তাহসান পেশায় শিক্ষক। গাইতে ভালোবাসেন গান। দুটি নাটকেও অভিনয় করেছেন। একদিন হঠাৎ করেই তাঁর কাছে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে বসলেন নাট্যনির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। তাহসান সোজা বলে দিলেন, ‘১০০ হাত দূরে থাক। সিনেমায় অভিনয় করার ইচ্ছে কখনোই ছিল না। আর যে ধরনের সিনেমা হয়, তাতে আমার মোটেও আগ্রহ নেই।’ তাহসানের কথা শুনে দমলেন না ছবিয়ালের ভাইবেরাদর খ্যাত ফাহমি। ‘আচ্ছা, গল্পটা শুনলে তো দোষের কিছু নেই।’ গল্প শুনলেন তাহসান। তা-ও একটি অনুচ্ছেদমাত্র। এবার কিছুটা দ্বিধায় পড়লেন তিনি। স্ত্রী মিথিলার সঙ্গে পরামর্শ করলেন। মিথিলা বলে দিলেন, ‘সিনেমায় যেহেতু নাচ-গান নেই, আর ফাহমিকে চিনি, কাজ ভালো করেন। কাজটা করতে পারো।’ তাহসান ‘না’ থেকে ‘হ্যাঁ’ বলে দিলেন। পূর্ণিমা—বাণিজ্যিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্রে বেশ সফল। ইমপ্রেস টেলিফিল্মের তিনটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ তিনি। হঠাৎ একদিন ফোন করলেন ফাহমী। ভাইবেরাদরদের কাজ প্রশংসিত হয়, এটা পূর্ণিমা অবগত। তবে তাদের নাটকের সংলাপে ‘খাইছি, করছি, আইছি’ ব্যবহার পূর্ণিমার কাছে মোটেও ভালো লাগে না। তবু ইমপ্রেস টেলিফিল্মের ছবি বলে কথা। কাজটা শুরু করে এখন পূর্ণিমা নিজেই ‘খাইছি’, ‘করছি’ ভাষায় কথা বলছেন। বললেন, ‘আমি নিজেই সংক্রমিত হইছি।’ তাহসান নিজে থেকেই বিষয়টি পরিষ্কার করলেন। ‘আমি ও পূর্ণিমা দুজনেই এমন ভাষার ব্যাপারে আপত্তি করেছি।’ তখন ফাহমি বলেন, ‘যেখানে শুদ্ধ ভাষায় কথা বলা দরকার, সেখানে আপনারা বলবেন। কিন্তু যেখানে স্বাভাবিক কথাবার্তা বলছেন, সেখানে তো করছি, খাইছি—এসব বলতেই পারেন।’ তাঁর যুক্তিটা গ্রহণযোগ্য মনে হয়েছে। সেভাবেই কাজ করছি।’ তাহসান ও পূর্ণিমা টু বি কন্টিনিউড ছবিতে কাজ করছেন। দুজনে সিনেমার পুরো গল্পটা এখনো জানেন না। তবে যতটুকু কাজ হয়েছে, তাতে গল্পটি এ রকম—পূর্ণিমার সঙ্গে একটি ছেলের পরিচয় ছিল। ছেলেটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। একই অফিসের সহকর্মী তাহসানের সঙ্গে পূর্ণিমার একধরনের বন্ধুত্ব হয়। একদিন পূর্ণিমা নিখোঁজ ছেলেটির সন্ধান পান। তবে তার চরিত্রে কে কাজ করছেন? ‘পরিচালক নিজেই সেই চরিত্রটিতে কাজ করছেন। এই তো কয়েক দিন আগে নায়িকাকে নিয়ে পরিচালক কক্সবাজারে চলে গেলেন। সেখানে কাজ করলেন। আমি কিন্তু সেখানে নেই। তবে বৈরী আবহাওয়া তাঁকে বেশি সুবিধে করতে দেয়নি। শুটিং ইউনিট নিয়ে ফেরত আসতে হয়েছে তাঁকে।’ হাসতে হাসতে বলছিলেন তাহসান। পূর্ণিমা এবার শুরু করলেন। ‘আমার আর তাহসান ভাইয়ের কাজ শুরু হয়েছে পাবনা থেকে। সেই থেকে আমরা দুজনে হাঁটছি তো হাঁটছি। তা-ও কীভাবে আবার, আমি থাকি সামনে, আমার ১০ হাত দূরে তাহসান ভাই। কখনো রেললাইন, কখনো মেঠোপথ ধরে হাঁটছি। দু-চারটা যে সংলাপ বলেছি, তা-ও তো ভুলে গেছি। আসলে এটাও বোধহয় টু বি কন্টিনিউড।’ তাহসানের কাছে জানতে চাইলাম, গানের মানুষ হয়ে অভিনয়ে এসেছেন, এটা একধরনের চ্যালেঞ্জ কি না? ‘আসলে প্রতিটি কাজের মধ্যেই একধরনের চ্যালেঞ্জ থাকে। তবে এই সিনেমায় কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, এটা কোনো গতানুগতিক সিনেমা নয়। এখন কোনো কাজেরই স্থায়িত্বই বেশি হয় না। আমি এমন একটি কাজ করতে চেয়েছিলাম, সেই কাজটা যেন স্থায়িত্ব পায়। টু বি কন্টিনিউড সে রকম একটি সিনেমা হবে বলেই প্রত্যাশা করছি।’ বলছিলেন তাহসান। ভবিষ্যতে আরও ছবিতে কাজ করার প্রস্তাব পেলে করবেন? ‘না, এর আগেও এ রকম প্রস্তাব এসেছে। করিনি। কারণ, শিক্ষকতাই আমার পেশা।’ তাহসানের জবাব। পূর্ণিমা কি আগে থেকেই তাহসানকে চিনতেন? চোখে-মুখে বিস্ময়। ‘কী বলেন? চিনব না মানে! এত বড় একজন গায়ক। আমি তাঁর গানের ভক্ত। যেদিন শুনলাম, তিনি সিনেমায় আমার সঙ্গে কাজ করছেন, আমি তো সেদিনই ব্যাপারটি পরিচালককে বলেছি যে কাস্টিংটা দারুণ হয়েছে!’ অভিনেতা হিসেবেও কি আপনি তাঁর ভক্ত হবেন? ‘যতটুকু কাজ করেছি, তাতে মনে হয়েছে, তিনি জানেন কী করছেন। ক্যামেরার সামনে যখন তিনি দাঁড়াচ্ছেন, তখন মনে হচ্ছে, তিনি অভিনয়টা ভালোই করেন।’ বললেন পূর্ণিমা। আড্ডায় দুজনে সপ্রতিভ হলেও ছবি তুলতে গিয়ে দেখা গেল তাহসানের মধ্যে বেশ জড়তা। প্রশ্ন করলাম, সিনেমায় তাহলে কাজ করছেন কীভাবে? আপনারা কি একে অপরের হাত ধরছেন না? তাহসান হাসতে হাসতে বললেন, ‘পরিচালক যখন গল্প শুনিয়েছেন, তখন তিনি বলেছিলেন, কোনো নাচ নেই, হাত ধরাধরি নেই। এখন যদি কাজ করতে গিয়ে দেখি, সে রকম কিছু আছে, তাহলে গুডবাই সিনেমা।’ তাহসান ব্যাচেলর ছবিটি দেখেছেন। পূর্ণিমার মনের মাঝে তুমি সিনেমার গান দেখেছেন। দেখার পর মনে হয়েছে, আমাদের দেশেও সিনেমার গান ভালো হতে পারে এবং সেটা উপভোগ্য হতে পারে। তখন থেকেই পূর্ণিমার সম্পর্কে বেশ ইতিবাচক ধারণা তাঁর। বললেন, ‘উনি বেশ সাহসী। যেমন—আমি খেয়াল করে দেখলাম, তিনি যখন কাজ করেন, তখন হাজারো মানুষ তাঁকে ঘিরে ধরে। এর ভেতর থেকেই তিনি কাজ করে বেরিয়ে আসেন। তাহসানের সঙ্গে কাজ করার বিষয়টি পূর্ণিমা দেখছেন অন্যভাবে। তিনি বলেন, ‘প্রথমত, আমার যে দর্শক, তাঁরা এক ধরনের, আবার তাহসান ভাইয়ের যে শ্রোতা আছেন, তাঁরা কিন্তু নিয়মিত সিনেমা হলে আসেন না। আমার মনে হয়েছে, আমরা দুজন যে একসঙ্গে কাজ করছি, এতে দুজনের দর্শক-শ্রোতা এক হয়েই ছবিটি দেখবেন এবং এটা টু বি কন্টিনিউড হয়ে থাকবে।’