এ মাটি নয় জঙ্গিবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জাতীয় নাট্যোৎ​সবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জাতীয় নাট্যোৎ​সবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l ছবি: প্রথম আলো

নিয়মিত নাট্যচর্চার মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রত্যয় করেছেন নাট্যকর্মীরা। তাঁরা শৈল্পিক উচ্চারণে জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হয়েছে জাতীয় নাট্যোৎসব। ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শিরোনামে শুরু হওয়া এ নাট্যোৎসব চলবে ১১ অক্টোবর পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটার এবং বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে একযোগে চলবে এ আয়োজন।
গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও নাট্যজন আতাউর রহমান। ফেডারেশনের চেয়ারম্যান ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। এ সময় ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন নাট্যদলের শিল্পীরা উৎসবের প্রতিপাদ্য ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে নিহত সংস্কৃতিকর্মী ও জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংস্কৃতিকর্মীদের জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীরা অবদান রেখেছেন। ইতিহাসের সেই ধারাবাহিকতায় আবারও সময় এসেছে জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার। উদ্বোধনের পর মূলমঞ্চে মঞ্চস্থ হয় হবিগঞ্জের জীবনসংকেত নাট্যগোষ্ঠীর জ্যোতিসংহিতা। লিখেছেন রুমা মোদক ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ভাটি বাংলার বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস ও দাস পার্টির দুরন্ত যুদ্ধগাথা নিয়েই এ নাটক।
একই সময় পরীক্ষণ থিয়েটারে সিরাজগঞ্জের নাট্যলোক পরিবেশন করে নারী নসিমন, শাহমান মৈশানের রচনায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। উত্তর বাংলার প্রচলিত লোককাহিনি ‘নসিমন সুন্দরী’ অবলম্বনে এই নাটক।
মহিলা সমিতি মঞ্চে গাইবান্ধার পদক্ষেপ নাট্যদল মঞ্চায়ন করে পলোনাথ কোম্পানি। রচনা করেছেন সুলতান মুহম্মদ রাজ্জাক ও নির্দেশনা দিয়েছেন মেহেদুল হক সুজন। এতে উঠে আসে সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প।
১৮ দিনের এ উৎসবে ঢাকার বাইরে ২৬টি ও ঢাকা মহানগরের ৩২টি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হবে ৫৮টি নাটক। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চস্থ হবে। শিক্ষার্থী ও নাট্যকর্মীরা ২০ টাকার বিনিময়ে নাটক দেখতে পারবেন। নিয়মিত টিকিটের মূল্য ২০০ ও ১০০ টাকা। এ ছাড়া নাট্যকর্মীদের জন্য থাকছে পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব অংশুমান ভৌমিকের পরিচালনায় ‘দুই বাংলার নাট্যচর্চা’বিষয়ক কর্মশালা।