ঋতুপর্ণের 'সানগ্লাস' কলকাতা উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি দিয়ে শুরু হচ্ছে ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের অন্যতম কর্মকর্তা শিবাজী পাঁজা বলেন, ‘ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস ছবির হিন্দি ভার্সনটি এবার দেখাব আমরা। এই ছবি দিয়েই শুরু হবে উৎসব। হিন্দি ভার্সনটির নাম তাক-ঝাক। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ঋতুপর্ণকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে যে চলচ্চিত্রগুলো দেখানো হবে, তার অংশ হিসেবে থাকবে বাংলা ছবিটি।’
আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শাহরুখ খান। সানগ্লাস ছবিতে অভিনয় করেছেন জয়া। উৎসব উপলক্ষে কলকাতায় আরও আসছেন অভিনেতা কমল হাসান, পরিচালক আদুর গোপালকৃষ্ণন।
উৎসবের থালি থাকবে কার হাতে তা এখনো চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, শুভশ্রী কিংবা রাইমা সেনের হাতে থাকবে এই থালি।
উৎসবে এ বছর যুক্ত হয়েছে ‘সত্যজিৎ স্মারক বক্তৃতা’। এবারের বক্তা শর্মিলা ঠাকুর।
যেসব বাঙালি বলিউডে নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন, উৎসবে থাকছেন তাঁরাও। তাঁদের মধ্যে আছেন রানী মুখার্জি, সুস্মিতা সেন, দিবাকর বন্দ্যোপাধ্যায়, সুজিত সরকার প্রমুখ।