ঋতুরাজকে নিয়ে গীত-ছন্দের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুরাজকে নিয়ে গীত-ছন্দে বসন্ত-উৎসবের আয়োজন করেছে ছায়ানট। ১৭ ফাল্গুন শনিবার এই উৎসব হবে ছায়ানট মিলনায়তনে। শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বসন্ত উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ছায়ানট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উৎসবের কার্যক্রম তুলে ধরেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও নির্বাহী কর্মকর্তা সিদ্দিক বেলাল। তাঁরা জানান, এবারের আয়োজন সাজানো হয়েছে বসন্তের বাহার ছড়ানো রাগের শুদ্ধ সংগীত এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বসন্তের গান দিয়ে। আরও থাকবে বর্ণিল প্রকৃতি, দখিন হাওয়া, কোকিলের কলগীতির নির্যাসের সঙ্গে ছন্দবদ্ধ নৃত্য আর পাঠ। এই আয়োজনের সহযোগী গ্রামীণফোন।
আপন সংস্কৃতিচর্চা ও নিজ কৃষ্টি নিয়ে চলার অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬১ সালে পথচলা শুরু করে ছায়ানট। অন্যতম ব্রত ছিল বাঙালির মনে বাংলার সব রূপ ফুটিয়ে তোলা আর জাগিয়ে রাখা। প্রতিষ্ঠার পর থেকেই ঋতুভিত্তিক উৎসবগুলো পালন করে এসেছে ছায়ানট। পয়লা বৈশাখের পাশাপাশি বসন্ত, শরৎ ও বর্ষা নিয়ে ঋতুভিত্তিক উৎসবগুলোও জননন্দিত হয়ে উঠেছে।