ঊনসত্তরের শহীদ স্মরণ
‘গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের/ জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট/ উড়ছে হাওয়ায় নীলিমায়।’ কবি শামসুর রাহমানের ‘আসাদের শার্ট’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গতকাল সোমবার শুরু হয়েছিল ঊনসত্তরের গণ-অভ্যুথানে শহীদদের স্মরণে অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘর বিকেলে ‘শ্রদ্ধাঞ্জলি’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে তাদের নিজস্ব প্রাঙ্গণে। কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক বলেন, ‘যেসব ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, ঊনসত্তরের গণ-অভ্যুথান তার অন্যতম। তাই আজকের এই অনুষ্ঠানের পরিসর ছোট হলেও এর গভীরতা অনেক।’মুক্তিযুদ্ধ জাদুঘরে ঊনসত্তরের গণ-অভ্যুথানে শহীদ রুস্তমের রক্তভেজা শার্ট প্রদানকারী সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল খালেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আবদুল আহাদ। এরপর আলোচনায় অংশ নেন শহীদ মতিউরের পিতা আজহার আলী মল্লিক ও শহীদ আসাদের ভাই অধ্যাপক এইচ এম মনিরুজ্জামান। তাঁরা তাঁদের বক্তব্যে শহীদ মতিউর ও শহীদ আসাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং ঊনসত্তরের পটভূমি তুলে ধরেন।দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজ শিল্পীগোষ্ঠী ‘আসাদ, জোহা আর শত শহীদের’, ‘মানব না বন্ধনে মানব না শৃংখলে’ প্রভৃতি গান পরিবেশন করে। ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘আমরা মানুষের জয়গান গাই’ প্রভৃতি গান গেয়ে শোনায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। বৃন্দ আবৃত্তি ‘মেঘ জমেছে আকাশ জুড়ে’ এবং ‘আর কত রক্তের দরকার হবে’ পরিবেশন করে যথাক্রমে ঢাকা স্বরকল্পন ও সংবৃতা।‘পুদুচেরি ব্লু’গতকাল সোমবার বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে দক্ষিণ এশীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী ‘পুদুচেরি ব্লু’। বিকেলে উদ্বোধনের পরই শিল্পানুরাগীরা ভিড় করেছিল সেখানে।ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ গত বছরের মার্চে দক্ষিণ এশিয়ার নয়টি দেশের শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প ‘পুদুচেরি ব্লু’ আয়োজন করে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘পণ্ডিচেরি ডিউন রিসোর্ট’-এর স্বপ্নপুরীতে প্রায় সাত দিন ডুবে ছিলেন শিল্পীরা। সেই ক্যাম্পে আঁকা ছবিগুলো নিয়ে এই প্রদর্শনী। বেঙ্গল শিল্পালয় এবং ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার। সম্মানিত অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী ও ভারতের শিল্পী অমিতাভ দাস। প্রদর্শনীতে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার ও ভারতের মোট ৩২ জন শিল্পীর নানা মাধ্যমের কাজ রয়েছে। সেসব ছবিতে উঠে এসেছে বিভিন্ন দেশের প্রকৃতি, মানুষ, সময়; কারও ছবিতে তাঁর নিজ দেশের ঐতিহ্য ও ধর্মীয় অনুষঙ্গ। প্রদর্শনী আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত্ত খোলা থাকবে।জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসবকেউ কেউ আসছে অভিভাবকের সঙ্গে, কেউ আবার স্কুল থেকে দল বেঁধে। পছন্দের ছবি দেখছে, গল্পে-উল্লাসে মেতে উঠেছে। শুধু তা-ই নয়, দেশ-বিদেশের ছবি দেখছে, সন্ধ্যায় প্রিয় ব্যক্তিদের সঙ্গে আড্ডা দিচ্ছে।গতকাল উৎসবের তৃতীয় দিনে দিনব্যাপী ছবি দেখার জন্য নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছে। যেসব স্কুলের পরিবহনসুবিধা নেই, সেসব স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজকদের তরফে ব্যবস্থা করা হয়েছে বিশেষ পরিবহনসুবিধার। সার্বক্ষণিক রয়েছে চারটি দ্বিতল বাস। সকালে প্রয়াত চলচ্চিত্রকার বাদল রহমানের স্মৃতির উদ্দেশে দেখানো হয় তাঁর পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী। দুপুর দুইটায় ইরানের পরিচালক জাফর পানাহির প্রতি সংহতি প্রকাশ করে প্রদর্শিত হয় তাঁর নির্মিত ছবি হোয়াইট বেলুন। সন্ধ্যায় শিশুদের সঙ্গে আড্ডা দেন লে. জে. (অব.) হারুন-উর-রশীদ।বগুড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিভা অন্বেষণগতকাল সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার আয়োজনে সরকারি আযিযুল হক কলেজে ‘প্রতিভা অন্বেষণ’ কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রের বগুড়া শাখার মানসিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় স্কুল শিক্ষার্থীদের মাঝে বই পড়া প্রতিযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ কার্যক্রম। সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ৭৪ জন শিক্ষার্থীকে বই পুরস্কার দেওয়া হয়।