিত্রে নয়, ঈদের জন্য নির্মিত ‘ইটস ম্যাজিক’ নাটকে। স্পেশাল ইফেক্টস বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মীয়মাণ নাটকটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ।পরি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘নাটকে আমরা যে ধরনের গল্প সচরাচর দেখি, তা থেকে এটি ব্যতিক্রম। নির্মাতার ভাবনা খুব আধুনিক। তাঁর গল্প উপস্থাপনের ভাবনা শুনে মনে হচ্ছে, ভিন্নধর্মী একটা নাটক হবে।’ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘স্বীকার করে নিচ্ছি, একটি ঝুঁকিপূর্ণ গল্প নির্মাণ করতে যাচ্ছি। যদি ঠিকঠাক নির্মাণ করতে পারি, তাহলে দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’ আহনাফ আরও বলেন, ‘আমার এ নাটকের ৮০ শতাংশ কাজে ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। কিছু কিছু জায়গায় অ্যানিমেশনও থাকবে। আমরা বিদেশি ছবিতে যে ধরনের ট্রিটমেন্ট দেখি, তা এখানে দেখা যাবে।’ কাল রোববার রাতে ঢাকার একটি উঁচু ভবনের ছাদে উড়ন্ত পরি নেমে আসার দৃশ্য ধারণ করার মধ্য দিয়ে ‘ইটস ম্যাজিক’ নাটকের শুটিং শুরু হচ্ছে। টানা চার দিন শুটিং চলবে ঢাকার বিভিন্ন লোকেশনে।এ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, তৃপ্তি রায়, এনায়েত, শিশুশিল্পী অনিন্দ্য প্রমুখ। ‘ইটস ম্যাজিক’ নাটকটি রচনা করেছেন জাকারিয়া শৌখিন।