উড়াল দিলেন ফেরদৌস-মৌসুমী-সানি

কানাডা ও যুক্তরাষ্ট্রে স্টেজ শোতে অংশ নিতে ঢাকা ছাড়লেন ফেরদৌস ও তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। আজ বৃহস্পতিবার ভোরের বিমানে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন তাঁরা। কানাডার শো শেষে তাঁরা ছুটবেন যুক্তরাষ্ট্রে। দিন দশেকের এই সফরে তাঁরা সেখানকার প্রবাসী বাঙালিদের আয়োজনে কয়েকটি শোতে পারফর্ম করবেন।
যাওয়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপে ফেরদৌস বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই কানাডায় ও যুক্তরাষ্ট্রে শো করতে যাওয়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। দেশের বাইরে শো করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। শেষ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে হওয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দারুণ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারব।’
মৌসুমী বলেন, ‘প্রবাসী বাঙালিরা দেশের বাইরের শোগুলো আয়োজন করে থাকেন। এ ধরনের অনুষ্ঠানে গেলে অন্য রকম একটা আনন্দ হয়। যখন যে দেশে যাই, সেখানকার প্রবাসী বাঙালির সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা হয়। তাঁদের সুখ-দুঃখ জানা যায়। দেশের বাইরে প্রবাসীরাও আমাদের পেয়ে বেশ খুশি হন। তাঁদের সঙ্গে কাটানো সময়গুলো আমাদের আনন্দিত করে। আরেকটা কথা, প্রবাসীদের এসব অনুষ্ঠানে অন্য রকম এক বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। মনটা তখন গর্বে ভরে যায়।’
বিদেশের সফর শেষে দেশে ফিরে এসে ফেরদৌস, মৌসুমী ও ওমর সানি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানান।