এ বছর - ও বছরের কথা

তাহসান। সংগীতশিল্পী, অভিনয়ও করছেন। ২০১৫ সালটা তাঁর জন্য ছিল উল্লেখযোগ্য। কয়েকটি গান জনপ্রিয় হয়েছে তাঁর। বড় পর্দায় ছুঁয়ে দিলে মন ছবিতে ‘ছুঁয়ে দিলে মন’ আর টিভিতে অ্যাংরি বার্ড নাটকে ‘প্রেম তুমি’ এবং টু এয়ারপোর্ট নাটকে ‘তুমিময়’। রেডিও ফুর্তিতে চার সপ্তাহ ধরে এক নম্বরে আছে জয় শাহরিয়ারের সঙ্গে তাঁর গান ‘শুধু তোমার জন্য’। পূজার সঙ্গে তাঁর গাওয়া ‘অনুভবে তুমি’ গানটিও শুনছেন শ্রোতারা। অভিনয়ে এবারও সফল তাহসান। তাঁর অভিনীত নাটক অ্যাংরি বার্ড আর টু এয়ারপোর্ট খুব প্রশংসিত হয়েছে। ২৮ ডিসেম্বর দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।
আপনি কোথায়?
চট্টগ্রামে। সন্ধ্যায় এখানে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গান করব।
থার্টি ফার্স্ট নাইটে কী করবেন?
আমার কাজ তো গান করা। সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠান হবে। এখানে গান করব। মাস খানেক আগে সিলেট গিয়েছিলাম, গান করতে। তখন এখানে ছিলাম। খুব ভালো লেগেছে। এখানে বলরুমটা বেশ বড়। আশা করছি ভালো একটা অনুষ্ঠান হবে।
গান নিয়ে খুব ব্যস্ত মনে হচ্ছে।
খুবই। এই কদিন তো গান নিয়েই আছি। এখন অবশ্য গানের দিকটাতে বেশি জোর দিচ্ছি।
আপনি শিক্ষকতা করছেন। ওই কাজের কী হবে?
আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি। এত দিন আমি ছিলাম ফুলটাইম শিক্ষক। এখন পার্টটাইম শিক্ষক। এই সিদ্ধান্ত নিয়েছি মাস খানেক হলো। এর ফলে নতুন বছরে মিডিয়ায় বেশি সময় দিতে পারব। অনেক গান হবে, অভিনয় করব। এ ছাড়া আরও কিছু পরিকল্পনা আছে।
আপনার স্ত্রী মিথিলা ব্যাপারটি কীভাবে দেখছেন?
আমি কিন্তু ওর সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। ও আমাকে খুব ভালো বুঝতে পারে। আমার ইচ্ছা, আমার চাওয়া, আমার স্বপ্ন—সবকিছুর সঙ্গেই ও আছে।
আপনাদের মেয়ের কথা বলুন।
আইরার এখন আড়াই বছর। সামনের জুলাই থেকে ও স্কুলে যাবে। এতটুক একটা বাচ্চা স্কুলে যাবে, ভাবতেই কষ্ট হয়। কিন্তু না দিয়েও উপায় নেই, পরে কোনো ভালো স্কুলে দিতে অনেক সমস্যা হবে।
বলছিলেন, নতুন বছর নিয়ে আপনার কিছু পরিকল্পনা আছে।
হ্যাঁ, ব্যবসার কথা ভাবছি। এ বছর কয়েকজন সেলিব্রিটি খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। এই দিকে আমারও যথেষ্ট দুর্বলতা রয়েছে। আগামী বছর আমিও একটি খাবারের রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা করছি। সামনের দিনগুলোর কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিচ্ছি।
আপনি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
ওই ব্যাপারে আর কিছু বলতে চাই না। ভেবেছিলাম, জীবনে অন্তত একটা ছবিতে অভিনয় করব। শেষ পর্যন্ত আর ব্যাটে-বলে হলো না। আগামী বছর আমি নিজেই একটা চলচ্চিত্র প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছি। গল্প আমার নিজের। পরিচালকদের সঙ্গে কথা বলছি। আমি নিরীক্ষা করব, তা বলছি না। তবে দর্শক যাতে হলে এসে ছবিটি দেখেন, সেদিকে বেশি গুরুত্ব দিচ্ছি। বুঝতেই পারছেন, নতুন বছরে ব্যবসা দাঁড় করাব আর ছবি বানাব।
কোন ধরনের দর্শকদের কথা মাথায় রাখছেন?
যাঁরা আমার নাটক দেখেন। যাঁরা আমার গান শোনেন। যাঁরা আমাকে পছন্দ করেন। আমি আশা করছি, তাঁরা সবাই আসবেন আমার ছবি দেখতে।
আপনি এফএম রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করছেন।
রেডিও ফুর্তিতে প্রতি বুধবার রাত ১১টায় আমার একটা অনুষ্ঠান হয়, নাম ‘ফিফটি টু শেডস অব তাহসান’। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি শ্রোতাদের খুব কাছাকাছি যেতে পারছি। তাঁদের পছন্দ বুঝতে পারছি।
শ্রোতারা এখন কী ধরনের গান পছন্দ করছেন?
ইবিএম (ইলেকট্রনিক ব্যান্ড মিউজিক) ধারার গান এখন শ্রোতারা বেশি শুনছেন। আমি নিজেও সামনে ইবিএম ধারার গান করার পরিকল্পনা করছি।
শিগগিরই আপনার অ্যালবাম পাচ্ছি?
আগামী বছর অনেক গান করার ইচ্ছা আছে। আর আমার ব্যান্ডের একটা অ্যালবাম অবশ্যই করব।
আর নাটকে অভিনয়?
হবে হবে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটা কাজ করব। সবকিছু চূড়ান্ত হোক, তখন সব জানতে পারবেন।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
ধন্যবাদ। প্রথম আলোর সব পাঠক আর আমার দর্শক ও শ্রোতাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।