
শুটিং শুরুর পর থেকেই ঢাউস ঢাউস সব কথা শোনা গিয়েছিল অ্যাকশন জ্যাকসন ছবিকে ঘিরে। অভিনেতা অজয় দেবগনের পরিশ্রমের খুঁটিনাটি অনেক গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। তাই দর্শকের প্রত্যাশার পারদ স্বভাবতই ছিল ঊর্ধ্বে। কিন্তু এ কী হলো? ছবি মুক্তির পর প্রত্যাশা সব চূর্ণ-বিচূর্ণ। প্রশ্নবাণে সবচেয়ে বেশি জর্জরিত হলেন অজয় দেবগন। কারণ, ছবির নাম-ভূমিকায় তো তিনিই ছিলেন।
চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া তাঁর সমালোচনায় লিখেছেন, ‘জীবনে অনেক বাজে ছবি দেখেছি। কিন্তু এতটা বাজে ছবি দেখা হয়নি এর আগে। আমি নিশ্চিত, এ ছবি দেখে আমার মস্তিষ্কের কিছু স্নায়ু অকেজো হয়ে গেছে!’
সমালোচনার শেষ এখানেই নয়। অন্য একটি সংবাদমাধ্যমে লেখা হয়েছে, ‘জ্যাকসন যদি বেঁচে থাকতেন, তাহলে এমন নিকৃষ্ট ছবিতে তাঁর নামের সংযুক্তির জন্য মামলা ঠুকে দিতেন।’
এমনি নানা ধরনের সমালোচনার তোড়ে একেবারে বিধ্বস্ত অ্যাকশন জ্যাকসন। কেনই বা হবে না? ছবিতে নতুন উপাদান বলতে কিছুই নেই। হাল আমলের মসলাদার হিন্দি ছবির সব উপকরণের ঝালমুড়ি এই ছবি। সঙ্গে আছে তামিল ছবির অ্যাকশনের বাগাড়!

ছবি মুক্তির আগে কিন্তু ছবিকে ঘিরে অনেক মজার গল্প ছড়িয়েছিল বাজারে। পরিচালক প্রভু দেবা বলেছিলেন, তাঁর এ ছবির অ্যাকশন তুলো করে দেবে এ সময়ের অন্য সব মারদাঙ্গা ছবিকে। অ্যাকশন জ্যাকসন ছবিতে রয়েছে টানা আড়াই মিনিটের একটি অ্যাকশন দৃশ্য। এখানে একেবারে পাক্কা সামুরাই কায়দায় তলোয়ার চালিয়েছেন অজয়। জানা গেছে, শুধু এই একটি দৃশ্যের জন্যই নাকি অজয় ঝরিয়েছিলেন ১৭ কেজি ওজন। শরীরকে বশে আনতে টানা পাঁচ দিন পানি পান করেননি তিনি! এমনি নানা গল্প এ ছবিকে ঘিরে জনমনে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাকে বলে ‘হাইপ’। এসব গল্পের টানেই দর্শকেরা ছুটে যান প্রেক্ষাগৃহে। কিন্তু যে গতিতে দর্শকেরা প্রেক্ষাগৃহে যান, তার চেয়ে আরও দ্রুত গতিতে তাঁরা প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে আসেন। এমন তথ্যই দিচ্ছে এখন ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
চলচ্চিত্র সমালোচকদের মনে এখন অনেক প্রশ্ন। যে অজয় দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, যিনি ওমাকারার মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেই অজয়ের এমন বেহাল দশা! মুক্তির মাত্র ছয় দিনের মাথায় এ ছবিকে অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছবি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
অজয় নিজেও হয়তো বুঝতে পেরেছেন তাঁর ব্যর্থতার বিষয়টি। তাই তো ছবির এই দুর্দশা নিয়ে মুখ খোলেননি তিনি। শুধু প্রতিনিধি মারফত জানিয়েছেন, তাঁর বিরতি দরকার। লম্বা বিরতি। ২০১৫ সালে তাঁকে আর দেখা যাবে না বড় পর্দায়। নিজের এই ব্যর্থতা তিনি ঘোচাবেন নতুন ছবি শিবে দিয়ে; ছবিটি পরিচালনা করবেন অজয় নিজেই। তাই এখন তাঁর সময় দরকার। তা না হলে আবার ঘটতে পারে বিপর্যয়। কারণ, অজয় পরিচালিত প্রথম ছবি ইউ মি ঔর হামও বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। এবার অ্যাকশন জ্যাকসন-এর দায়ভারও চাপল অজয়ের ঘাড়েই। তাই কলঙ্কের কালিমা মুছতে এখন ‘সময়’ ছাড়া আর কোনো মলম নেই অজয়ের ঝুলিতে।
হিন্দুস্তান টাইমস, আইএএনএস, ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে