ঋতু সাত্তার ৫ প্রশ্ন
ঋতু সাত্তার। প্রাচ্যনাটের নিয়মিত কর্মী। দলের চলতি সব কয়টা প্রযোজনাতেই তিনি কাজ করছেন। দলের বাইরেও রিপার্টরি থিয়েটারে তাঁকে কাজ করতে দেখা যায়। প্রাচ্যনাটের সব শেষ প্রযোজনা মায়ের মুখ নাটকেও তিনি অভিনয় করেছেন। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সম্প্রতি মঞ্চে এসেছে ‘মায়ের মুখ’ নাটকটি। নাটকটিতে আপনি একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি করার আগের অভিজ্ঞতা সম্পর্কে বলুন।আমি এ পর্যন্ত মঞ্চে টানা প্রায় ১৩টি নাটকে অভিনয় করেছি। সব নাটকে আমার চরিত্রের ভিন্নতা আছে। তবে মায়ের মুখ নাটকটির চরিত্র একবারেই ভিন্ন। পরিপূর্ণ একজন বৃদ্ধা চরিত্রে আমি কাজ করেছি। মঞ্চে চরিত্রটি ফুটিয়ে তোলাও কম কষ্টকর ছিল না। সত্যি কথা বলতে কী, চরিত্রটি তুলে আনার পেছনে আমার দাদি, নানিকেও অনুসরণ করেছি। বৃদ্ধ হয়ে গেলে মানুষ যে একা হয়ে যায়, তা এ চরিত্রটিতে দেখানো হয়েছে। বৃদ্ধ মানুষ শেষ বয়সে ছেলেমেয়েদের সঙ্গ চায়। আমি বাস্তবে দেখেছি আমি যখন নানিবাড়িতে যেতাম, নানি আমাকে জড়িয়ে ধরে কাছে টেনে নিতেন। তাঁর একাকিত্বের অনুভবটা আমি বুঝতে পারতাম। আমরা সবাই হইচই করে ঘুরে বেড়াতাম আর নানিকে একা একা ঘরে বসে থাকতে দেখতাম। এসব বিষয় মাথায় নিয়েই আমি চরিত্রটি করেছি। চরিত্রটিতে দর্শকের সাড়া কেমন?আমরা নাটকটির দুটি কারিগরি মঞ্চায়ন, একটি প্রিমিয়ার শো এবং দর্শকের জন্য গত মাসে মাত্র একটা প্রদর্শনী করেছি। ৮ অক্টোবর ছিল প্রদর্শনীটি। ওই দিন নাটক শেষে তারিক আনাম খান, ইসরাফিল শাহিন, ত্রপা মজুমদার, আপন আহসানসহ অনেকেই গ্রিনরুমে এসে আমাকে প্রশংসা করে আশীর্বাদ করে গেছেন। আমি থিয়েটারের বড় বড় মানুষের প্রশংসা পেয়ে ধন্য হয়েছি। আরও এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি।আপনি দলের চলতি প্রায় পাঁচটি নাটকে নিয়মিতই অভিনয় করছেন। টেলিভিশনেও। দুই মাধ্যমেই নিয়মিত কাজের ক্ষেত্রে সময়টা কীভাবে বের করে নেন?প্রতি মাসে মঞ্চে তিন-চারটি প্রদর্শনী থাকে। এ জন্য আমাকে মহড়া থেকে শুরু করে প্রদর্শনীর দিন পর্যন্ত সময় দিতে হয়। এ সময়ের মধ্যে টেলিভিশন নাটকে শিডিউল থাকলে, নাটকের পরিচালকের সঙ্গে বিষয়টি আলাপ-আলোচনা করে নিয়ে কাজ করি। এ কারণে কোনো কোনো সময় টেলিভিশন নাটকের জন্য হয়তো দিনের একটা শিফট কাজ করে বাকি সময়টা থিয়েটারের জন্য দিই। সেই ক্ষেত্রে আমরা যারা নিয়মিত মঞ্চে কাজ করি, তাদের জন্য টেলিভিশনের পরিচালকেরা ইতিবাচকভাবেই আমাদের থিয়েটারের কাজের ক্ষেত্রে বিবেচনা করে কাজ করেন। তবে কোনো কোনো সময় একটু চাপ পড়ে। কোনো কোনো প্রদর্শনীর আগে মহড়াটা করা হয় না। মোটকথা, টেলিভিশনের কাজ করতে গিয়ে থিয়েটারের কাজে তেমন একটা ঝামেলা হয় না।অভিনয়ের ক্ষেত্রে আপনার কোনটি বেশি পছন্দ—টেলিভিশনে নাকি মঞ্চে?এভাবে আলাদা করে পছন্দের কথা বলা যাবে না। সে ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধের কথা বলা যায়। আমি দীর্ঘদিন ধরে থিয়েটারে কাজ করছি, সেখানকার টান অন্য রকমের। টানটা একটু বেশিই। তবে ক্যামেরার সামনের কাজেও অনুভূতি অন্য রকমের। এখানে অভিনয়টা আমি শিখছি। ফলে এখনকার কাজের ক্ষেত্রে আমার মধ্যে একটা অন্য রকমের উন্মাদনা কাজ করে। তাই দুই মাধ্যমে কাজের ক্ষেত্রে কোনটি প্রথম বা কোনটি দ্বিতীয়, তা বলা যাবে না। কিন্তু মঞ্চের অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রী টেলিভিশন কাজের কারণেই মঞ্চ ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে আপনি কী বলবেন?আমি মনে করি, দুই মাধ্যমেই অভিনয় এক ও অভিন্ন। আমরা যখন যে মাধ্যমে কাজ করছি, জান -প্রাণ দিয়েই করছি। কেউ মঞ্চে করছেন, কেউ করছেন না। এসব বিষয়ে আমার কোনো অভিযোগ বা অনুযোগ নেই। আর মঞ্চে করছে না—এ জন্য তো দোষের কিছু নেই। না পারলে তো আর কিছু করার নেই। মঞ্চে একজন অভিনেতা- অভিনেত্রী দর্শকের সামনে সরাসরি অভিনয় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, টেলিভিশনেও দর্শকের কথা মাথায় রেখেই তো অভিনয় করছেন। যাঁরা এখন মঞ্চে করছেন না, হতে পারে মঞ্চ থেকে তাঁরা যা চাচ্ছেন, তা পাচ্ছেন না। সবাই তো সবকিছু ছেড়ে কাজ করতে পারবেন না।