
কীভাবে নির্মিত হলো কিংবদন্তি চলচ্চিত্রস্রষ্টা ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর ঋত্বিক প্রথমে চেয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নিয়ে চলচ্চিত্র বানাতে। যমজ বোন প্রতীতি দেবী নিষেধ করেন, কারণ তখন রাজশাহী যাতায়াতে সমস্যা ছিল। ঢাকার ভিটেবাড়ি পাকিস্তানি সেনাবাহিনীর হামলার শিকার। তবু সেখানে অক্ষত ছিল অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। উপন্যাসটি পড়ে ঋত্বিক প্রতীতিকে বলেন তাঁকে কাগজ-কলম এনে দিতে। প্রতীতি তাঁকে দিলেন নিজের একটি শাড়ি। সেই শাড়ির ওপর তিতাস একটি নদীর নাম-এর প্রথম চিত্রনাট্য লেখার শুরু।
চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ গতকাল শুক্রবার সন্ধ্যায় বলছিলেন প্রতীতি দেবীর মুখে শোনা ঘটনাটি। চলচ্চিত্রমের আয়োজনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেখানো হবে তাঁর নির্মিত ও তাঁকে নিয়ে নির্মিত চলচ্চিত্র। ‘ঋত্বিক ঘটক রেট্রোস্পেকটিভ’ আয়োজনের উপলক্ষ তাঁর ৯০তম জন্মদিন ও ৪০তম মৃত্যুদিন পালন।
ঋত্বিকের ছবিগুলো প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে। এ ছাড়া আজ বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ‘বাঙালির আত্মপরিচয় ও ঋত্বিক কুমার ঘটক’ বিষয়ে দেবেন বিশেষ বক্তৃতা। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে রেট্রোস্পেকটিভের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্রমের নির্বাহী সভাপতি মোরশেদুল ইসলাম, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঋত্বিক ঘটকের কন্যা সংহিতা ঘটক। ঋত্বিক-কন্যা বলেন, ‘কয়েকটি ছবি নির্মাণ করেছিলেন তিনি, কিন্তু অনেকগুলোই বেঁচে থাকতে মুক্তি দিতে পারেননি। দেশভাগ কিছুতেই মানতে পারেননি। তাঁর মনটা ভেঙে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি চলে গিয়েছিলেন।’