এ ঈদেও শাকিব...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত শাকিব খানের ছবিগুলোই রমরমা বাণিজ্য করেছে। ঈদে মুক্তি পেয়েছিল মোট পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে হায় প্রেম হায় ভালোবাসা, পরান যায় জ্বলিয়ারে ও প্রেম মানে না বাধা চলচ্চিত্র তিনটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টরা জানিয়েছেন, ঈদের দিন থেকেই এই তিনটি ছবি প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শক টানতে পেরেছে। আর এই তিনটি ছবির বদৌলতে শাকিব নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন বলে জানিয়েছেন ছবি তিনটির পরিচালক ও প্রযোজকেরা।হায় প্রেম হায় ভালোবাসা ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বললেন, ‘এমনিতেই দেশের অর্ধেকের বেশি প্রেক্ষাগৃহেই শাকিব খান অভিনীত পুরোনো ছবিগুলো প্রদর্শিত হয়েছে। তার পরও ঈদের ছবি হিসেবে হায় প্রেম হায় ভালোবাসা ছবিটি যেভাবে দর্শক গ্রহণ করেছে, তাতে করে আমরা সত্যিই আনন্দিত।’ খসরু জানালেন, চলচ্চিত্রব্যবসা যদি এভাবেই চাঙা থাকে, তবে প্রযোজকেরা পুঁজি ফেরত পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।অন্যদিকে প্রেম মানে না বাধা চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের পর কয়েক দিন ধরে যেভাবে সিনেমা হলে লোকের সমাগম হয়েছে, তাতে করে বলা যায় যে ছবিটি নিশ্চিতভাবে ব্যবসায়িকভাবে সফল হয়েছে। ছবির প্রযোজক কামাল খান বললেন, ‘প্রেম মানে না বাধা ছবিটি প্রায় চার বছর ধরে আটকা পড়ে ছিল। ফলে কিছুটা তো টেনশন ছিলই। তবে মুক্তির পর আর সেই টেনশন নেই। কারণ ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে।’পরান যায় জ্বলিয়ারে ছবির প্রযোজক শফিকুল ইসলাম বলেন, ‘আমার ছবি যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, সেসব প্রেক্ষাগৃহে প্রচুর মানুষের ভিড় হয়েছে। ছবি দেখে মানুষ প্রশংসা করেছে। এ কারণেই প্রযোজক হিসেবে আমি খুশি।’ঈদে ছবি মুক্তির আগে সবার মনে কৌতূহল ছিল যে এবারের ঈদে কি শাকিব আগের মতো সফল হতে পারবেন? ছবি মুক্তির পর সেই প্রশ্নের উত্তর যেমন মিলেছে, তেমনই শাকিব নিজেও বলছেন যে তিনি দর্শকদের কাছে কৃতজ্ঞ। শাকিব খান বলেন, ‘পুরোনো অনেক ছবির ভিড়ে যে দর্শক ঈদের ছবিগুলোকে গ্রহণ করেছে, এটা অবশ্যই আমার জন্য অনেক আনন্দের একটি ব্যাপার।’অন্যদিকে, ঈদে মুক্তি পেয়েছিল মারুফ ও সাহারা অভিনীত বস্তির ছেলে কোটিপতি ও রেসি অভিনীত এক জবান ছবি দুটি। আশা করা হয়েছিল, ঈদের উৎসবে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বেশি হবে এবং দর্শক ছবি দুটি উপভোগ করবে। কিন্তু প্রেক্ষাগৃহের মালিকদের হতাশ করেছে এ ছবি দুটি। জানা গেছে, বস্তির ছেলে কোটিপতি ঈদের দিন থেকেই ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য পায়নি। অন্যদিকে এক জবান ছবিটি দেখার জন্যও প্রেক্ষাগৃহগুলোতে লোকের সমাগম হয়নি।কয়েকজন বুকিং এজেন্ট নাম না প্রকাশ করার শর্তে জানালেন, আসলে ছবি দুটি যে ব্যবসায়িকভাবে এতটা খারাপ করবে তা কারও জানা ছিল না। ছবি দুটির যাত্রা শুরুতেই ভালো না হওয়ার কারণে এখন আগামী সপ্তাহগুলোতে অন্য প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শন করা কঠিন হয়ে যাবে।