এ মাসেই আসবে হাবিবের ‘আহ্বান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল এবার পয়লা বৈশাখেই আসবে সংগীতশিল্পী হাবিবের তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’। তবে নানা কারণে সেটা সম্ভব হয়নি। এতে হাবিব ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। বৈশাখ মাসেই আসবে হাবিবের এই অ্যালবামটি। অ্যালবামের যাবতীয় কাজকর্ম বেশ কিছুদিন আগেই শেষ করেছেন বলে হাবিব জানিয়েছেন । হাবিব বলেন, ‘আমি আসলে অ্যালবামের সব কাজই ঠিক সময়ে শেষ করি। প্রস্তুতি ছিল পয়লা বৈশাখে সেটি শ্রোতাদের হাতে তুলে দেব। সবকিছুই ঠিকঠাক ছিল। টেকনিক্যাল কারণে অ্যালবামটি পয়লা বৈশাখের আগে প্রকাশ করা সম্ভব হয়নি। তবে এখন যত দূর জানতে পেরেছি এ বৈশাখেই অ্যালবামটি বাজারে আসবে।’ হাবিব আরও বলেন, ‘অ্যালবামটির বিজ্ঞাপনের জন্য আমরা বিভিন্ন প্রস্তুতিও নিয়েছি। পদ্মা পাড়ের মনোরম লোকেশনে কয়েক দিন শুটিং করে একটি চমত্কার বিজ্ঞাপনও তৈরি করেছি। খুব শিগগিরই অ্যালবামটির বিজ্ঞাপন দর্শকেরা দেখতে পাবেন।’ আহ্বান ছাড়া হাবিব এখন বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেল নিয়ে ব্যস্ত বলে জানিয়েছেন। বাংলালিংকের সহকারি ব্যবস্থাপক (জনসংযোগ) রাশেদ হাসান বলেছেন, ‘হাবিবের আহ্বান অ্যালবামটি নিয়ে সবারই অন্য রকম একটা আগ্রহ রয়েছে। সেটা আমরা এরই মধ্যে টের পেয়েছি। পয়লা বৈশাখে না পারলেও নিশ্চিত করেই বলছি যে এ মাসেই আমরা অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা দুয়েক দিনের মধ্যে অ্যালবামটির প্রকাশের তারিখ জানাব।’আহ্বানে মোট গান থাকছে মোট নয়টি। যার মধ্যে তিনটি দ্বৈত। দুটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়ে ন্যান্সি, একটিতে কণা। গানের কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস।উল্লেখ্য, সংগীতশিল্পী হাবিবের প্রথম একক ‘শোনো’ বের হয় ২০০৬ সালে এবং দ্বিতীয় একক ‘বলছি তোমাকে’ ২০০৮ সালে।