এ বছরই বিয়ে করছেন প্যাটিনসন-স্টুয়ার্ট!
এ বছরই বিয়ে করছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট—সাম্প্রতিক এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে শোবিজস্পাই। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এরই মধ্যে স্টুয়ার্টের অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন প্যাটিনসন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সম্প্রতি প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের অনামিকায় পান্নার একটি আংটি পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্যাটিনসন। এ বছরের শেষ দিকে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন তাঁরা। প্যাটিনসনের জীবনে স্টুয়ার্টই একমাত্র নারী যাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন। একে অপরকে আজীবন সঙ্গী হিসেবে কাছে পাওয়ার উদ্দেশে তাঁরা আংটি বদল করেছেন।’সূত্রটি আরও জানিয়েছে, ‘প্রাণচাঞ্চল্যে ভরপুর অকৃত্রিম একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চান স্টুয়ার্ট-প্যাটিনসন। তাঁদের বিয়ের অনুষ্ঠানের বড় একটি অংশ জুড়ে থাকবে সংগীত। এরই মধ্যে স্টুয়ার্টের জন্য গান লেখা শুরু করেছেন প্যাটিনসন। গত বছর ক্রিসমাসে প্রেমিকা স্টুয়ার্টের কাছ থেকে দুষ্প্রাপ্য ফেন্ডার গিটার উপহার পেয়েছিলেন প্যাটিনসন। বিয়ের আসরে সেই গিটারটি বাজিয়েই তিনি স্টুয়ার্টের জন্য লেখা গানটি গেয়ে শোনাবেন।’