ঋষিজের ভাষাসৈনিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী গণসংগীত ও দেশের গানের মূর্ছনায় গতকাল বুধবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ ছিল মুখরিত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত ছিল শিল্পীদের কণ্ঠ। গতকাল বুধবার সেখানে ছিল ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ভাষাসৈনিক সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।ঋষিজ শিল্পীগোষ্ঠী আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষাসৈনিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভাষাসৈনিক আহমদ রফিককে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া এই আয়োজনে চলতি বছর একুশে পদক প্রাপ্তির জন্য সাংগঠনিকভাবে উদীচী শিল্পীগোষ্ঠী ও ব্যক্তিগতভাবে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মুস্তাফা শহীদকে সম্মাননা জানানো হয়। আয়োজনের প্রথম পর্বে ছিল সংবর্ধনা প্রদান ও আলোচনা এবং দ্বিতীয় পর্বে ছিল গান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য দেন ঋষিজের সাধারণ সম্পাদক সমর বড়ুয়া। সভাপতিত্ব করেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।আয়োজনের শুরুতেই ছিল জাতীয় সংগীত। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার পরই শিল্পীরা পরিবেশন করেন একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’। জাতীয় সংগীত ও একুশের গান শেষে শুরু হয় ভাষাসৈনিকদের সংবর্ধনা প্রদান ও আলোচনা পর্ব। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সম্মেলক গানের পরিবেশনা ও একক কণ্ঠের কবিতা আবৃত্তি।ভাষাসৈনিক আহমদ রফিককে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক আনিসুজ্জামান। সাংস্কৃতিক আয়োজনের শুরুতে শামসুর রাহমান রচিত ‘আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি আবৃত্তি করেন রফিকুল ইসলাম। দলীয় সংগীত পরিবেশন করে উদীচী, ক্রান্তি, বহ্নিশিখা, স্বভূমি, ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমি, আনন্দন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও ঋষিজ। এসব দলের কণ্ঠশিল্পীরা সম্মেলক কণ্ঠে ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে/ ঘুমিয়ে গেলো যারা’, ‘আগুন নিভাইবো কে’, ‘আবার এসেছে ফাগুন’, ‘একাত্তরের শকুনগুলো উড়ছে আবার দেশজুড়ে‘, ‘পতাকায় বাঁধা লাল সূর্যটা’, ‘এখন ইয়াহিয়ার গৃহবাস’সহ অনেকগুলো গান পরিবেশন করেন। চলছে ‘সম্পর্কের প্রত্নতত্ত্ব’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে চলছে শিল্পী কাজী সাঈদ আহমেদ এবং শিল্পী সরকার নাহিদ নিয়াজীর ‘সম্পর্কের প্রত্নতত্ত্ব’ শীর্ষক দ্বৈত চিত্রকলা প্রদর্শনী। গত রোববার সন্ধ্যায় এ প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে কাজী সাঈদ আহমেদের ২৩টি এবং সরকার নাহিদ নিয়াজীর ২৪টিসহ মোট শিল্পকর্মের সংখ্যা ৪৭টি। বিমূর্ত ও আধা বিমূর্ত রীতিতে তাঁরা ছবিগুলো এঁকেছেন। ছবিগুলোর অনুভূতিময় ও সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যঞ্জনা তাঁদের সৃষ্টিকে করে তুলেছে গভীর ও গহন। প্রদর্শনী আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে। শিল্পী কাজী সাঈদ আহমেদ ও সরকার নাহিদ নিয়াজী ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। তাঁদের উভয়েরই এ পর্যন্ত পাঁচটি করে একক এবং ছয়টি করে দ্বৈত প্রদর্শনী আয়োজিত হয়েছে। এ ছাড়া এবং বহু দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে দুজনেই স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।