মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে এখন চলছে নকআউট পর্ব-২। পাঠক, আপনার প্রিয় তারকাকে ভোটের মাধ্যমে বসিয়ে দিতে পারেন এক নম্বর আসনে। এ পর্বেপ্রতি বিভাগে আছেন পাঁচজন করে তারকা। এসএমএস আর কুপনের ভোটের মাধ্যমে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হবেন চারজন।তারপর আপনাদের ভোটে পুরস্কার পাবেন একজন তারকা।দুইভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন; নিজের পছন্দের তারকাকে ‘আনন্দ’ পাতায় প্রকাশিত কুপন কেটে পূরণ করে, ডাকযোগে প্রথম আলোর ঠিকানায় পাঠিয়ে দিয়ে অথবা যেকোনো মুঠোফোন সেট থেকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে। পাঠকদের জন্যও আছে পুরস্কারের ব্যবস্থা। কুপন ও এসএমএস যাঁরা পাঠাবেন, তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় সব পুরস্কার। টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য পাঠক ও ভক্তদের ভোটে পাঁচজন অভিনেতা চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে আছেন। তাঁরা হলেন অপূর্ব (এক্স ফ্যাক্টর), চঞ্চল চৌধুরী (পাত্রী চাই), জাহিদ হাসান (একা), ফজলুর রহমান বাবু (দৈনিক তোলপাড়) ও মোশাররফ করিম (হাউসফুল)। এবার জানা যাক, যাঁরা নকআউট পর্ব-২-এ রয়েছেন তাঁদের প্রতিক্রিয়া। একের পর এক নাটকের কাজ করে যাচ্ছেন অপূর্ব। মাসের ৩০ দিনই কাজের ব্যস্ততা তাঁর। ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার’ নিয়ে বললেন, ‘আসলেই আমি সৌভাগ্যবানদের একজন। পুরস্কার পাব কি না, তা জানি না। কিন্তু এই মনোনয়ন আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিবছরই মনে হয়, আমি এক ধাপ করে এগোচ্ছি। এখানে আমার সঙ্গে যাঁরা মনোনয়ন পেয়েছেন, সত্যি বলতে কি, তাঁরা সবাই আমার চেয়ে অনেক ভালো অভিনয় করেন। তার পরও আমি খুশি, তালিকায় আমার নাম রয়েছে।’ যদি অপূর্বকে দেখতে চান চূড়ান্ত পর্বে, তবে পাঠক ও ভক্তদের এসএমএসের মাধ্যমে ভোট দিতে হবে। ভোট দিতে আপনাকে মুঠোফোন সেটের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 3a লিখে ২২২১ নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন। সঙ্গে পত্রিকার কুপনও পাঠাতে পারেন।মনপুরা দিয়ে দর্শকদের মন জয় করে চঞ্চল বছরের শুরু থেকেই ব্যস্ত ছিলেন গৌতম ঘোষের মনের মানুষ চলচ্চিত্র নিয়ে। সেটিরও শুটিং শেষ করেছেন। আগামী মাসেই ভারতে যাবেন ছবির ডাবিং করতে। সম্প্রতি তিনি সালাহউদ্দিন লাভলু পরিচালিত রাইফেল সবুজ নামের একটি নাটকে কাজ করে এলেন। এটির শুটিং হয়েছে ময়মনসিংহের এক পাটকলে। দুই বয়সের দুটি চরিত্রে চঞ্চল একাই কাজ করেছেন বলে জানালেন। চঞ্চল বললেন, ‘আমি ২০০৯ সালে যে কাজগুলো করেছিলাম, তার মধ্যে ভালো দুটি কাজের জন্যই মনোনয়ন পেয়েছি। দুটি কাজ নিয়েই আমি আশাবাদী।তবে পুরোটাই নির্ভর করছে ভক্ত আর দর্শকদের মর্জির ওপর। অবশ্য আমি আশাবাদী মানুষ।’চঞ্চলকে কুপনের পাশাপাশিএসএমএসে ভোট দিতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 3b লিখে ২২২১ নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে। প্রতিটি দিনই ব্যস্ত সময় পার করেন জাহিদ হাসান। হয় শুটিং, না হয় এডিটিং। জাহিদ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজুয়াল মিডিয়া থেকে কয়েক বছর ধরেই নাটক নির্মাণ করছেন। সম্প্রতি তিনি বাইরের প্রোডাকশন থেকে নির্মিত গ্র্যাজুয়েট নামের একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রতিযোগিতায় প্রতিবারই জাহিদ মনোনয়ন পেয়েছেন।একাধিকবার পুরস্কারও এসেছে তাঁর ঝুলিতে। এবারের মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে জাহিদ বলেন, দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমার নাটক দেখেন, আমার কাজ তাঁদের ভালো লাগে, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটি বিষয়। তাঁরা আমাকে মনোনয়ন দেন, এটা আমার প্রতি তাঁদের ভালোবাসা। তাঁদের ভালোবাসাকে আমি সম্মান করি।’জাহিদ হাসানকে ভোট দিতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 3c লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে দিন। আর পত্রিকার কুপন তো রইলই।ফজলুর রহমান বাবু ব্যস্ততার কারণে মঞ্চে কোনো কাজ করতে পারছেন না। এ কারণে নিজেই নিজের ওপর কিছুটা বিরক্ত। কেমন যাচ্ছে দিন? প্রশ্ন শুনে বাবু হাসেন। ‘দিনগুলো তো যাচ্ছে ভালোই। তবে আগামী দিনগুলো কেমন যাবে, তা তো আমি জানি না।’ এভাবেই বলছিলেন বাবু। এখন বাবুর কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে আছে দিবারাত্রি খোলা থাকে, গোলমাল ইত্যাদি। নাটকে অভিনয়ের পাশাপাশি বাবু ব্যস্ত চলচ্চিত্রেও। স্বপ্নডানায়, বৃত্তের বাইরে ছবি দুটিতে অভিনয় করে বাবু বেশ প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়পাগল এ মানুষটি এর আগে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে সমালোচক পুরস্কার পেয়েছেন। জনপ্রিয় শাখায়ও মনোনয়ন পেয়েছিলেন। এবারও তিনি মনোনীত জনপ্রিয় শাখায়। বললেন, ‘প্রথম আলো একটি বহুল প্রচারিত দৈনিক। এর অসংখ্য পাঠক। তাঁরা যে আমাকে ভালোবেসে জনপ্রিয় শাখায় মনোনয়নে নিয়ে এসেছেন, এতেই আমি খুব খুশি। আরেকটি বিষয় হচ্ছে, প্রথম আলোর পুরস্কারটি আমার কাছে স্বচ্ছ মনে হয়। আসলে যাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, তাঁরাও জনপ্রিয়। এখন চূড়ান্ত রায় কী হবে সেটাই দেখার বিষয়।’ফজলুর রহমান বাবুকে এসএমএসে ভোট দিতে আপনি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 3d লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে দিন। পাশাপাশি পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ করেও পাঠাতে পারেন।মুঠোফোনে একবারে মোশাররফ করিমকে পাওয়া গেছে, এ কথা নিশ্চয়ই তাঁর স্ত্রী ছাড়া কেউ বলতে পারবেন না। মোশাররফ বললেন, ‘স্ত্রীও একবার ফোন করে পায় না। কী করব ভাই। নিজের জন্য কোনো সময় তো রাখি না। সবাই নিয়ে নিয়েছে। কাজের সময় কথা বলতে পারি না।’এভাবেই নিজের ব্যস্ততার কথা জানালেন মোশাররফ করিম। থিয়েটারে কাজ ছেড়ে দিলেন? এমন প্রশ্ন করতেই আবার মোশাররফের অনুযোগ, ‘কী করমু ভাই। কেউ তো আর ছাড়ে না। সবারই কাজ করতে হচ্ছে।’ এমনই সহজ-সরলভাবে কথা বলেন তিনি। ভক্তরা যদি মোশাররফকে চূড়ান্ত পর্বে দেখতে চান, তবে এক্ষুনি এসএমএস করুন। এ জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 3e লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে দিন। সঙ্গে কুপন পূরণ করে ভোট করার সুযোগ তো আছেই।এসএমএস ভোট দেওয়া যাবে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, একটেল, টেলিটক ও ওয়ারিদের সংযোগ থেকে। পছন্দের তারকাকে যত খুশি এসএমএস করতে পারবেন।(মনোনীত তারকাদের নাম ও ছবি বর্ণানুক্রমিকভাবে ছাপা হলো)