এ বছর কাজ নিয়ে আনন্দে থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
6
6

টালিউডের ছবি একটি বাঙালি ভূতের গপ্পো ও রাজকাহিনী দিয়ে ২০১৫ সালে আলোচনায় ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডেও গত বছর মুক্তি পায় তাঁর ছবি জিরো ডিগ্রি। এবার চোখ রাখা ২০১৬ সালে। এ বছর বেশ কিছু নতুন কাজ নিয়ে জয়া প্রস্তুত। সম্প্রতি তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল গত বছরের অর্জন ও এ বছরের পরিকল্পনার কথা।
গেল বছরে আপনার অর্জন কী ছিল?
আমি অর্জনের হিসাব করি না। কাজ করে যাওয়াতে বিশ্বাস করি। গত বছর আমি বেশ কয়েকটি ভালো ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে আছে বাংলাদেশে অনিমেষ আইচের জিরো ডিগ্রি, আর কলকাতায় ইন্দ্রনীল রায় চৌধুরীর একটি বাঙালি ভূতের গপ্পো ও সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী। তিনটি ছবির গল্প তিন ধরনের। ২০১৫ সালে মুক্তি পাওয়া তিনটি ছবিই আমার জন্য ছিল একেকটি নতুন অভিজ্ঞতা।
কেন?
আমি মনে করছি, রাজকাহিনী পুরো ভারতীয় চলচ্চিত্রশিল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। এতে আমিও অংশগ্রহণ করেছি। একটি বাঙালি ভূতের গপ্পো অসাধারণ একজন নির্মাতার কাজ। তিনি আমার ভীষণ পছন্দের একজন নির্মাতা। এ রকম আরও কাজ করতে চাই। আর অনিমেষ আইচের জিরো ডিগ্রি তো ২০১৫ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সিনেমা।
নতুন বছরে নতুন স্বপ্নে সবাই পথ চলে। তো নতুন বছরে আপনি কী স্বপ্ন দেখেন?
আমি কোনো রোডম্যাপ তৈরি করে পথ চলি না। সামনে যে চ্যালেঞ্জ আসে, আমি তা গ্রহণ করি। এটা আমার চরিত্রের বৈশিষ্ট্য। শুরু থেকে আমি এভাবেই পথ চলছি। সামনেও এর কোনো নড়চড় হবে না। সেই হিসেবে বলতে পারি, এ বছরও যদি কোনো চ্যালেঞ্জ আসে, তা গ্রহণ করব।
নতুন কোনো প্রত্যাশা?
আশা করছি, ২০১৬ সালে কর্মমুখর সময় কাটবে। ‘কেমন কাটল’র চেয়ে বড় কথা হচ্ছে, যখন যে কাজটা নিয়ে ব্যস্ত থাকি, সেই কাজটা এনজয় করি। আনন্দ পাই। এ বছর কাজ নিয়ে আনন্দে থাকব।
নতুন ছবির কাজ শুরু করছেন?
এই মুহূর্তে কাজ করছি সাইফুল ইসলাম মান্নুর পুত্র ছবিতে। ফেব্রুয়ারিতে শুরু করব মাহমুদ দিদারের বিউটি সার্কাস। শেষ করেছি প্রিয় লেখক হাসান আজিজুল হকের গল্পে আকরাম খানের পরিচালনায় খাঁচা ছবির কাজ। খুব শিগগির মুক্তি পাবে সাফিউদ্দিন সাফির পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২ ছবিটি। কলকাতায়ও নতুন ছবির কাজ শুরু করছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের