
৩০ মে ছিল ভারতের অসামান্য পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রথম মৃত্যুবার্ষিকী। আজ ঋতুকে স্মরণ করতে বসে এত কথা হুড়মুড় করে চিন্তার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে যে কোন কথাটা প্রথমে বলব, কোথা থেকে শুরু করব, খেই পাচ্ছি না।
সালটা ১৯৯২ হবে। এক সন্ধ্যাবেলা আমাদের এক প্রোডাকশন সহকারী বন্ধু আমাকে নিয়ে গেল ঋতুপর্ণর সঙ্গে আলাপ করাতে। খুব অমায়িক, ভদ্র, বন্ধুবৎসল একজন মানুষের সঙ্গে আলাপ হলো। প্রথম দিন থেকেই কাছের মানুষ হয়ে গেলাম ওর।
শুরু হলো ইতিহাস সৃষ্টিকারী ছবি উনিশে এপ্রিল-এর কাজ, শুরু হলো ঋতুর সঙ্গে পথচলা৷ সে এক অনন্য অভিজ্ঞতার সফর। সেই প্রথম আলাপের সন্ধ্যার পর ২২টি বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় ওর সহকারী হয়ে, ওকে অনুসরণ করে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি তাকে পেয়েছি পরম বন্ধু হিসেবে, শিক্ষক হিসেবে। ঋতুর সঙ্গে কাজ করতে করতে কত কিছু যে নতুন করে শিখেছি, জেনেছি, তার শেষ নেই।
ঋতুর প্রায় সব ছবিতেই যখন চিত্রনাট্য লেখা শুরু হতো, ডাক পড়ত আমার। আমি ওর প্রায় সব ছবির চিত্রনাট্য লেখার সািথ ছিলাম। ওর লেখার পদ্ধতিটা ছিল অদ্ভুত। সে ঘরের মধ্যে পায়চাির করতে করতে বলে যেত, আর আমি লিখে যেতাম। লিখতে লিখতে আমার কোনো কিছু প্রস্তাব থাকলে তাকে বলতাম, কখনো কখনো পছন্দ হলে সেটা রাখত। তার অনেক চিত্রনাট্যে আমার সামান্য ছোঁয়া থেকে গেছে, এতে আমি গর্বিত।
কত দিন কোনো লেখা লিখতে বসে আটকে গেলে ওকে ফোন করে বা মেসেজ করে জেনে নিয়েছি, অমুক বানানটা কী হবে। এখনো আটকে গেলে অভ্যাসবশত ফোনে হাত চলে যায়, মনে পড়ে, ওপারের মানুষিট তো নেই।
এই ওপারের মানুষিটর না থাকাটা যে কতখানি আমার জীবনে প্রভাব ফেলেছে, তা বলে বোঝাতে পারব না। প্রথম ধাক্কাই হলো, আমার প্রতিটি কবিতার প্রথম পাঠক ছিল ঋতু। ও ঠিক করে দিত আমার বানান, শব্দ বন্ধের বাঁধুিন বা জিজ্ঞেস করত, এই শব্দটা কেন ব্যবহার করেছিস, এটাই চাস ইত্যাদি। এটা আর কেউ করবে না আমার জন্য।
একবার সব চরিত্র কাল্পনিক ছবির শুটিংয়ে ও যেমন চেয়েছিল, তেমন একটি স্কুলব্যাগ পায়নি বলে শুটিং বন্ধ করে দিয়ে বাড়ি চলে গিয়েছিল। পরদিন সেই ব্যাগ এলে ও সেই শট নেয়। এটাই তার শিক্ষা, ধর্ম, গুণ। এই যে এমন একজন গুণী পারফেক্টশনিস্টের সঙ্গে কাজ করার আনন্দ, তা বোধ হয় আর পাব না।
এই সব চরিত্র কাল্পনিক ছবির শুটিং চলাকালীন একদিন আমার জন্মদিন ছিল। আমাকে জানতে না দিয়ে ঋতু সেদিন বিশাল আয়োজন করে আমার জন্মদিন পালন করেছিল। শুটিং থামিয়ে কেক কাটা থেকে শুরু করে হইচই সব। সেটি আমার একটি বিশেষ জন্মদিন বলে চিহ্নিত হয়ে রয়েছে।
১৯৯৮ সালে হঠাৎই আমার জীবনে আকস্মিক বজ্রপাত হয়। আমার স্ত্রী দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যায়। আমার দুটি মেয়ে তখন সবে দশ আর সাড়ে চার। আমি দিশেহারা হয়ে যাই। সেই সময় মনে আছে একটি বিকেলের কথা। ঋতুর বসার ঘরে আমরা দুজন দুটি সোফায় বসে আছি। আর সে আমায় বুঝিয়ে যাচ্ছে, কীভাবে একািকত্বকে জয় করতে হয়, কীভাবে সে তা করেছে। সেদিন আমার কাছে ‘একলা’ ঋতুর প্রকাশ ঘটেছিল। বুঝেছিলাম তার একািকত্বের কাছে আমার একািকত্ব সিকি ভাগও না।
এমন বন্ধুকে হারানো সত্যিই জীবনে অপূরণীয় ক্ষতি। ঋতুর প্রথম ছবিতে কাজ করার সুযোগ আমার হয়নি। কিন্তু শেষ ছবি অবধি সঙ্গে থাকতে পেরেছি, এটাই আমার অনেক পাওয়া। ওর শেষ পরিচালিত ছবি সত্যান্বেষী। সেই ছবির শেষ দিনের শুটিং ছিল কলকাতা থেকে অনেক দূরে ধান্যকুড়িয়া রাজবাড়িতে।
সেদিন ওর শরীরটা ভালো ছিল না। মেকআপ ভ্যানে শুয়েছিল। শট প্রস্তুত করে ওকে ডাকা হলো। ওর মুখটা দেখে আমি চমকে উঠেছিলাম। এত অস্বাভাবিক লাগছিল। সেদিন আমার সহকর্মী বন্ধুকে বলেছিলাম, ওর মুখটা দেখে আমার ভালো লাগছে না।
শট শেষ হতে আমি প্রতিবার যে মজাটা করি, ওর সামনে গিয়ে তাই করলাম, বললাম, আর একখান ছবি শেষ হইয়া গেল। ও মুচকি হাসল। মনে হলো, ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে। তারপর ধীরপায়ে ওর গাড়ির দিকে এগিয়ে গেল। ওই চলে যাওয়াটাই আমার স্মৃতিতে ভীষণভাবে গেঁথে আছে। তখন বুঝিনি, ওই তাকে শেষ দেখলাম।
রানা পাল: ঋতুপর্ণ ঘোষের প্রায় সব ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কবি, লেখক।