ঋতুপর্ণের বাংলা ছবিতে বিদ্যা বালান!
বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি বাংলা ভাষার চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছার কথা জানিয়েছেন। কলকাতার চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণ ঘোষের নতুন চলচ্চিত্রে বিদ্যা বালানকে দেখা যেতে পারে। খবর মিড-ডে ডটকমের।প্রায় এক দশক আগে গৌতম হালদারের বাংলা চলচ্চিত্র ‘ভালো থেকো’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের আঙিনায় পা রেখেছিলেন ‘ডার্টি পিকচার’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। এর আগে বিভিন্ন সময়ে বিদ্যা বলে এসেছেন যে আগের জন্মে তিনি বাঙালি ছিলেন আর কলকাতাতেই ছিল তাঁর বাড়ি। তাই বাংলা চলচ্চিত্রের প্রতি তাঁর একটি সহজাত টান রয়েছে। সে কারণে সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রেই অভিনয় করতে চান তিনি।সম্প্রতি এক সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ঋতুপর্ণ ঘোষ বিদ্যাকে নিয়ে নতুন বাংলা চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন। যদিও বিদ্যার সঙ্গে বিষয়টি নিয়ে এখনো তাঁর কথা চূড়ান্ত হয়নি। হিন্দি ছবিতে বিদ্যার সাম্প্রতিক ব্যস্ততার কারণে সবকিছু প্রাথমিক অবস্থাতেই রয়েছে। বিদ্যাকে নতুন চলচ্চিত্রে নিতে ঋতুপর্ণ ঘোষ আগ্রহী।এ প্রসঙ্গে ঋতুপর্ণ ঘোষ বলেছেন, ‘এখন বাংলা ছবিতে অভিনয় করলে বিদ্যার অভিনয় ক্ষমতার প্রতি সুবিচার করা হবে।’এর আগে ঋতুপর্ণ ঘোষ বিদ্যাকে নিয়ে হিন্দি চলচ্চিত্র তৈরির আগ্রহ প্রকাশ করলেও তাতে সাড়া দেননি বিদ্যা বালান; বরং ওই সময় তিনি বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন।বিদ্যা বালান বাংলা চলচ্চিত্রের প্রতি বরাবরই আগ্রহী ছিলেন। তাঁর প্রথম হিন্দি চলচ্চিত্র পরিণীতাতেও অনেক বাংলা ভাষার ব্যবহার রয়েছে। ভালো বাংলা বলতে পারেন বিদ্যা। এমনকি তাঁর সাম্প্রতিক ছবি ‘কাহানি’তেও কলকাতার পরিবেশ ফুটে উঠেছে। এদিকে ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রেও বলিউডের তারকাদের নিয়ে বাংলা চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। তাঁর চলচ্চিত্রে বিপাশা বসু, রিয়া ও রাইমা সেন, অভিষেক বচ্চন, সোহা আলী খান অভিনয় করেছেন।