কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর ৯০তম জন্ম ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভ’। জাতীয় জাদুঘরে ছয় দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে ১২ ফেব্রুয়ারি। যৌথভাবে এ আয়োজন করেছে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। এ উপলক্ষে গত শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী। তিনি জানান, ছয় দিনব্যাপী অনুষ্ঠানে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র। এ ছাড়া থাকবে ঋত্বিকের মেয়ে সংহিতা ঘটক নির্মিত নব নাগরিক ও অনুপ সিং নির্মিত একটি নদীর নাম নামে দুটি প্রামাণ্যচিত্র। থাকছে কমলেশ্বর মুখার্জি নির্মিত কাহিনিচিত্র মেঘে ঢাকা তারা। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে। রেট্রোস্পেকটিভের সব প্রদর্শনী ও বক্তৃতা মিলনায়তনের আসন খালি থাকা সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও ঋত্বিক ঘটকের কন্যা সংহিতা ঘটক।
ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাঙালির আত্মপরিচয় ও ঋত্বিক কুমার ঘটক’ শীর্ষক বক্তৃতা দেবেন। এ ছাড়া ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ব্রিটিশ কাউন্সিলে ‘পাঠ প্রকল্প : ঋত্বিক ঘটকের চলচ্চিত্র’ শীর্ষক একটি ওয়ার্কশপ পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।