শুধু ভুল আর রাজনৈতিক বক্তব্য দিয়ে নয়, এ বছরের অস্কার আসর নানা কারণে হয়ে থাকবে স্মরণীয়। এবারের আয়োজনকে ‘ইতিহাস গড়ার অস্কার’ বললেও ভুল হবে না। ইতিহাসের মোড় বদলে দেওয়া ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের কিছু স্মরণীয় জয় নিয়েই আজকের আয়োজন—

সবচেয়ে কম বয়সী মেয়ের হাতে অস্কার!
সেরা অভিনেত্রী বিভাগে এ বছর মনোনয়ন পেয়েছিলেন পাঁচ অভিনেত্রী। তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়েটিই মাত করে দিলেন বাঘা বাঘা সব নায়িকাকে। ২৮ বছর বয়সে লা লা ল্যান্ড ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিলেন এমা স্টোন। তাঁকে এ বছর এই অস্কারজয়ের জন্য লড়তে হয়েছে ৬৭ বছর বয়সী মেরিল স্ট্রিপ, ৬৩ বছরের ইসাবেল হুর্পেট, ৩৫ বছর বয়সী নাটালি পোর্টম্যান ও রুথ নেগার সঙ্গে। তবে অস্কার ইতিহাসে সেরা অভিনেত্রী বিভাগের সবচেয়ে কমবয়সী বিজয়ী হওয়ার ইতিহাস এখনো রয়ে গেছে মারলে মাটলিনের কাছে। ১৯৮৬ সালের চিলড্রেন অব আ লেজার গড ছবির জন্য মাত্র ২১ বছর ২১৮ দিন বয়সে তিনি অস্কার মূর্তি হাতে নিয়েছিলেন।

ভাইয়ে ভাইয়ে রেকর্ড গড়লেন
ম্যানচেস্টার বাই দ্য সি ছবির জন্য সেরা অভিনেতার অস্কার গেল অভিনেতা কেসি অ্যাফ্লেকের ঘরে। আর এর মধ্য দিয়েই ‘অ্যাফ্লেক’ পরিবার নাম লেখাল অস্কার ইতিহাসে। কেসি অ্যাফ্লেক ও তাঁর বড় ভাই বেন অ্যাফ্লেক হলেন ইতিহাসের তৃতীয় সহোদর জুটি, জিতেছেন অস্কার। কেসির জয়ের আগে হলিউড তারকা বেন অ্যাফ্লেক দুটো অস্কার ঘরে তুলেছিলেন। ১৯৯৭ সালের গুড উইল হান্টিং ছবির জন্য তিনি সহ-চিত্রনাট্যকার হিসেবে ও ২০১২ সালের আরগো ছবির জন্য প্রযোজক হিসেবে অস্কার জিতেছিলেন বেন।
এর আগে শার্লে ম্যাকলেইন টার্মস অব এনডিয়ারমেন্ট ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন। তাঁর ভাই ওয়ারেন বেটি অস্কার পেয়েছিলেন সেরা পরিচালক বিভাগে রেডস ছবির জন্য। সবার আগে এই ইতিহাসটি গড়েছিলেন ভাইবোনের জুটি লিওনেল ব্যারিমোর ও এথেল ব্যারিমোর। লিওনেল সেরা অভিনেতা হিসেবে ১৯৩১ সালে অস্কার জেতেন আর এথেল সেরা সহ-অভিনেত্রীর অস্কার জেতেন ১৯৪৪ সালে।

ইতিহাসেও ‘ধূসর’ এবারের অস্কার!
সাদা আর কালোয় মিলে হয় ধূসর বর্ণের জন্ম। বিগত দুই বছরের অস্কার আসরে শুধুই শ্বেতাঙ্গদের জয়জয়কার নিয়ে ছিল প্রচুর বিতর্ক। প্রশ্ন উঠেছিল সবখানে, অস্কার কেন সাদা? তবে এবার মনোনয়ন ঘোষণার পর থেকেই সেই প্রশ্ন ম্লান হয়েছে। আর পুরস্কার ঘোষণার পর তো সত্যিকার অর্থেই এ বছর সাদা আর কালোয় মিলে অস্কার যেন হয়ে উঠল ধূসর। ৮৯ বছরের অস্কার ইতিহাসের কোনো আসরেই সর্বোচ্চ তিনজন কৃষ্ণবর্ণের বেশি ব্যক্তির হাতে যায়নি অস্কার মূর্তি। তবে এবারের অস্কার ব্যতিক্রম। এ বছর বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ৬ জন ভিন্ন বর্ণের মানুষ অস্কার জিতেছেন। এর মধ্যে সহ-অভিনেতা, সহ-অভিনেত্রী ও চিত্রনাট্যের মতো মূল তিনটি বিভাগসহ রয়েছে বিদেশি ভাষার ছবি ও তথ্যচিত্র (ফিচার) বিভাগ। মুনলাইট ছবির জন্য সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড) বিভাগে জয়ী দুই চিত্রনাট্যকারই কৃষ্ণবর্ণের।

প্রথম অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ মুসলিম অভিনেতা
গত ২৬ ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠানের শুরুটাই হয় ইতিহাস গড়ার মধ্য দিয়ে। পুরস্কার ঘোষণা করা প্রথম বিভাগটি ছিল সেরা সহ-অভিনেতার। তাতে জেফ ব্রিজেস, মাইকেল শ্যানন, লুকাস হেজেস ও দেব পাটেলের মতো অভিনেতাদের হারিয়ে অস্কার জিতে নেন মুনলাইট ছবির মাহারশালা আলী। মাহারশালার জীবনের প্রথম এই অস্কার তাঁকে ইতিহাসে জায়গা করে দিয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম অভিনেতা হিসেবে মাহারশালা এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেন।

২১ বারের চেষ্টায় অস্কার অর্জন
কেভিন ও’কনেল এ বছরের আসরে গড়েছেন বিশাল এক ইতিহাস। তিনি গত ২০ অস্কার আসরে সেরা শব্দমিশ্রণ বিভাগে পেয়ে আসছিলেন মনোনয়ন। কিন্তু কোনোবারই অস্কার মূর্তি ঘরে তুলতে পারেননি। এতটা অপয়া ব্যক্তি অস্কার ইতিহাসে আর খুঁজে পাওয়া যায় না। তবে এবারের আসরে কেটে গেল কেভিনের দুর্ভাগ্য। অবশেষে তিনিও জিতলেন অস্কার। হ্যাকসো রিজ ছবির জন্য এই শব্দ প্রকৌশলী জিতেছেন স্বপ্নের সেই অস্কার।

সবচেয়ে কম বয়সী অস্কারজয়ী নির্মাতা
এমা স্টোন সর্বকালের ইতিহাসে সর্বকনিষ্ঠ অস্কারজয়ী অভিনেত্রী হতে পারেননি। তবে এই ছবিরই নির্মাতা ইতিহাসে জায়গা করে নিলেন। ডেমিয়ান শ্যাজেল তাঁর লা লা ল্যান্ড ছবির জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার জিতে সবচেয়ে কম বয়সী নির্মাতাদের তালিকার প্রথম স্থানটিও দখল করে নিলেন। এত দিন ইতিহাসে অস্কার জেতা সর্বকনিষ্ঠ চিত্রনির্মাতা ছিলেন নরম্যান টওরগ। তিনি ১৯৩১ সালে স্কিপি ছবির জন্য মাত্র ৩২ বছর ২৬০ দিন বয়সে জেতেন অস্কার। আর এ বছর ডেমিয়ান সেরা পরিচালকের অস্কার জিতেছেন ৩২ বছর ৩৯ দিন বয়সে। গত ১৯ জানুয়ারি সদ্য অস্কারজয়ী এ নির্মাতা তাঁর ৩২তম জন্মদিন পালন করেন।

বিরল সম্মাননা থেকে এক ধাপ দূরে ভায়োলা
কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে তো বটেই, ভায়োলা ডেভিস নারী-পুরুষ ও বর্ণনির্বিশেষে এবারের অস্কারে গড়েছেন ইতিহাস। ‘ইগট’ (EGOT) নামে একটি দুর্লভ উপাধি রয়েছে। এটি দিয়ে বোঝানো হয়-‘ই’ (E)-তে এমি অ্যাওয়ার্ড, ‘জি’ (G) গ্র্যামি, ‘ও’ (O) অস্কার এবং ‘টি’ (T)-তে টনি অ্যাওয়ার্ড। এই চারটি পুরস্কারই সংস্কৃতি ও বিনোদনের চারটি শাখা—যথাক্রমে টেলিভিশন, সংগীত, চলচ্চিত্র ও মঞ্চের জন্য সবচেয়ে সম্মানজনক। যে ব্যক্তি এ চারটি পুরস্কারই পেয়েছেন, তাঁদেরই বলা হয়ে থাকে ইগট বিজয়ী। ভায়োলা ডেভিস এমি ও টনি অ্যাওয়ার্ড জিতেছেন। এবার অস্কারজয়ের মধ্য দিয়ে ভায়োলা পৌঁছে গেলেন সেই ২৩ জন তালিকায়, যাঁরা তিনটি সম্মানজনক পদক জিতে ইতিহাসের অংশ হয়েছেন। এখন সামনের বছরগুলোয় ভায়োলা যদি কোনোভাবে একটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিততে পারেন তাহলেই তাঁর নাম যুক্ত হয়ে যাবে সেই ১২ জন দুর্লভ শিল্পীর কাতারে, যাঁরা বিশ্বের সেরা চারটি পুরস্কারই জিতেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় এ আয়োজনে অংশ নেন হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অঙ্গনের তারকারা। এ বছর মিলনায়তনে বসে অনুষ্ঠান দেখেছেন ৩ হাজার ৩০০ জন আর বিভিন্ন মাধ্যমে এ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন প্রায় ৩ কোটি দর্শক। ৮৯তম এই অস্কার আসরের সঞ্চালক ছিলেন টিভি ব্যক্তিত্ব জিমি কিমেল। এরই মধ্যে তাঁর হাস্যরসাত্মক উপস্থাপনা নিয়ে বিভিন্ন মাধ্যমে হচ্ছে আলোচনা।
আদর রহমান
এএফপি, এন্টারটেইনমেন্ট উইকলি, হাফিংটন পোস্ট ও একাডেমি কর্তৃপক্ষের তথ্যবিবরণী অবলম্বনে