এ কোন সকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গান করছেন মেয়ে শবনম সুরিতা ও পাশে বাবা শুভপ্রসাদ নন্দী মজুমদার l ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গান করছেন মেয়ে শবনম সুরিতা ও পাশে বাবা শুভপ্রসাদ নন্দী মজুমদার l ছবি: প্রথম আলো

আর মাত্র সাত মিনিট! মঞ্চে দাঁড়িয়ে হাতের ঘড়ির দিকে তাকিয়ে ঘোষণা দিলেন শংকর সাঁওজাল। উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন গুণী শিল্পীর সংগীতসন্ধ্যার সঞ্চালক তিনি। মিলনায়তনের সব কটি আসন পূর্ণ। ঠিক সাতটায় আবার মঞ্চে এসে ‘এবার চূড়ান্তভাবে শুভসন্ধ্যা’ রসিকতা করেই দর্শকদের স্বাগত জানালেন উপস্থাপক। অপেক্ষার অবসান ঘটল তখনই, শুরু হলো তিন শিল্পীর সংগীতসন্ধ্যা।
যে তিন শিল্পীর গান শুনতে গতকাল সোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের সবগুলো আসন ভরে উঠেছিল, তাঁরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লোকসংগীত সাধক ও শিল্পী স্বপন কুমার হালদার, গণসংগীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার ও তাঁর মেয়ে শবনম সুরিতা। তাঁদের গানের আগে স্বাগত বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী মৌলবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলায় ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এরপর একে একে মঞ্চে আসেন তিন গুণী শিল্পী। তাঁদের উদীচীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, কাজী মোহাম্মদ শীশ ও তানভীর আলম।
শবনম সুরিতার গান দিয়ে শুরু হয় আসর। প্রথমেই এই শিল্পী গেয়ে শোনান ‘আর কতকাল বলো আর কতকাল সইব’। এরপর গেয়ে শোনান ‘হাম দেখেঙ্গে’ ও ‘রাবেয়া কি রুকসানা একটু মনে পড়ে না’, ‘হৃদয় আমার সাগরদোলায়’সহ বেশ কয়েকটি গান। বিজয় সরকারের গানসহ বাউল-বিচ্ছেদ ভক্তিগীতির অনবদ্য মিশ্রণে শ্রোতাদের মুগ্ধ করেন স্বপন কুমার হালদার। জীবনমুখী নানা গান, গণসংগীত ও রবীন্দ্রসংগীতের সংমিশ্রণে অসাধারণ পরিবেশন করেন শুভপ্রসাদ নন্দী মজুমদার। ‘একদিন যারা মেরেছিল’, ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’। বাবার সঙ্গে কণ্ঠ মেলান শবনম সুরিতা। সব মিলিয়ে প্রাণবন্ত এই গানের আসরটি ছিল মনে রাখার মতো।