ঋতুর 'পাথর পাখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋতু সাত্তার
ঋতু সাত্তার

আজ সন্ধ্যা ছয়টায় দৃক গ্যালারিতে থাকবে ঋতু সাত্তারের পরিবেশনা ‘এ বার্ড অব স্টোন’। গাজা, পূর্ব তিমুর, ভিয়েতনাম, বাংলাদেশ, জার্মানি, দক্ষিণ আফ্রিকাসহ গণহত্যার শিকার দেশগুলোর সমর্থনেই হবে এই পরিবেশনা। এ জন্য ঋতু বেছে নিয়েছেন এক অভিনব পথ। দুপুর ১২টায় তিনি পায়ে পাথর বেঁধে গুলশানের আমেরিকান দূতাবাসের সামনে থেকে যাত্রা শুরু করবেন। গুলশান ২, গুলশান ১, হাতিরঝিল, তেজগাঁও, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি ২৭ নম্বর হয়ে তিনি দৃক গ্যালারিতে পৌঁছাবেন। পথে পথচারীদের সঙ্গেও থাকবে তাঁর কথোপকথন, পথের ধারের গাছ ও বাড়ির গ্রিলগুলোতে তিনি বেঁধে দেবেন একটি সাদা পালক আর একটি পাথর।

পরিবেশনার সময় তিনি কাছের মানুষদের বলবেন সবচেয়ে পছন্দের জিনিসটি দিতে। এরপর পছন্দের জিনিসগুলো আগুনে পোড়াবেন এবং সেই কাছের মানুষেরা তাঁদের সবচেয়ে প্রিয় অথবা স্মরণীয় জিনিসগুলো গণহত্যার বিরুদ্ধে উৎসর্গ করবেন।  

দৃক গ্যালারিতে এখন চলছে গাজা নিয়ে চিত্র প্রদর্শনী। বিশিষ্ট শিল্পী ও আলোকচিত্রীরা তাঁদের শিল্পকর্ম দিয়ে এই প্রদর্শনীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এই চিত্রকর্ম ও ছবি বিক্রির টাকা তুলে দেওয়া হবে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের হাতে।