শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। এটি আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। গতকাল রোববার থেকে ঢাকার ১২টি মিলনায়তনে শিশুতোষ চলচ্চিত্রের প্রদর্শন শুরু হয়েছে। পুরো আয়োজন নিয়ে কথা বললেন উত্সব পরিচালক মোরশেদুল ইসলাম।এ ধরনের উৎসব আয়োজনের উদ্দেশ্য কী?শিশুদের জন্য চলচ্চিত্রকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা সম্ভব—এই ধারণাকে প্রতিষ্ঠিত করা। কারণ, প্রতিবছর অসংখ্য চলচ্চিত্র তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু শিশুতোষ চলচ্চিত্র একেবারেই উপেক্ষিত। আমরা চাই, যাঁরা নীতিনির্ধারক মহলের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা যেন এ ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে অনুভব করতে পারেন এবং এগিয়ে আসতে উদ্বুদ্ধ হন।বিশ্বের অনেক দেশেই এ ধরনের শিশু উৎসব আয়োজনের ব্যাপারে সরকারই উদ্যোগ নেয়। কিন্তু বাংলাদেশে একটি সংগঠন এ কাজটা করছে। কেন?ঠিকই বলেছেন, এটা অবশ্যই সরকারের দায়িত্ব। আমাদের পাশের দেশ ভারতে জওহরলাল নেহরুর আগ্রহ এবং তাঁরই উদ্যোগে ১৯৫৫ সালে চিলড্রেনস ফিল্ম সোসাইটি গঠন করা হয়। এ সংগঠনকে সরকারই দেখাশোনা করে। সরকারের সহযোগিতায় এখান থেকে প্রতিবছর ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় ২০-২৫টি শিশুতোষ চলচ্চিত্র তৈরি হয়। আমি মনে করি, আমাদের সরকারকেও শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ ও এর প্রচারের ব্যাপারে এগিয়ে আসতে হবে। তবে অন্য দুই বছরের তুলনায় এবার সরকারের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা পাচ্ছি। এবারের উৎসবের উল্লেখযোগ্য দিক কোনটি?এবার উৎসবের পরিধি বেড়েছে। উৎসবের ছবিগুলো প্রদর্শন করা হচ্ছে ১২টি মিলনায়তনে। আমরা উৎসবকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছি। এই যেমন উত্তরায় আলিয়ঁস ফ্রঁসেস, হাজারীবাগে বাংলাদেশ কলেজ অব টেকনোলজি, মিরপুর ইউসেফ, খিলগাঁওয়ে পল্লীমা সংসদে। উদ্দেশ্য, ওখানকার শিশু-কিশোরেরাও যাতে ছবিগুলো উপভোগ করতে পারে। বিভিন্ন স্কুল থেকে আনা-নেওয়ার জন্য চারটি দ্বিতল বাসসহ সাতটি বাস রাখা হয়েছে। এ ছাড়া পরে দেশের বিভিন্ন জেলায়ও উৎসবের ছবিগুলো দেখানোর পরিকল্পনা রয়েছে। উৎসবের কয়েকটি ভালো ছবির কথা বলবেন?অনেক ভালো ছবি এসেছে। জার্মানির দ্য ক্রোকোডাইলস, অস্ট্রিয়ার মোত্সার্ট ইন চায়না, নরওয়ের কার্ল অ্যান্ড ক্যাথরিন, কানাডার দ্য গার্ল, জাপানের অ্যানিমেশন ছবি দ্য ক্যাসল অব ক্যাগলিয়স্ত্রো ও ডোরেমন: নোবিটাস ডাইনোসর, থাইল্যান্ডের ড্রিমটিম ছবিগুলো অবশ্যই সবার দেখা উচিত।