
গাছের ছায়াঘেরা গ্যালারি কায়ার উঠোন পেরোলেই দপ্তর। এক পাশের দেয়ালজুড়ে ঝোলানো নানা অভিব্যক্তির অনেকগুলো মুখোশ। আর গ্যালারির দেয়ালে সারি বেঁধে ঝুলছে কাচের ফ্রেমবন্দী নিসর্গ। সেই নিসর্গ নির্জলা নয়। জলরঙে ওই নিসর্গের ছবিগুলো এঁকেছেন তরুণ শিল্পী শাহানূর মামুন। এটি তাঁর তৃতীয় একক জলরঙের প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় ‘নস্টালজিয়া অ্যান্ড দ্য ফ্লোয়িং লাইফ’ প্রদর্শনীটি উদ্বোধন করা হয়।
চারুকলার সাবেক শিক্ষার্থী শাহানূর জানান, প্রদর্শনীর এই ছবিগুলো আঁকার জন্য নিসর্গের কাছে যেতে হয়েছে তাঁকে। সুন্দরবন, লামা, খাগড়াছড়ির সবুজ প্রকৃতি ঘুরে ঘুরে তিনি এসব ছবির জন্য দৃশ্য আর প্রেরণা সংগ্রহ করেছেন। একদিন নৌকায় ব্রহ্মপুত্রে ভেসে ভেসে এঁকেছেন সারা দিন। সেদিন সন্ধ্যার বৃষ্টিতে কাগজের সব রং ধুয়ে গেছে। কিন্তু ঘরে ফিরে ওই ছবিটি আরও সুন্দর করে আঁকতে পেরেছেন তিনি। শাহানূর বলেন, ‘প্রকৃতির কাছে গেলে সে কাউকে ফেরায় না।’
গতকাল শনিবার বিকেলে শাহানূরের ছবিগুলো দেখতে সেখানে যান ড. বিনায়ক সেন, শিল্পী রতন মজুমদারসহ আরও অনেক গুণীজন। ঢাকা ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদেরও দেখা মেলে।
গ্যালারির ব্যবস্থাপনা সহযোগীরা জানালেন, উদ্বোধনের দিন শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। তিনি বলেন, ‘অনেক আগের যেই ঢাকাকে এখনকার প্রজন্ম দেখেনি, আমরা দেখছি—ছবিতে সেই ঢাকাকে দেখা হলো।’
শিল্পী জামাল আহমেদ মন্তব্য করেছেন, এই শিল্পীর কাজে চর্চার ছাপ আছে। শাহানূরের জলরঙের ছবিগুলোকে লেখক আনিসুল হক বলেছেন, মুহূর্তের কবিতার মতো। তাঁরা দুজন ছিলেন প্রদর্শনীর উদ্বোধক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শবনম আজিজ।
একদৃষ্টে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকলে হয়তো দেখা যাবে আলতো নড়ে উঠল ‘সিটি রেইন’ ছবির রিকশাটা। ‘রিদম অব রেইন’ শিরোনামের ছবিগুলোর দিকে খানিক সময় চুপচাপ চেয়ে রইলে যদি অবচেতনে ঝড়ের শব্দ বেজে ওঠে, বিস্মিত হওয়ার কিছু নেই। এ বছর নীল রং আবিষ্ট করে রেখেছে শিল্পীকে। প্রকৃতি, পুরান ঢাকা ও বৃষ্টির ছবিগুলোতে তাই নীলের ছোঁয়াই বেশি।
শাহানূরের স্বপ্ন, বাংলাদেশে একদিন আন্তর্জাতিক জলরঙের প্রদর্শনী হবে। সেই স্বপ্ন নিয়েই এঁকে যাচ্ছেন তিনি। তাঁর এই প্রদর্শনী শেষ হবে ২০ অক্টোবর। সবার জন্য গ্যালারির বাতিগুলো জ্বালিয়ে রাখা হয় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।