
তমসার ক্ষণে নেব ঋষিজের নাম/ উৎসব দিনে নেব ঋষিজের নাম/ উজ্জ্বল সূর্যের আলোকিত বন্যায়/ মুক্তির সুরে ঋষিজের গান—সাংস্কৃতিক সংগঠন ঋষিজের এই গানটির মতোই তাদের পথচলা। ১৯৭৬ সালে সংস্কৃতির পরিচর্যার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দলটি ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল।
অনুষ্ঠানে দেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত ও সম্মানিত করার অবদানের স্বীকৃতিস্বরূপ শামসুজ্জামান খানকে ঋষিজ সম্মাননা পদকে ভূষিত করা হয়। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে সংগঠনের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।
ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে সমবেতভাবে ‘মানুষের মাঝে বসবাস করি/ মানুষের গান গাই’ গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রধান অতিথি রাশেদ খান মেনন সংবর্ধিত শামসুজ্জামান খানের হাতে সম্মাননা পদক ও অর্থমূল্য ২০ হাজার টাকা তুলে দেন। বিশেষ অতিথি গোলাম সারওয়ার তুলে দেন প্রশংসাপত্র। উত্তরীয় পরিয়ে দেন গোলাম কুদ্দুছ। শামসুজ্জামান খান সম্মাননার অর্থমূল্য ২০ হাজার টাকা তৎক্ষণাৎ ঋষিজের কর্মকাণ্ডে ব্যয়ের জন্য দিয়ে দেন। এ সময় সংগঠনের সভাপতি ফকির আলমগীর অসুস্থ শিল্পী রানী সরকারের চিকিৎসার জন্য এ অর্থ ব্যয় করার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে বিগত বছরে প্রয়াত বরেণ্য ব্যক্তিত্বদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে সম্মান জানানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর লেখা বাণী ও সংবর্ধিত শামসুজ্জামান খানের জীবনী পাঠ করেন শাহাদাত হোসেন।
সংবর্ধনা এবং আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে উদীচী, ক্রান্তি, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি, আনন্দন ও ঋষিজ। শুরুতে বহ্নিশিখা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সমবেত কণ্ঠে পর পর গাইলেন ‘রক্তেই যদি ফোটে জীবনের ফুল’ ও ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’। ক্রান্তি শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে শোনা গেল ‘ওই উজ্জ্বল দিন আনে স্বপ্ন রঙিন’ ও ‘আজাদি হয়নি আজও তোর’। জয় গোস্বামীর ‘আনন্দযজ্ঞে’ কবিতাটি আবৃত্তি করেন রফিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফকির সিরাজ ও ঝর্ণা আলমগীর।