এ বছরের নির্মাতাদের আগামী বছরের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২০১৭ শেষ হতে আর কয়েকটা সূর্যাস্ত বাকি। পুরো বছরের হিসাব মেলাতে খাতা খুলে বসেছেন অনেকে। সাফল্য-ব্যর্থতায় গাঁথা বছরটা কেমন কাটল? এ প্রশ্ন সবাই সবার দিকে ছুড়ে দিচ্ছেন কথায় কথায়। আমরা হিসাব মেলাতে বসে পড়লাম। শুরু করলাম সিনেমা দিয়ে। বছরের আলোচিত ছবিগুলোর মধ্য থেকে চারটি বেছে নিয়ে এর নির্মাতাদের সঙ্গে কথা হলো। তাঁরা এ বছরের কথার সঙ্গে জুড়ে দিলেন তাঁদের আগামী বছরের নতুন ছবির কথাও। তাঁদের সঙ্গে কথা বলেছেন আদর রহমান

এবার হবে মনস্তাত্ত্বিক ছবি

ফাখরুল আরেফিন খান
নির্মাতা, ভুবন মাঝি, (মুক্তি ৩ মার্চ)
সরকারি অনুদানে নির্মিত ছবি যে বাণিজ্যিকভাবে এতটা গ্রহণযোগ্যতা পাবে, তা ভাবনায় ছিল না নির্মাতা ফাখরুল আরেফিন খানের। ভুবন মাঝি তাঁকে প্রত্যাশার চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। এ দাবি নির্মাতার। তাই তো সেই ভালোবাসার তাগিদে নতুন ছবির কাজে কোমর বেঁধে নেমেছেন তিনি। পরের ছবির কাজ এগিয়েছে অনেক দূর। জানালেন, ফেব্রুয়ারিতেই আসছে ঘোষণা। তবে প্রথম আলোকে তাঁর পরের ছবির আবছা আভাস দিয়ে রাখলেন। তাঁর পরের ছবিটি হবে মনস্তাত্ত্বিক গল্প নিয়ে। এটি হতে পারে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। কাজটি করছেন ভারতের পশ্চিমবঙ্গের চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। তিনি এর আগে অরিন্দম শীল পরিচালিত কলকাতার হর হর ব্যোমকেশ ও ব্যোমকেশ পর্ব ছবির চিত্রনাট্য লিখেছেন। ফাখরুল কথায় কথায় বলে রাখেন, তাঁর নতুন ছবির মূল পাত্রপাত্রী নির্বাচনের কাজও ৮০ ভাগ হয়ে গেছে। ফেব্রুয়ারিতেই কাজ শুরু করে ছবিটি বছরের শেষ নাগাদ কিংবা ২০১৯-এর জানুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা তাঁর।

অপেক্ষায় দুটো সিনেমা
দীপঙ্কর দীপন
নির্মাতা, ঢাকা অ্যাটাক, (মুক্তি ৬ অক্টোবর)
সব মহলের দর্শকের ভালোবাসা পেয়েছে ঢাকা অ্যাটাক। পুলিশ থ্রিলার এ ছবি মুক্তির প্রায় তিন মাস হয়ে গেলেও এখনো এটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। এই দর্শক সাড়াই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে দীপঙ্কর দীপনের। তিনি দুটো সম্ভাব্য ছবির পরিকল্পনা নিয়ে আগামী বছরের জন্য প্রস্তুত হচ্ছেন। তবে এখনো তিনি নিশ্চিত নন, কোন ছবির কাজ তিনি আগে শুরু করবেন। দুটো ছবির পরিকল্পনার কথা বলতে গিয়ে দীপন জানিয়ে রাখলেন, তিনি তাঁর প্রতিটি ছবি দিয়ে বাংলাদেশের সিনেমাজগতে নতুন প্রভাব ফেলতে চান। তাঁর আগামী দুই প্রকল্পেও এর ব্যতিক্রম হবে না। দুটো ছবির একটির প্রস্তুতির জন্য তাঁর বেশ লম্বা সময় লাগবে। তাই এর প্রি-প্রোডাকশন তিনি শিগগিরই শুরু করতে চান। আরেকটি ছবি তিনি আগামী বছর নাগাদই শেষ করে দর্শককে দিতে চান। মোট কথা, ২০১৮ সালজুড়ে দীপন থাকতে চান সিনেমা নিয়েই। কারণ, ২০১৭ সালে ঢাকা অ্যাটাক-এর সাড়া তাঁকে উৎসাহ দিয়েছে সিনেমার সঙ্গেই থাকার। নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা তিনি দেবেন আগামী বছরের শুরুর দিকে।

শনিবার বিকেলের গল্প
মোস্তফা সরয়ার ফারুকী
নির্মাতা, ডুব, মুক্তি পায় ২৯ অক্টোবর ২০১৭ ১৭ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। লেখেন, আমার পরের ছবি স্যাটারডে আফটারনুন ওরফে শনিবার বিকেল শ্যুটিং ফ্লোরে যাবে ডিসেম্বরে। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে।’ এভাবেই ডুব এর পর নতুন ছবির ঘোষণা আসে। এ বছরের আলোচিত ছবিগুলোর একটি ডুব। এ ছবি মুক্তির পরপরই ফারুকীর নতুন কাজের ঘোষণা ছিল দেশের সিনেমা জগতে বছরের আলোচিত এক খবর। ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা ছিল, তবে শুটিংয়ের তারিখ এখন পিছিয়েছে। শনিবার বিকেল-এ অভিনয় কারা করছেন এ নিয়ে একটু রহস্য রেখেছেন তিনি। মার্কিন সাময়িকী ভ্যারাইটির একটি খবর শেয়ার করে ফারুকী আভাস দেন, এ ছবিতে অভিনয় করতে পারেন অস্কারে মনোনয়ন পাওয়া ছবি ওমার-এর অভিনেতা ইয়াদ হুরানি ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা। ছবিটি হবে বাংলাদেশ-ভারত-জার্মানের যৌথ প্রযোজনায়। আনুষ্ঠানিক ঘোষণা নতুন বছর শুরু হলে তবেই আসবে।

‘হালদা’র পর ‘ফাগুন হাওয়ায়’
তৌকীর আহমেদ
নির্মাতা, হালদা, (মুক্তি ১ ডিসেম্বর)
তারকাবহুল ছবি হালদা এ মাসেই মুক্তি পাওয়ায় এখনো এর রেশ কাটেনি। ছবিটি নিয়ে চলছে আলোচনা। নির্মাতা তৌকীর আহমেদ জানালেন, প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন তিনি হালদা থেকে। তাই হালদার সেই মোহ থাকতে থাকতেই তিনি জানালেন তাঁর পরের ছবির কথা। তৌকীর আহমেদ পরিচালিত পরের ছবিটির নাম হবে ফাগুন হাওয়ায়। এর বেশি আপাতত আর কিছু বলতে চান না তিনি। শুধু বলে রাখলেন, ছবিটি হবে ১৯৫২ সালের প্রেক্ষাপটে। বাকি তথ্যগুলো কৌতূহলের চাদরেই ঢাকা থাক। ২০১৮ সালের প্রথম ভাগে ছবির আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে এ নিয়ে বিস্তারিত। তবে কথার শেষে তৌকীর আশা প্রকাশ করেন, আগুন হাওয়া আগামী বছরই দেখতে পাবে দর্শক।

ছবি মুক্তির তারিখ অনুযায়ী লেখাগুলো সাজানো হয়েছে