এ বছর থিয়েটারের চারটি নাটক
‘২০১০ সালে মঞ্চে আমরা দুটি নাটক এনেছিলাম—ফরাসি নাটকের বাংলা অনুবাদ শেষ খেলা এবং বছরের শেষ দিকে বারামখানা। এর আগে কয়েক বছর আমাদের তেমন উল্লেখযোগ্য কোনো কার্যক্রম ছিল না। সেটা পোষানোর জন্য ২০১১ সালে আমরা চারটি নতুন নাটক তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে তিনটি মঞ্চের জন্য আর একটি পথনাটক। এরই মধ্যে আমাদের দলের সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি নাটকগুলোর প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে।’ বললেন থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার।চারটি নতুন নাটকের একটি মঞ্চে আসছে এপ্রিল মাসের আগেই। উদ্দেশ্য রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন। নাটকের নাম মুক্তধারা। রামেন্দু মজুমদার বললেন, ‘এটি রবীন্দ্রনাথের সাংকেতিক এবং কাব্যমূলক নাটক। নির্দেশনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নায়লা আজাদ নূপুরকে। এ বছর রবীন্দ্রাথের আরও একটি নাটক মঞ্চে আনব। সেটি হবে সামাজিক নাটক। তবে নাটকটি এখনো চূড়ান্ত হয়নি।’ফেরদৌসী মজুমদার এর আগে রবীন্দ্রনাথের দুই বোন ও ঘরে বাইরে নাটকের নির্দেশনা দিয়েছিলেন। সর্বশেষ নির্দেশনা দিয়েছিলেন ১৯৯৭ সালে, আবদুল্লাহ আল মামুনের মেহেরজান আরেকবার নাটক। রামেন্দু মজুমদার জানালেন, এবার রবীন্দ্রনাথের সামাজিক নাটকটি নির্দেশনা দেবেন ফেরদৌসী মজুমদার। আর তৃতীয় নাটকটির ব্যাপারে আলোচনা চলছে। বছর চারেক আগে সর্বশেষ পথনাটক করেছিল থিয়েটার। এবার নতুন পথনাটক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি লিখেছেন ও নির্দেশনা দেবেন খুরশীদ আলম। নাটকের নাম আমরা সবাই চোর। আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত জাতীয় পথনাটক উৎসবের উদ্বোধনী দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চস্থ হবে এটি।রামেন্দু মজুমদার বললেন, ‘নতুন ছেলেমেয়েদের নিয়ে বারামখানা নাটকটি করতে গিয়ে উৎসাহিত হয়েছি। এই ছেলেমেয়েদের নিয়েই আমরা নতুন নাটকগুলো মঞ্চে আনব।’