এ মাসেই প্রেক্ষাগৃহে ‘ঘেটুপুত্র কমলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেক্ষাগৃহে এ মাসেই মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের নতুন ছবি ঘেটুপুত্র কমলা। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান বলেন, ‘এখন যুক্তরাষ্ট্রে হুমায়ূন আহমেদের চিকিৎসা চলছে। সপ্তাহ তিনেকের জন্য তিনি দেশে এসেছেন। আমরা তাঁর উপস্থিতিতে এ মাসেই ছবিটি মুক্তি দিতে চাইছি। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।’যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ছবিটির পুরো শুটিং শেষ করেন হুমায়ূন আহমেদ। শুটিং পরবর্তী সব কাজ করেন জুয়েল রানা।ছবিটি নিয়ে হুমায়ূন আহমেদ বললেন, ‘ঘেটুপুত্র কমলা নামে একটি গল্প লিখেছিলাম। সেই গল্পটা থেকেই এই ছবি।’তিনি আরও বলেন, ‘ঘেটুপুত্রের সঙ্গে আমার দেখা হয়েছে; ২০-২৫ বছর আগে তো হবেই। গল্পটা লিখেছি তারও পরে। জিনিসটা মাথায় ছিল। ঘেটুগান ছিল মূলত হাওরভিত্তিক। ওখানকার লোকদের তিন মাস কিছুই করার থাকে না। কর্ম ছাড়া একদল লোক কীভাবে বাঁচবে। তারা গানবাজনা করে। গানগুলোর সুর ক্লাসিক্যাল। একদম ক্লাসিক্যাল সুর।’ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার, প্রাণ, আগুন, শামীমা নাজনীন, পুতুল, কুদ্দুস বয়াতি, ইসলামউদ্দিন বয়াতি, এহসান, প্রান্তি, প্রাপ্তি প্রমুখ। ‘ঘেটুপুত্র কমলা’ চরিত্রে অভিনয় করেছে মামুন। সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু ও এস আই টুটুল। গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও শফি মন্ডল। ঘেটুপুত্র কমলা হুমায়ূন আহমেদের অষ্টম চলচ্চিত্র।