এ ঈদেও শীর্ষে শাকিব
কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদের সব কটি ছবির নায়কের আসনটিও ধরে রেখেছেন শাকিব খান। এবারও ঢাকাই ছবির শীর্ষ নায়ক তিনি। ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির নায়কের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব। ঈদের জন্য চূড়ান্ত হওয়া ছবি তিনটি হচ্ছে বদিউল আলম খোকনের ‘ডন নম্বর ওয়ান’ ও ‘১০০% লাভ-বুক ফাটে তো মুখ ফোটে না’ এবং শাহাদত্ হোসেন লিটনের ‘জিদ্দি মামা’। ছবিগুলোতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, রোমানা ও সাহারা।শাকিব খান আশা প্রকাশ করে বলেছেন, ‘যেহেতু এবার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কম, এ জন্য মাত্র তিনটি ছবি ঘিরেই দর্শকের আগ্রহ থাকবে। ছবিগুলোর গল্প ভালো। দর্শকের কাছে ভালো লাগবে।’উল্লেখ্য, গত রোজার ঈদে চারটি ছবি মুক্তির মধ্য দিয়ে শীর্ষে ছিলেন শাকিব খান। ছবিগুলো হচ্ছে সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’, সাফিউদ্দিন সাফির ‘ঢাকার কিং’, শাহীন-সুমনের ‘খোদার পরে মা’ এবং এফ আই মানিকের ‘মাই নেম ইজ সুলতান’। এদিকে শাকিব খান বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে সাফিউদ্দিনের পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির শুটিং করছেন। ছবিটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। এ ছাড়া অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন দিতি, আরেফিন শুভ ও সাজু খাদেম। মালয়েশিয়ায় শুটিং শেষে ঈদের আগের দিন ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন শাকিব খান।