এ নয় চোরাবালি
রনি এলেন হাতে ল্যাপটপ নিয়ে। বললেন, ‘আমার ছবির প্রমো দ্যাখেন।’ প্রমো দেখে আমি মুগ্ধ। এ ছেলে কাজের ছেলে, সেটা চোরাবালি ছবির প্রমো দেখেই আঁচ করা যায়।কাল সারা দেশে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র চোরাবালি । অন্তত ১৯টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ৩৫ মিলিমিটারে তোলা ছবিটি একই সঙ্গে ডিজিটালেও প্রকাশ পাচ্ছে। সাধারণ দর্শকেরা যেন ছবি দেখে আনন্দ পায়, সে চেষ্টাই করেছেন তিনি। রনির সঙ্গে কথা বলতে ভালো লাগে। বিনয় ওঁর চোখা দৃষ্টিভঙ্গিকে আড়াল করে না। তাই কেন সিনেমা তৈরি করতে হবে, এ প্রশ্ন করা হলো যখন, তখন তিনি বললেন, ‘টেলিভিশনে নাটক বানিয়েছেন মূলত চলচ্চিত্রের জন্য হাত মকশো করার জন্য।’ নাটক রান্নাবান্নার বাবুর্চি হিসেবে কেমন ছিলেন তিনি, তা হাউসফুল, এফএনএফ, বিহাইন্ড দ্য সিন ধারাবাহিক নাটকগুলো দেখলেই একটা ধারণা পাওয়া যায়। সঙ্গে যোগ করে নিতে পারেন জননী সাহসিনী ১৯৭১, প্রুফরিডার, উচ্চতর শারীরিক বিজ্ঞান নামের একক নাটকগুলো। সেই ধারাবাহিক অভিজ্ঞতার দিকে দৃষ্টি রাখলে মনে প্রত্যয় জন্মে, রনি ভালো ছবি করবেন।ভালো ছবির আকালের কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। সাধারণ দর্শক নাকি চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চলচ্চিত্রশিল্পে এখন ‘অভাব’ শব্দটির রাজত্ব। ভালো শিল্পীর অভাব, ল্যাবের অভাব, শিল্পবোদ্ধা লগ্নিকারীর অভাব—অভাব আর শেষ হয় না। সেই অভাবের রাজত্বে কেন এলেন রনি?বাণিজ্যিক ছবিই করবেন—এটা রনির প্রথম কথা। ভালো বাণিজ্যিক ছবি করবেন—এটা দ্বিতীয় কথা। অর্থাৎ যে ছবিটি তৈরি হবে, সেটির পরিচালনা, অভিনয়, কারিগরি মান, সংগীত সবকিছুই হবে বলার মতো, ছবিটি দেখে যেন দর্শক বলতে পারে, ভালো একটা অভিজ্ঞতা হলো, সেটি নিশ্চিত করার জন্যই পরিশ্রম করেছেন রেদওয়ান রনি। ‘ভাবনাটা এল, বাংলাদেশে সাধারণ দর্শকদের দেখার জন্য ভালো বাণিজ্যিক ছবির সংখ্যা কম। তরুণ প্রজন্ম গ্রহণ করবে, এমন ছবি কোথায়? তরুণেরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে বাইরের দেশের ভালো ছবি দেখে। আমি ভাবলাম, আমাদের দেশে এ রকম ভালো বাণিজ্যিক ছবি হবে না কেন?’২০০৯ সাল থেকেই কাজ শুরু। রনি নিজেই লিখলেন কাহিনি, চিত্রনাট্য। ছবি করার কাঁড়ি কাঁড়ি টাকা কোথায় মিলবে? স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট এগিয়ে এল। মাছরাঙাও যুক্ত হলো। এরপর অভিনয়শিল্পীসহ পুরো প্রডাকশনের সদস্য নির্বাচন করা হলো। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল হুমায়ুন ফরীদির। কিন্তু অসুস্থতার কারণে তিনি দু-একদিন শুটিং করার পর আর কাজ করতে পারেননি। তাঁর জায়গায় কাজ করেছেন শহীদুজ্জামান সেলিম। রনি যে একটি ভালো ছবিই তৈরি করতে চেয়েছেন, তার একটি প্রমাণ হলো অভিনয়শিল্পী নির্বাচন। ফরীদির কথা যেমন তিনি ভেবেছেন, তেমনি এ টি এম শামসুজ্জামানের কথাও ভেবেছেন। মূল চরিত্রে এসেছেন টালিউড-তারকা ইন্দ্রনীল আর আমাদের জয়া আহসান। বাংলাদেশে কোনো নায়ক খুঁজে পেলেন না?—আক্ষেপটা রনিকে জানানো হলো।‘চেষ্টা করেছি। নতুনদের নিয়েও চেষ্টা করেছি। কিন্তু চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে পাওয়া গেল না। সে সময় অটোগ্রাফ ছবিটি দেখা হয়েছে। অ্যাকশন ছবির জন্য চাই অ্যাকশন হিরো। ব্যস, ইন্দ্রনীলই এলেন পছন্দের তালিকায়।’ বললেন রনি। ইন্দ্রনীল তখন কোনো ছবিতে কাজ করছিলেন না। দুই মাসের ছুটি নিয়েছিলেন স্ত্রী বারখাকে সময় দেওয়ার জন্য। এ সময় বারখা ছিলেন সন্তানসম্ভবা। রনির কাছ থেকে ছবির কাহিনি শুনে ইন্দ্রনীল বারখাকে বললেন, এক মাসের মধ্যেই চোরাবালির কাজটা করতে চান। বারখা সহজভাবেই নিলেন বিষয়টি। ব্যস! ইন্দ্রনীল ১৮ দিন কাটিয়ে গেলেন চোরাবালির সেটে। শিল্পের সঙ্গে বাণিজ্যটাকেও ধরতে চেয়েছেন রনি। তাই এখানে রয়েছে আইটেম গান।চোরাবালির আবহসংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। বাইশে শ্রাবণ ছবির আবহসংগীতও করেছেন তিনি। গানগুলোর সংগীত আয়োজন করেছেন আইয়ুব বাচ্চু, হূদয় খান, ফুয়াদ, আরফিন রুমি, অনুপম রায় ও মিলন মাহমুদ। গান করেছেন আইয়ুব বাচ্চু, হূদয় খান, কনা, ন্যান্সি, আরফিন রুমি, অনুপম রায় ও মিলন মাহমুদ।রেদওয়ান রনির কাছে প্রশ্ন রাখি, কেন আপনার ছবিটি দেখতে হবে?‘ছবিটি দেখতে হবে দেখার মতো হয়েছে বলেই। ঢাকা শহরের শট নেওয়ার জন্য গুলশানের নির্মীয়মাণ একটি বিশাল বাড়ির ২৫ তলায় উঠেছিলাম আমরা পুরো ইউনিট, হেঁটে হেঁটে। সীতাকুণ্ডের শ্মশানে সারা রাত করেছি শুটিং। পোস্ট প্রডাকশনের কাজ করেছি ভারতের প্রসাদ ফিল্ম ল্যাব মুম্বাইতে। কালারিস্ট হিসেবে ছিলেন যুক্তরাজ্যের রবার্ট ল্যাং। হলিউড, বলিউডে অনেক ভালো কাজ আছে তাঁর। ছবিতে মারপিট, অ্যাকশন, গান—সবকিছুর সংমিশ্রণে আমি যে অ্যাকশন থ্রিলার বানিয়েছি, তা দর্শক দেখবেই।’পাঠক, রনি আমাকে ছবির গল্পটি বলেছেন। কিন্তু আমি আপনাদের এ ব্যাপারে কিছু বলব না, বললে ছবি দেখার মজাটাই হারিয়ে যাবে। শুধু কিছু ক্লু রেখে যাই। এই ছবিতে সৎ রাজনীতিবিদের পাশাপাশি গডফাদার রাজনীতিবিদ আছেন, আছেন পেশাদার খুনি, সাহসী সাংবাদিক। কিডন্যাপ, হত্যা, প্রেমও আছে। কী, গুলিয়ে গেল ভাবনা? একটু না হয় এলোমেলো হলোই। হলে গিয়ে ছবি দেখতে বসলেই নাকি মাথা পরিষ্কার হয়ে যাবে। এমনটাই দাবি রনির।ঠিক আছে, প্রেক্ষাগৃহেই দর্শক জেনে নিক, রনির দাবি সত্য কি না।আমার তো মনে হলো, বাংলা চলচ্চিত্রে এখন অনেক তরুণ নির্মাতা কাজ শুরু করেছেন। এটা খুবই আশার দিক।রনি সেই আশার প্রদীপে একটু আলো জ্বাললেন বলে বিশ্বাস করতে বড় ইচ্ছে হয়।