ঊর্মিলার গল্প
ঊর্মিলা তাঁর ডাকনাম। ভালো নাম শ্রাবন্তী কর। জন্ম ১ শ্রাবণ। তাই ঠাকুরমা ও বাবা মাসের সঙ্গে মিল রেখে নাম দিলেন শ্রাবন্তী। আর মেয়েটিরও শ্রাবণের অঝরধারার বৃষ্টির সঙ্গে সখ্য হতে সময় লাগেনি। সমুদ্র ও পাহাড়ের কোলঘেঁষা চট্টগ্রাম সেনানিবাসে যে মেয়েটির জন্ম হলো, সেই মেয়ে কী সবুজ পাহাড় ও সমুদ্রের নীল ঊর্মিমালাকে ভুলতে পারে? সময় বয়ে যায়, বয়স বাড়ে। অরণ্যঘেরা পাহাড় মেয়েটিকে আচ্ছন্ন করে রাখে সব সময়। আবার দিগন্তছোঁয়া সমুদ্রের নীল জলরাশির বিশালতায়ও আটকে যায় চোখ! তাই এখনো অবসর পেলেই হরেক রঙে আঁকা পাহাড় ও সমুদ্রে ছুটে যান তিনি।উত্তরায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইডিয়টস নাটকের সেটে বসে ঊর্মিলা তাঁর বেড়ে ওঠার দিন আর ভালো লাগার মুহূর্তগুলোর স্মৃতি রোমন্থন করছিলেন।চট্টগ্রামে বেড়ে ওঠা ঊর্মিলার ক্যামেরার সামনে এখন তুমুল ব্যস্ততা। তাই আমাদেরও প্রশ্ন, ক্যামেরার সামনে ঊর্মিলার আবির্ভাব কীভাবে? তিনি বলেন, তাহলে এখন যেতে হবে চট্টগ্রাম পাবলিক ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসে। ওখান থেকেই স্বপ্ন বোনা শুরু।কলেজ ক্যাম্পাসে ঊর্মিলা সবার কাছে ছিলেন একনামে চেনা। নাচ, গান, বির্তক, ছবি আঁকা থেকে শুরু করে বাস্কেটবল, হ্যান্ডবল—কোথায় নেই তিনি! সেই ধারাবাহিকতায় ২০০৫ সালে জাতীয় পর্যায়ে গানে স্বর্ণপদকও জুটে গেল তাঁর কপালে। ঊর্মিলা বলেন, ‘আমাদের পুরো পরিবারটিই সংস্কৃতিমনা। মা-বাবা চাইতেন, আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজ করি। পর্দায় মৌ, তারিনদের দেখে দেখে আমিও চাইতাম, মিডিয়াতে কিছু করব। সবাই আমাকে চিনবে।’একসময় সবাই চিনেও গেল ঊর্মিলাকে। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশের পঞ্চম স্থান দখল করেন। চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়ায় তাঁর মনে তখন কষ্টের দাগ। তবে বিচারক আফসানা মিমির মন্তব্য শুনে বিস্ময় আর উত্তেজনা নিয়ে মঞ্চ থেকে হাসিমুখে ফিরেছিলেন সেদিন। ‘সেরা তিন থেকে বাদ পড়ার ঘোষণা আসার পর আফসানা মিমি নিজেই উঠে এসে আমাকে সান্ত্বনা দিলেন। বললেন, “তুমি নাটকে কাজ করো, ভালো করবে।”’ বললেন ঊর্মিলা।মিমির আশীর্বাদকে মাথায় নিয়ে মিডিয়ার ঝলমলে ভুবনে নতুন যাত্রা শুরু হলো ঊর্মিলার। তিনি বলেন, ‘তবে শুরুতে এখানে আমি অস্থির হয়ে কাজ করিনি।’ প্রশ্ন করি, কেন? সহজ উত্তর তাঁর, ‘দেখুন, মিডিয়াতে আমার প্রথম পছন্দ অভিনয়। কিন্তু অভিনয়টা অনেক কঠিন কাজ। তাই প্রথমে এক বছর ধরে বোঝার চেস্টা করেছি। এরপর ২০১০ সালে এসে তাহের শিপনের নির্দেশনায় জটিল প্রেম নামের একটি নাটকে প্রথম অভিনয় করি। রায়হান খানের তুমি মোর ভুলিয়াছ ও মিমির গল্প নামের দুটি নাটকেও কাজ করি।’এই মিমির গল্প নাটকই তাঁকে অভিনয়ভুবনে নতুন করে পরিচয় করিয়ে দেয়। ঊর্মিলা বলেন, ‘নাটকটির গল্প ছিল একটু অন্য রকমের। প্রচারের পর খুবই সাড়া পেয়েছিলাম।’তারপর আর থামতে হয়নি। একটা-দুটো নয়, এখন ১১টি ধারাবাহিকে অভিনয় করছেন ঊর্মিলা। নূরজাহান, বোয়িং ৭৫৭, নাগরিক, ইডিয়টস, শূন্য সমীকরণ, অচেনা প্রতিবিম্ব ও অঘটনঘটনপটীয়সী ধারাবাহিকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ ছাড়া প্রচারের অপেক্ষায় আছে আরও অনেক নাটক।এত এত ধারাবাহিকে অভিনয়, সময় হয় কীভাবে? প্রশ্ন শুনে গম্ভীর থেকে আচমকা হেসে ওঠেন ঊর্মিলা। তারপর নিজেকে সামলে নিয়ে ধীরে-সুস্থে বলেন, ‘একটু কষ্ট হয় বৈকি। তবে অভিনয় শেখার ব্যাপারে আমার আগ্রহ একটু বেশি। তাই বেশি বেশি কাজের মধ্য দিয়ে অভিনয়টা শিখতে চাইছি।’ঊর্মিলার সঙ্গে আড্ডায় তাঁর নাটকে অভিনয়, চরিত্র—এসব নিয়ে যখন তর্কযুদ্ধের মধ্যে আছি, তখন ঢুঁ মেরে যায় ঊর্মিলার বিজ্ঞাপন ও মডেলিংয়ের গল্প। গত দুই বছরে মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজার মতো নামডাকওয়ালা নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। ঊর্মিলা জানান, সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।মিডিয়ায় তারকাদের শেষ চাওয়া থাকে চলচ্চিত্রে অভিনয়। প্রসঙ্গটি পাড়তেই বলেন, ‘সুস্থ ধারার ছবিতে অভিনয় করতে চাই।’ ‘করতে চাই’ বললেও এর মধ্যেই চলচ্চিত্রের দুনিয়ায় পা রেখেছেন তিনি। অভিনয় করছেন অনিকেত আলামের শেষ নায়ক চলচ্চিত্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে তৃতীয় বর্ষের চূড়ান্ত পর্বের ছাত্রী এই অভিনয়শিল্পী সব শেষে বলেন, ‘ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি কিন্তু একজন ভালো মানুষও হতে চাই।’