এ বছরের যত সুর-সংগীত আর প্রাণের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের এবারের শেষ আয়োজন ছিল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি। ছবি: সাবিনা ইয়াসমিন
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের এবারের শেষ আয়োজন ছিল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি। ছবি: সাবিনা ইয়াসমিন

জাতীয় জীবনে উত্তাপ দিয়ে শুরু আর শঙ্কায় শেষ হলেও এ বছরটা দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য ছিল আশাজাগানিয়া। জানুয়ারি থেকে ডিসেম্বর—সারা বছরই সংস্কৃতির শাণিত শক্তি উজ্জীবিত রেখেছে দেশকে। শত বিড়ম্বনার মাঝেও নাগরিক মন খুঁজে পেয়েছে মননের প্রশান্তি।
বছরজুড়ে রাজধানী চিত্রশালাগুলোতে শোভা পেয়েছে দেশ-বিদেশের চিত্রশিল্পীর আঁকা ছবি কিংবা ভাস্করের গড়া ভাস্কর্যসহ বহুমাত্রিক শিল্পকর্ম। মাঠে-ময়দানে অথবা মিলনায়তনে বসেছে গান, নৃত্য, আবৃত্তির আসর। শিল্পকলার নাট্যশালার মঞ্চগুলোয় অসংখ্য নাট্য প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে নাটককেন্দ্রিক বেশ কিছু উৎসব। বেশ কিছু নাটকের দল দেশের বাইরে গিয়েও নিজেদের অভিজ্ঞতা বিলিয়েছে।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছর নভেম্বর মাসে নগরবাসী যেন হয়ে উঠেছিল নিশাচর পাখি। সন্ধ্যায় শুরু করে সারা রাত জেগে ভোর অবধি ভেসে বেড়িয়েছেন তাঁরা শাস্ত্রীয় সংগীতের সুরসুধায়। টানা পাঁচ রাত ধরে চলা বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের সুর-তাল ও লয়ের খেলায় সমর্পিত হয়েছেন হাজার হাজার সংগীতানুরাগী। শ্রোতাদের অধিকাংশই উচ্চাঙ্গের কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত কিংবা শাস্ত্রীয় নৃত্যের বোদ্ধা না হলেও এর গভীর নির্যাসটুকু ঠিকই উপলব্ধি করেছেন মনভরে।
শুধু উচ্চাঙ্গ সংগীতই নয়, গোটা বছরে স্মরণীয় হয়ে উঠেছিল নভেম্বর মাসটি। এ মাসে রাজধানীতে সব মিলিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন তিনটি আন্তর্জাতিক সংগীত উৎসব। দেশের লোকসংগীতের নবজাগরণের পূর্বাভাস নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ‘সুরের নেই কোনো সীমারেখা’—এমন বার্তা নিয়ে আয়োজিত হয়েছে ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ মিউজিক ফেস্টিভ্যাল’। দেশের শিল্পীদের পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশের নামজাদা শিল্পীরা শঙ্কাহীন চিত্তে অংশ নিয়েছেন এসব সংগীত আসরে।

আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে কিরণ চন্দ্র রায়
আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে কিরণ চন্দ্র রায়

এমনকি শ্রোতাদের মাঝেও উপস্থিত ছিলেন অনেক ভিনদেশি নাগরিক। ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠ উদ্দীপ্ত হয়েছে জ্যাজ ও ব্লুজ ঘরানার গান এবং যন্ত্রসংগীতের সুর মূর্ছনায়। প্রতিদিন সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত নানা স্বাদের গান শোনা শহুরে শ্রোতারা শামিল হয়েছেন এ উৎসবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, ব্রাজিল ও বাংলাদেশের শিল্পীরা অংশ নিয়েছেন এ সংগীত সম্মিলনে। সংগীত আসরটির আয়োজন করেছিল ব্লুজ কমিউনিকেশনস।
নভেম্বরেই আন্তর্জাতিক সাহিত্যের উদ্যাপনে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা লিট ফেস্ট’। দেশ-বিদেশের খ্যাতিমান সাহিত্যিক-শিল্পী, শিল্প-সমালোচক, প্রকাশক, নোবেলজয়ী বিজ্ঞানীসহ নানা ভুবনের বরেণ্য ব্যক্তিরা অংশ নিয়েছেন এ উৎসবে। বিশ্বখ্যাত ব্রিটিশ জার্নাল ওয়াসাফিরিতে প্রথমবারের মতো বাংলাদেশ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত হয় এ উৎসবে। এ সংখ্যায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের লেখকদের লেখা। এ ছাড়া দেশের সাহিত্যিকদের বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের ‘লাইব্রেরি অব বাংলাদেশ’ নামের গ্রন্থাগার উদ্বোধন হয়। এই ট্রান্সলেশন সেন্টার থেকে প্রকাশিত হয়েছে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল ইসলামের বইয়ের ইংরেজি অনুবাদ।

জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যালে গাইছেন ভারতের বসুন্ধরা বিদ্যালুর
জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যালে গাইছেন ভারতের বসুন্ধরা বিদ্যালুর

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাংলা একাডেমির খোলা আঙিনা, আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, কেকে টি স্টেজ, ভাষা মঞ্চ, বটতলা ও কসমিক টেন্টে অনুষ্ঠিত হয় চিন্তা ও মননের খোরাক জোগানো বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশন। দেশের সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই ফেস্টের আয়োজন করে যাত্রিক। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় সহযোগী আয়োজক হয়েছে বাংলা একাডেমি।
স্মরণীয় নভেম্বরের বাইরে বিজয়ের মাস ডিসেম্বরেও রাজধানীর বিভিন্ন প্রান্তে ছিল নানা অনুষ্ঠান। বিজয় দিবস উদ্যাপনে সংগীতানুষ্ঠান, আবৃত্তিসন্ধ্যা, নাটকের মঞ্চায়ন, চিত্রকর্ম প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ রকমারি অনুষ্ঠানমালায় উদ্দীপ্ত ছিল রাজধানী শহর। প্রতিটি পরিবেশনায় স্মরণ করা হয়েছে একাত্তরের শহীদদের। উচ্চারিত হয়েছে বাঙালির বিজয়গাথা।
‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’ স্লোগানে আট দিনের বিজয় উৎসবের আয়োজন করেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। ভাষাশহীদদের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনারকে মূল ভেন্যু করে শহরের নানা প্রান্তের ১৪টি মঞ্চে ছড়িয়ে দেওয়া হয় এবারের বিজয় উৎসবকে। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস শীর্ষক সপ্তাহব্যাপী বিজয় উৎসবের আয়োজনটিও ছিল তাৎপর্যপূর্ণ ও বৈচিত্র্যময়। এ আয়োজনে যাত্রাপালা পরিবেশনাসহ প্রতিদিন রকমারি অনুষ্ঠানের মাঝে একাত্তরের স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধাসহ শহীদের সন্তানেরা।
এ ছাড়াও, বছরজুড়ে নগরীতে অনুষ্ঠিত হয়েছে শিল্প ও সাহিত্যনির্ভর অজস্র উৎসব ও অনুষ্ঠান। এসব আয়োজনে গানের সুরে, নাটকের সংলাপে, কবিতার শিল্পিত উচ্চারণে আপন মননকে সমৃদ্ধ করেছে শহরবাসী। স্বাধীনতার মাস মার্চে খুলে দেওয়া হয়েছিল একাত্তরের সুখস্মৃতিময় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর।

বাংলা একাডেমিতে ঢাকা লিট ফেস্ট-এর শেষ দিনে কবিতা পড়ছেন কবি নির্মলেন্দু গুণ
বাংলা একাডেমিতে ঢাকা লিট ফেস্ট-এর শেষ দিনে কবিতা পড়ছেন কবি নির্মলেন্দু গুণ


মৈত্রীর বন্ধনে গঙ্গা-যমুনা উৎসব:
২০১৫ সালে নাট্যাঙ্গনের আলোচিত আয়োজন ছিল গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। বিচিত্র বিষয়ভিত্তিক বাংলাদেশ ও ভারতের ১৮টি মঞ্চনাটক দিয়ে সাজানো হয় মৈত্রীর বন্ধনের উৎসবটি। ৪ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ নাটকগুলো মাতিয়েছে নাট্যপ্রেমীদের। যৌথভাবে উৎসব উদ্বোধন করেন দুই বাংলার দুই কিংবদন্তি অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার ও সৌমিত্র চট্টোপাধ্যায়।
আদিবাসী জাতিসত্তার দীপ্ত প্রকাশে মৃত্তিকালগ্ন নাট্যোৎসব:
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতিসত্তার সেই দীপ্ত প্রকাশে নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব। সকল জাতিসত্তার মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির আকাঙ্ক্ষায় এ উৎসবের আয়োজন করে সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদ। ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ৮ দিনের উৎসবে অংশ নেয় বাংলাদেশের ৭টি এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৯টি মৃত্তিকালগ্ন জাতিগোষ্ঠীর নাট্যদল। একযোগে উৎসব অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও নন্দন মঞ্চে।

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের শেষদিনের একটি মুহূর্ত
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের শেষদিনের একটি মুহূর্ত


বিদায় নিয়েছেন যাঁরা:
আনন্দের উল্টো পথে চলা বেদনার নিয়তিতে বছরটিতে চিরবিদায় নিয়েছেন ভাষাশহীদদের স্মৃতিভূমি শহীদ মিনারের অন্যতম রূপকার ভাস্কর নভেরা আহমেদ, একুশে পদকজয়ী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল, চিত্রশিল্পী আসমা কিবরিয়া, কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন, কবি ওমর আলী, পটচিত্রশিল্পী রঘু নাথসহ এ দেশের শিল্পী ও সংস্কৃতিতে নিবেদিত করা বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তিত্ব।
অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে নৃশংসভাবে খুন হয়েছেন মুক্তমনা বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়। একইভাবে মৌলবাদী জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন সৃজনশীল তরুণ প্রকাশক আরেফিন দীপন। এই গুণীজনদের কর্মগুণ এ দেশের ইতিহাসে রেখে গেছে তাঁদের মননের অনুভব।