এ বাঁধন ছিঁড়ে যাবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ড
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ড

কিস মি, স্পাইডি!
২০০২ সালে মুক্তি পাওয়া স্পাইডারম্যান ছবিতে স্পাইডারম্যান আর তাঁর প্রেমিকা ম্যারি জেন ওয়াটসনের চুমুর দৃশ্যটা মনে আছে? ওপর থেকে সুতোয় ঝুলে উল্টো হয়ে নেমে এসেছিল স্পাইডারম্যান। ওয়াটসন দাঁড়িয়ে ছিল। এরপর স্পাইডারম্যানের মুখোশটা আলতো খুলে শুধু ঠোঁটজোড়া বের করে তাতে গভীর আবেশে চুমু এঁকে দিয়েছিল ওয়াটসন।
চুমুর কায়দাটা বেশ আলোচিত হয়েছিল সেবার। উল্টো হয়ে ঝুলন্ত অবস্থায় কজন প্রেমিক চুমু খেয়েছে বলুন!
ঠিক ১০ বছর বাদে আবার রুপালি পর্দায় হাজির হয় নতুন আরেক স্পাইডারম্যান। নতুন পরিচালক। নতুন নায়ক-নায়িকা। এমনকি স্পাইডারম্যানের প্রেমিকার চরিত্রটিও বদলে যায়। পিটার পার্কার এবার ওয়াটসনের বদলে প্রেম করে গোয়েন স্ট্যাসির সঙ্গে।
আসল কমিক বইয়ে স্ট্যাসিই ছিল পার্কারের প্রথম প্রেমিকা। যাকে খুন করে ভিলেন। এরপরই স্পাইডারম্যানের জীবনে আসে ওয়াটসন। এই সুপারহিরোর ভক্তরা এখনো তর্ক করে, কাকে বেশি ভালোবাসত স্পাইডারম্যান, কে ছিল তার সত্যিকারের ভালোবাসা।
এই বিতর্ক যেমন আছে, একইভাবে আছে এই তর্কও; কোন স্পাইডারম্যান বেশি ভালো হয়েছিল—টবি ম্যাগুয়েরের স্পাইডারম্যান নাকি অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান। ২০০২ সালে মুক্তি পাওয়া স্পাইডারম্যান অন্তত একদিক দিয়ে এগিয়ে ছিল ২০১২ সালের অ্যামাজিং স্পাইডারম্যান-এর চেয়ে। ওই যে, ঝুলন্ত চুমু!
তবে পর্দায় ম্যাগুয়ের আর কারস্টেন ডান্সটের চুমুর রসায়নটা ভালো জমলেও পর্দার বাইরে কিন্তু বেশি জমেছিল এমা স্টোন আর গারফিল্ডের রসায়ন। এমনকি পূর্বসূরিদের পর্দার চুমুটাকে ফেল মেরে দিয়েছিল স্টোন-গারফিল্ডের সত্যিকারের চুমুটা। ২০১২ সালে নিউইয়র্ক সিটির নাইনথ অ্যাভিনিউয়ে দুজনের রোমান্টিক চুম্বনের ছবিটা পাপারাজ্জিদের কল্যাণে ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ছড়িয়ে পড়েছিল এই খবরও—শুধু পর্দায় নয়, সত্যিকারের জীবনেও প্রেম করছেন স্টোন-গারফিল্ড। ভক্তরা এই জুটির একটা নামও দিল—স্টোনফিল্ড।
কিন্তু হলিউডের আর সব সম্পর্কের মতো এঁদের জীবনেও আসে জোয়ার-ভাটা। প্রেমের ফিল্ড বা ময়দানে শুধু স্টোন বা পাথরের বন্ধুরতা! গত এপ্রিলে ভাটার প্রবল টানেই আলাদা হয়ে গেলেন দুজনে। দুজনের ক্যারিয়ারের ব্যস্ততা তো ছিলই, গারফিল্ড নাকি কেমন জানি খিটখিটেও হয়ে গিয়েছিলেন। এর জন্য তাঁর নতুন ছবি সাইলেন্স-এর শুটিংয়ের চাপকেও দায়ী করা হচ্ছিল। ওদিকে আগামীকাল মুক্তি পাচ্ছে স্টোনের নতুন রোমান্টিক-কমেডি অ্যালোহা। জুলাইয়ে মুক্তি পাবে উডি অ্যালেন পরিচালিত ইরেশনাল ম্যান।
এই ব্যস্ততার ফাঁকে ক্ষণিকের যে অবসর, তাতেই আবার দেখা মিলল সেই কপোত-কপোতীর। গত ২৭ মে একটি নৈশক্লাবে দুজনকে আবারও রোমান্স করতে দেখা গেছে। নাইনথ অ্যাভিনিউয়ের সেই চুমুর ছবি সতর্ক করে দিয়েছিল দুজনকে। এরপর থেকে পাপারাজ্জির পাল্লায় আর পড়েননি। পড়লেও একান্ত ব্যক্তিগত মুহূর্ত অন্যের ক্যামেরাবন্দী হওয়ার সুযোগ দেননি।
তবে কি আড়ালেই সম্পর্কটা সযত্নে লালন করছিলেন? বিচ্ছেদের খবরটা কি তাঁদেরই পরিকল্পিত রটনা? কিন্তু যে দুজন পাপারাজ্জিকে এড়িয়ে চলেছেন এত দিন, তাঁরাই এবার হুট করে কেমন জানি বদলে গেলেন। ইচ্ছে করেই যেন ক্যামেরায় ধরা দিচ্ছেন। কুছ পরোয়া নেহি। খুল্লামখুল্লা প্রেম। যেন তাঁরা গাইছেন, এ বাঁধন ছিঁড়ে যাবে না...।
হলিউড লাইফ অবলম্বনে