এ টি এম শামসুজ্জামান এবার কুস্তিগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার অভিনীত চরিত্রটির মধ্য দিয়ে দর্শকদের জন্য একটি বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চরিত্রটির নাম রুস্তম। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে আকস্মিক এক দুর্ঘটনায় নতুন করে তারুণ্যের শক্তি ফিরে পায় সে। সেই শক্তিকেই কাজে লাগানোর চেষ্টা করে বিভিন্নভাবে। কিন্তু একপর্যায়ে অনুভব করে, এই অতিরিক্ত শক্তি আহরণ কল্যাণকর নয়। একজন ব্যক্তির যতটুকু সাধ্য, তা নিয়েই তার সন্তুষ্ট থাকা উচিত, অতিরিক্ত কোনো কিছুই মঙ্গলজনক নয়।’ বললেন এ টি এম শামসুজ্জামান। বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস-এ অভিনয় করেছেন তিনি।নাটকটির আজকের পর্বে দেখা যাবে তাঁকে। জারা ও আবির এবার রুস্তমের তারুণ্য ফিরে পাওয়ার রহস্য অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ে। পর্বটিতে অভিনয় করছেন শামা রহমান, সাইদ বাবু, রহমত আলী ও আরাবী রাহমান। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে থাকছেন এ টি এম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, শিমুল ইউসুফ, মিরানা জামান, মো. গিয়াসউদ্দিন, সঙ্গীতা চৌধুরী ও কুস্তিগির যুবকদের চরিত্রে দেখা যাবে মারজুক রাসেল, সানোয়ার মো. সঞ্জু ও রকিবুল ইসলামকে।বিটিভিতে আজ বিশ্বাস দেখানো হবে সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে।