‘বাংলায় গাইবে বিশ্ব’—এই স্লোগান নিয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক সংগীত উত্সব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশের পক্ষে প্রথম দিন যাঁরা সংগীত পরিবেশন করেন, তাঁদের মধ্যে একজন শিল্পী হলেন কুমার বিশ্বজিৎ। উৎসব নিয়েই তাঁর সঙ্গে কথোপকথন। প্রথমবারের মতো এ রকম একটি সংগীত উৎসব হচ্ছে। এ আয়োজনটা আপনি কীভাবে দেখছেন?এ ধরনের উদ্যোগ এর আগে অনেকেই নিয়েছিলেন, কিন্তু উদ্যোগ নেওয়া পর্যন্তই। তবে এবার বাস্তবায়ন হয়েছে বলে স্বপন চৌধুরীসহ উদ্যোক্তাদের সবাইকে প্রথমেই আমার সাধুবাদ। আমি মনে করি, এ উৎসব থেকে বাংলা গানের উত্তরণ, চর্চা ও এর গভীরতা সম্পর্কে নতুন প্রজন্ম কিছুটা হলেও জানতে পারবে।কিন্তু যাঁরা বাংলা গানের মূলধারার সঙ্গে সম্পৃক্ত, এ উত্সবে তাঁদের অনুপস্থিতি লক্ষ করা গেছে।আসলে এত বড় আয়োজন করতে অনেক লোকবল, পৃষ্ঠপোষকতা, পরিকল্পনা লাগে। সেদিক থেকে কিছুটা দুর্বলতা যে ছিল না, তা বলব না। আমরা আমাদের নিজস্ব বাংলা গানের ঐতিহ্যের বাইরে নই। যাঁরা প্রকৃত বাংলা গানকে ধরে রেখেছেন, তাঁদের সম্পৃক্ততা থাকলে উৎসবটি আরও আলোকিত হতো। তার পরও প্রথমবারের এ আয়োজনকে আমি ইতিবাচক দৃষ্টিতে দেখছি। জানা গেছে, উৎসবে বিদেশি শিল্পীরা প্রত্যেকেই একটি করে বাংলা গান গাইবেন। এটিও তো একটি শুভ উদ্যোগ। তা তো বটেই। তবে আমার ইচ্ছে ছিল, ১৮টি দেশের শিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে যদি একটি বাংলা গান করা যেত, তবে আরও ভালো হতো। আমারও এমন একটা পরিকল্পনা ছিল, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় উদ্যোগটি নিতে পারিনি। সংগীতের মাঝে কোনো দেয়াল নেই। কিন্তু নিজস্ব সংস্কৃতির বাইরে গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক। আপনি কী বলেন?পাশ্চাত্য সংগীত আমাদের নয়। তার পরও আমি বলব, আমার নিজস্ব সংস্কৃতি, শেকড়কে ঠিক রেখে, মানে—লালন, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল গানের সঙ্গে এর সংমিশ্রণ ঘটিয়ে বাংলা গান করব। এর বাইরে নয়। রবীন্দ্রনাথের গানেও আমরা এ ভাবটাই দেখেছি।