ঋত্বিকের কাছে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই মাকড়া, এই ছোঁড়া এদিকে আয়—এই সব বলেই তিনি আমাকে ডাকতেন। কখনোই আমার নাম ধরে ডাকতেন না। বলতেন, এডিটিংয়ের সময় তুই আসিস। তোর সঙ্গে আমার কথা আছে। আমি গিয়ে দাঁড়িয়ে থাকি। তিনি কিছুই বলেন না। কাজের ভেতরেই ডুবে থাকেন। মুখ তুলেন না। ঋত্বিকদা চলে গেলেন। তাঁর না-বলা কথাটা আমার আর শোনা হয়নি।’—কিংবদন্তির চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৮৬তম জন্মবার্ষিকীতে এভাবেই স্মৃতিচারণা করছিলেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। তিনি ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। ৪ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ঋত্বিক আলোচনা, সম্মাননা ও সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সংবর্ধিত হলেন ঋত্বিকের সেই বোন—প্রতীতি দেবী, যিনি একই মাতৃ জঠর ভাগাভাগি করে ঋত্বিকের সঙ্গেই জন্মগ্রহণ করেছিলেন। তিন দিনের আলোচনায় আর স্মৃতিচারণায় সবার প্রাণের মধ্যে ঋত্বিক ঘটক যেন নতুন করে জেগে উঠলেন। তিতাস একটি নদীর নাম ছবিটির প্রযোজক হাবিবুর রহমান খান এক বছর ধরে ঋত্বিক ঘটকের পেছনে লেগে থেকে কীভাবে চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন সেই গল্প আরেকটি চলচ্চিত্রের গল্পের মতোই শোনাল। তিন দিন ধরে অনুষ্ঠানের ভেতর-বাইরে আলোচনায় ঋত্বিক ঘটকের ঋণ পরিশোধের কথাই ঘুরে-ফিরে সবার কথায় উঠে আসছিল। কারণ, রাজশাহী নগরের মিঞাপাড়া এলাকার ঋত্বিকের পৈতৃক বাড়িটি এখন রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ। চলচ্চিত্র গবেষক ও প্রামাণ্যচিত্র নির্মাতা মনিস রফিকের কথায়, উপমহাদেশ যখন ঋত্বিক ঘটককে অন্যভাবে দেখছে, সারা পৃথিবী যখন তাঁকে নতুন করে আবিষ্কার করছে, তখন রাজশাহীর মাটির সন্তান ঋত্বিক বা তাঁর পরিবারের কারও নামে কলেজটির নামকরণ হোক, যেখানে থাকবে তাঁর স্মৃতির স্মারক বহন করে এমন একটি ভাস্কর্য । শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম হোক তাঁর নামে। গড়ে উঠুক একটি চলচ্চিত্রকেন্দ্র, যেখানে একটা মিলনায়তন থাকবে, পাঠাগার থাকবে, চলচ্চিত্র নিয়ে গবেষণা হবে, চলচ্চিত্রমোদীরা ওঠাবসা করবেন। এই আমাদের দাবি।