আগামী মাসে মঞ্চে আসছে থিয়েটার স্কুল প্রাক্তনীর দ্বিতীয় প্রযোজনা প্রথম পার্থ নাটকটি। বুদ্ধদেব বসুর লেখা নাটকটির নির্দেশনায় আছেন জয়িতা মহলানবীশ। এখানে দ্রৌপদী চরিত্রে অভিনয় করছেন তানিয়া হোসাইন। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন

থিয়েটার স্কুলের প্রাক্তনীর ব্যাচ ২৪টি। নাটকটিতে কোন কোন ব্যাচের ছেলেমেয়েরা কাজ করছেন?
ওইভাবে আলাদা করে নেওয়া হয়নি। প্রাক্তনী পুরো ব্যাচের ছেলেমেয়েদের বিষয়টি জানানো হয়েছিল। যাঁরা সময় বের করতে পেরেছেন, যাঁরা আগ্রহী, কেবল তাঁরাই নাটকটিতে কাজ করছেন। অভিনয়, নির্দেশনা থেকে শুরু করে নাটকটি মঞ্চে ওঠা পর্যন্ত পুরো বিষয়টিতেই থিয়েটার স্কুলের প্রাক্তনীরা কাজ করছেন।
প্রাক্তনীদের নিয়ে কখন ইচ্ছা হলো এ ধরনের কাজ করতে?
এর আগে আমরা থিয়েটার স্কুলের প্রাক্তনীদের নিয়েওয়েটিং ফর গডো করেছি। এখনো মঞ্চে আছে নাটকটি। আমরা থিয়েটার স্কুল থেকে যাঁরা বের হয়ে থিয়েটার, নাগরিক, প্রাচ্যনাটসহ একাধিক দলে কাজ করছি, তাঁরাই প্রাক্তনীর ব্যানারে এক হয়ে নাটক মঞ্চে আনছি। ফলে স্কুলটি সম্পর্কে মানুষজন আরও বেশি জানতে পারচ্ছেন। নাটক শিক্ষার স্কুলটি আরও এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা বিভিন্ন দল থেকে এসে একসঙ্গে কাজ করতে পারছি।
এ প্রযোজনাটিও কি নিয়মিত মঞ্চে থাকবে?
হ্যাঁ, এ নাটক নিয়ে আমাদের স্বপ্ন অনেক। নাটকটি নিয়মিতই করতে চাই। ঢাকার বাইরেও নাটকটি নিয়ে সফর করব। এর আগে ওয়েটিং ফর গডো নাটকটির দেশের বাইরে ভারতেও তিনটি প্রদর্শনী হয়েছে। এ নাটকটিরও ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী করার ইচ্ছা আছে।
থিয়েটার স্কুল প্রাক্তনী একটা সম্মিলিত বিষয়। কিন্তু আপনার নিজ দল নাগরিক নাট্যসম্প্রদায়ের বাইরে গিয়ে পালাকার স্টুডিও থিয়েটারের‘নারীগণ’ নাটকটিতে অভিনয় করছেন। সে ক্ষেত্রে দল থেকে কোনো সমস্যা হচ্ছে কি?
না, কোনোই অসুবিধা হচ্ছে না। দলের কার্যক্রম ঠিক রেখে অন্য দলে কাজ করতে দলে কোনো বাধা নেই। এখন তো থিয়েটারের সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। আগে এক দলে কাজ করলে অন্য দলের নাটকে কাজ করা যেত না। এখন সেই জায়গা তৈরি হয়েছে।
বেশ অনেক দিনই নাগরিক নাট্যসম্প্রদায়ের কোনো নাটকে কাজ করতে দেখা যায়নি আপনাকে। কেন?
দলে এখন শুধু রক্তকরবী নাটকটি নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। দলে ঘাসিরাম কোতোয়াল নাটকটিতে আমি সর্বশেষ অভিনয় করেছি। নাটকটি নিয়মিত মঞ্চায়ন হচ্ছে না। ত্রয়লাস ও ক্রেসিদা নাটকটিতে আমি অভিনয় করতাম। আবার মঞ্চে আনার জন্য মহড়া শুরু হয়েছিল নাটকটির। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ফলে দলে এখন আমার কাজেরও সুযোগ হচ্ছে না।