এ দেশে ভালো মানুষের মূল্যায়ন হয় না
চলচ্চিত্র-ব্যক্তিত্ব সুভাষ দত্তের মৃত্যুসংবাদ শুনে বেশ আক্ষেপের সুরে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সরকার বিভিন্ন সময় ছবির জন্য অনুদান দিয়ে থাকে। বেগম রোকেয়াকে নিয়ে ছবি নির্মাণ করার জন্য সরকারের কর্তাব্যক্তিদের কাছে অনেক ঘোরাঘুুরি করেছিলেন সুভাষ দত্ত। কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাননি। তাই শুটিং শুরু করেও শেষ পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হন।’প্রথম আলো ডটকমকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটা নিয়ে ওনার মনোকষ্ট ছিল। যিনি জীবনের পুরোটা সময় চলচ্চিত্রের জন্য ব্যয় করেছেন, তিনি কিনা শেষ সময়ে কাজহারা হয়ে গিয়েছিলেন। এই কাজ না করতে পারাটা কিন্তু অনেক বেদনার।’ ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘সবচেয়ে কষ্টের ব্যাপারটি হচ্ছে, আমাদের দেশে কখনোই সত্যিকারের চলচ্চিত্রপ্রেমীরা সরকারের কাছে আদরণীয় হতে পারেননি। কিন্তু যাঁরা চলচ্চিত্রের বাইরের, তাঁরা ঠিকই নানা সুবিধা ভোগ করেন।’ তিনি যোগ করলেন, ‘আমার জানামতে, স্বাধীনতা-পরবর্তী সময়েও ‘ডুমুরের ফুল’ ছবির কর মওকুফ করার জন্য সরকারের দ্বারে দ্বারে ঘোরেন তিনি। শেষ পর্যন্ত সেই সুবিধা তিনি পাননি। আজ তাঁর মৃত্যুর পর এসব ঘটনা খুব বেশি করে মনে পড়ছে। এ দেশে সত্যিকারের ভালো মানুষের কোনো মূল্যায়ন করা হয় না।’