এ দেশে গিটার শেখাতে আবার আসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেলেন বিশ্বখ্যাত মার্কিন গিটারিস্ট রন বাম্বলফুট থাল। ১৪ সেপ্টেম্বর এবিসি রেডিও এফএম ৮৯.২-এর কার্যালয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি সেখানে এসেছিলেন এবিসি ও দ্য রক প্রজেক্টের উদ্যোগে আয়োজিত ‘গিটার ক্লিনিক’-এ অংশ নিতে। এ আয়োজনে ৪৭ বছর বয়সী বাম্বলফুট প্রায় ৩০ জন তরুণকে গিটার বাজানোর নানা কৌশল শেখান, জবাব দেন তরুণদের নানা প্রশ্নের। ফাঁকে ফাঁকে সবার অনুরোধের গানও শোনান। গিটার ক্লাস শেষে ‘গানস এন রোজেসের’ সাবেক এই গিটারিস্ট প্রথম আলোরসঙ্গে একান্ত আলাপে বসেছিলেন।

গানের জগতে আসার অনুপ্রেরণা কোথায় পেলেন?

আমার চারপাশ, আমার পরিবেশ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। মনে হয় এই তো সেদিনের কথা। আমরা এলাকার ছোট ছেলেমেয়েরা মিলে ব্যান্ড বানাতাম। আমাদের বড় ভাইবোনদের দেখে আমরাও এই সংস্কৃতিতে ঢুকে পড়ি। বিটলস, এলটন জন—তাঁদের গান শুনে গান করার স্বপ্ন দেখতে শুরু করি। এখনো মনে আছে, আমার বয়স ৫ হবে। বন্ধু ববের বাসায় ওর বড় ভাই ক্যাসেট প্লেয়ারে শুনছিল কিস ব্যান্ডের একটা নতুন লাইভ কনসার্ট অ্যালবাম। সোফায় বসে আমরাও শুনছিলাম গানগুলো। গানের সঙ্গে সঙ্গে ভেসে আসছিল কনসার্টে অংশ নেওয়া দর্শকশ্রোতাদের হর্ষধ্বনি। সেই হর্ষধ্বনি আর গান শুনে তখন সেই বয়সেই ঠিক করে ফেলি, আমি তো মিউজিকই করব।

এবিসি রেডিওতে রন বাম্বলফুট থাল। ছবি: খালেদ সরকার
এবিসি রেডিওতে রন বাম্বলফুট থাল। ছবি: খালেদ সরকার

মাত্র ৫ বছর বয়স থেকেই গানের পোকা ধরল? তখন থেকেই গান নিয়ে চিন্তা শুরু করে দিলেন?

তা আর বলতে। আমার সে কী পরিশ্রম! শুধু আমিই না, আমার বন্ধু ববসহ এলাকার আরও কয়েকজন মিলে আমরা গানের দল বানাই। তখনো জানতাম না যে কীভাবে কী করে আমি শিল্পী হব। শুধু এটুকুই বুঝতাম যে ক্যাসেট প্লেয়ারে শোনা কণ্ঠগুলো যদি এমনভাবে গাইতে আর বাজাতে পারে, আমাকে সেটা পারতে হবে। এক বছর ধরে আমি চেষ্টা করলাম। আমার বয়স যখন ৬, তখন পাশের বাড়ির ৮ ও ৯ বছরের দুজন বন্ধুকে নিয়ে আমি একটা গানের দল বানাই। ওই বয়সেই আমরা গান লিখেছি, সুর করেছি। এলাকায়, নিজেদের স্কুলে কনসার্ট করার চেষ্টা করেছি। কোনো অনুষ্ঠানে গাইতে যাওয়ার আগে রাত জেগে বাড়ির গ্যারেজে বসে হাতে আঁকা ব্যানার বানিয়েছি, কনসার্ট শেষে সমাপনী অভিবাদন হিসেবে ছিটিয়ে দেওয়ার জন্য রঙিন কাগজ কেটে কনফেতি বানিয়েছি, বড় বড় বোর্ডে নিজেদের হাতে এঁকেছি ব্যান্ডের লোগো।

ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

মজার বিষয় কি জানো? আমাদের সম্বল বলতে ছিল পুরোনো একটা অ্যাকুয়েস্টিক গিটার আর একটা ক্যাসেট প্লেয়ার। সেটা দিয়েই আমরা নতুন গান বানাতাম আর রেকর্ড করতাম। একটা বাচ্চার সাধ্যে যতটুকু সম্ভব, আমরা ততটুকুই নিজেদের সর্বোচ্চ দিয়ে করতাম। কিছুতেই আমরা নিজেদের থামতে দিইনি। নিজেদের যতটুকু ছিল, তা দিয়েই স্বপ্নপূরণের চেষ্টা করতাম। এই চেষ্টা আমাদের খুব ভালো একটা শিক্ষা দিয়েছে—‘তোমার যা নেই, তা তোমার দরকারও নেই। যা আছে, তা দিয়েই সব সম্ভব। (ইউ ডোন্ট নিড, হোয়াট ইউ ডোন্ট হ্যাভ)।’ আজকাল হয় কী, আমরা একটুখানি ঘাটতি থাকলেই মাঝপথে থেমে যাই। যা নেই, তা নিয়ে আফসোস করতে করতে হতাশ হয়ে গান করাই ছেড়ে দিই। না পাওয়াগুলোর ওপর নির্ভর করি বেশি। কিন্তু নিজের সর্বোচ্চ দিলে সব অপ্রাপ্তি কম মনে হবে।

অনেক পরিশ্রম করতে হয়েছে আপনাকে মিউজিশিয়ান হওয়ার জন্য। কিন্তু এখন তো প্রযুক্তির কারণে শিল্পী হওয়া সহজ হয়ে গেছে। আপনার আফসোস হয় না, যদি এই শতকে জন্মাতেন, তাহলে গান করাটা আপনার জন্যও সহজ হতো?

না। কোন আফসোস নেই। তখনকার সময়ের এই কষ্ট আর সংগ্রামগুলোর মধ্য একটা নির্মল সৌন্দর্য ছিল। নিজের উদ্‌ভ্রান্ত চিন্তাগুলোকে কাজে লাগিয়ে একটা নতুন কিছু জন্ম দেওয়ার সুযোগ ছিল তখন। এখন বিষয়গুলো অনেক সহজ হয়ে গেছে। কষ্ট করে চিন্তাও করতে হয় না। গান করলে, তা সহজেই সবার সামনে তুলে ধরা যায়। এটা অনেকের জন্যই ভালো, তবে আমার কাছে মনে হয়, সবকিছু সহজে পেয়ে যাওয়ায় আমাদের সৃষ্টিশীল চিন্তা ভোঁতা হয়ে যাচ্ছে। প্রযুক্তি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। কিন্তু এটা ব্যবহার করার কারণে যে চিন্তা করা বন্ধ করে দেব, তা আমি সমর্থন করি না। এখন অনেকে তা-ই করছে। আমি খুব সৌভাগ্যবান যে আমি গান নিয়ে সংগ্রামের সময়টাও উপভোগ করেছি আর এখন এই সময়টাও উপভোগ করতে পারছি।

গানস এন রোজেস ব্যান্ডের সদস্য ছিলেন আপনি। বাজিয়েছেন অনেক বড় বড় আয়োজনে। নানা দেশ ঘুরেছেন। কিন্তু আপনার কাছে সবচেয়ে সেরা আয়োজন কোনটি ছিল, যেখানে গিটার বাজিয়ে আপনি নিজে আনন্দ পেয়েছেন?

তুমি কি সংখ্যা, পরিসর আর ব্যাপ্তির দিক থেকে জানতে চাইছ আমার জীবনের সবচেয়ে সেরা গিটার পারফরম্যান্স কোনটা ছিল? নাকি আমার সন্তুষ্টির হিসাবে জানতে চাইছ? দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আমার নিজের সন্তুষ্টির বিচারে বলতে চাই, আজকের এই আয়োজনটি আমাকে স্বস্তি দিয়েছে (এবিসির িগটার িক্লনিক)। হাজার হাজার মানুষের সামনে গিটার বাজানোর চেয়ে, আমি অল্প কয়েকজনের সামনে কথোপকথনের মধ্য দিয়ে গিটার বাজাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে যারা শুনছে, আমিও তাদের শুনতে চাই। কেমন বাজাচ্ছি, সেই জবাবটা আমি তখনই শুনতে ভালোবাসি। শ্রোতার সঙ্গে যুক্ত থাকা আমার কাছে অনেক বড় পাওয়া। বলতে পারো এ জন্য আমি শিক্ষকতাও ভালোবাসি। গিটার শেখাতে ভালোবাসি।

বাংলাদেশে তো আজ এক দিনের জন্য গিটার শেখালেন। এ দেশের কোনো রক স্কুল থেকে যদি আপনাকে গিটারের শিক্ষক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, আপনি কি আসবেন আবার গিটার শেখাতে?

এ দেশের তরুণেরা অনেক মেধাবী। আমি মাত্র দুই দিনেই মুগ্ধ হয়ে গেছি। শিক্ষক হিসেবে আমাকে না পেলেও তাঁরা দারুণ করবে। তবে যদি প্রস্তাব পাই, তাহলে কেন নয়। অবশ্যই এ দেশে গিটার শেখাতে আবার আসব।

শুধু এ দেশের তরুণ শিল্পীরাই আপনাকে মুগ্ধ করেছে? আর কিছু মুগ্ধ করেনি?

হ্যাঁ। বাংলাদেশের খাবার আমার অনেক ভালো লেগেছে। ঝাল খেতে আমি অনেক ভালোবাসি। এখানে আসার আগে অনেকেই আমাকে বলেছিল যে তুমি একটা দারুণ দেশে যাচ্ছ, যেখানে তুমি তোমার পছন্দের সব খাবার পাবে। আমিও তখন গুগলে খোঁজ করে দেখেছিলাম। পরে এখানে এসেই একদম ঝাঁপিয়ে পড়েছিলাম ঝাল খাবারের ওপর।

এবিসি রেডিও এফএম ৮৯.২ ও রক প্রজেক্টের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে কেমন লাগল আপনার?

এককথায় অসাধারণ। আগেই বলেছি, আমি শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসি। এখানে এসে আমি সেই সুযোগ পেয়েছি। তাদের ভালো লাগার কথা শুনতে পেরেছি কাছ থেকে। যে তরুণেরা রক গানের চর্চা করছে এ দেশে, তাদের জন্য এটা খুব ভালো উদ্যোগ ছিল। এর অংশ হতে পেরে আমিও আনন্দিত।

সাক্ষাৎকার িনয়েছেন আদর রহমান