ঋতুপর্ণের জন্য অমিতাভের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। আরেকটি নতুন ছবিতেও কাজ করার কথা হয়েছিল দুজনের। কিন্তু এ নির্মাতার আকস্মিক প্রয়াণে আক্ষেপ করছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় অমিতাভ জানান, ‘দেশ একজন মহান শিল্পীকে হারাল। ঋতুপর্ণ ঘোষের প্রয়াণে আমি যে কতটা মর্মাহত হয়েছি, তা প্রকাশ করার মতো শব্দ আমার নেই।’ ভারতের খ্যাতিমান বাঙালি চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণের নতুন ছবিতে কাজ করার কথা ছিল অমিতাভের। তাঁর সেই স্বপ্নের ইতি ঘটল ঋতুপর্ণের অকালপ্রয়াণে। অমিতাভ বলেন, ‘মাত্র কয়েক দিন আগেই ফোনে আমাদের কথা হয়েছিল। আমরা দুজন মিলে নতুন একটি ছবি তৈরি করতে চেয়েছিলাম।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। ঋতুপর্ণ ঘোষ মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত ৩০ মে বৃহস্পতিবার। ওই দিন সকাল সাতটায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন প্যানক্রিয়াটাইটিস রোগে। ঋতুপর্ণ ঘোষের জন্ম ১৯৬৩ সালের ৩১ আগস্ট, কলকাতায়। কলকাতাতেই বেড়ে ওঠা আর পড়াশোনা। ১৯৯২ সালে ‘হীরের আংটি’ ছবিটি নির্মাণের মাধ্যমে তাঁর যাত্রা শুরু। ১৯৯৫ সালে ‘উনিশে এপ্রিল’ চলচ্চিত্রের জন্য প্রথম জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ। জীবদ্দশায় ঋতুপর্ণ ১৯টি চলচ্চিত্র নির্মাণ করেন এবং ১২টি জাতীয় পুরস্কার পান। ঋতুপর্ণ পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দহন’, ‘উত্সব’, ‘চোখের বালি’, ‘আবহমান’, ‘নৌকাডুবি’ প্রভৃতি।