ঋতুভিত্তিক উচ্চাঙ্গসংগীতের আসর
সারা দিন মেঘ-রোদের লুকোচুরি ছিল। কিন্তু নিয়ম করে বৃষ্টি নামেনি। গরমে নগরবাসীর মাঝে কিছুটা অস্বস্তিও ছিল। সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট ভবন মিলনায়তন প্রকৃতির বৈচিত্র্যে মেঘ-বৃষ্টি-বাদলে মল্হার অঙ্গের রাগ নিয়ে সেজে ওঠে। নানা রাগের মনোহরী সুরে দর্শকের মাঝে স্বস্তি এসেছিল। ঋতুকালীন রাগগুলোর এককালীন পরিবেশনা আমাদের দেশে হয় না বললেই চলে। এই অভাব পূরণের প্রত্যয়ে শুক্রবার সন্ধ্যায় প্রথমবারের মতো ঋতুভিত্তিক উচ্চাঙ্গসংগীতের আয়োজন করে বাংলাদেশ উচ্চাঙ্গসংগীত শিল্পী পরিষদ। ছায়ানট মিলনায়তনে দুই দিনের এই মল্হার উৎসব আয়োজনের শুরুতেই গতকাল শিল্পী রেজোয়ান আলীর পরিচালনায় ছিল সম্মেলক পরিবেশনা। শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন রাগ ‘মেঘ মল্হার’। এরপর শিল্পী আলাউদ্দিন মিয়া বেহালায় রাগ ‘মেঘ’, চন্দনা দেবী হাজং কণ্ঠে রাগ ‘মিয়া মল্হার’, কামাল জহির শামিম সরোদ রাগ ‘দেশ মল্হার’, ফকির শহীদুল ইসলাম কণ্ঠে রাগ ‘গৌড় মল্হার’, রেজোয়ান আলী কণ্ঠে রাগ ‘জয়ন্ত মল্হার’ ও হারুন অর রশীদ কণ্ঠে রাগ ‘কাজরী’ পরিবেশন করেন।