ঋষিজ সম্মাননা পেলেন তিন গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋষিজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংবর্ধিত তিন গু​ণীজন ও অতিথিরা l ছবি: প্রথম আলো
ঋষিজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংবর্ধিত তিন গু​ণীজন ও অতিথিরা l ছবি: প্রথম আলো

‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’—চারণ কবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে ১৯৭৬ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। এ সংগঠনের দলীয় সংগীতের শেষ চারটি চরণ এমন, ‘তমসার ক্ষণে নেব ঋষিজের নাম/ উৎসব দিনে নেব ঋষিজের নাম/ উজ্জ্বল সূর্যের আলোকিত বন্যায়/ মুক্তির সুরে ঋষিজের গান’—ঋষিজের এই গানটির মতোই তাদের পথচলা। সাফল্যের স্মারক হিসেবে তিন গুণীকে সম্মান জানিয়ে, আনন্দ-উচ্ছ্বাসে রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল সংগঠনটি।
ঋষিজ সম্মাননা পাওয়া তিন গুণী হলেন শিক্ষা ও সাংবাদিকতায় অধ্যাপক সাখাওয়াত আলী খান, সংস্কৃতিতে সৈয়দ হাসান ইমাম ও সংগীতে ফাহমিদা খাতুন। গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যের নান্দনিকতায় সাজানো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত বরেণ্য গীতিকবি নয়ীম গহরকে। অনুষ্ঠানটি শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি ছিল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন ঋষিজের প্রতিষ্ঠাতা সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর। সংবর্ধনাপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন তিন গুণীজন। সম্মাননা স্মারক প্রদানের াশাপাশি তাঁদের পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।
রবীন্দ্রসংগীতশিল্পী রোকাইয়া হাসিনার একক পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি শোনান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ ও ‘দূরে কোথাও দূরে’। এরপর ছিল সম্মেলক সংগীত। ঋষিজের শিল্পীরা গেয়ে শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিবেশিত নয়ীম গহরের গান ‘নোঙর তোল তোল সময় যে হলো হলো’।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে গণসংগীত পরিবেশন করে উদীচী, ক্রান্তি, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি, আনন্দন ও ঋষিজ। ছিল বরেণ্য শিল্পীদের একক পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝর্ণা আলমগীর।