
শান্তিনগর মোড় ঘুরলেই রাজধানীর অন্য রাজপথগুলো থেকে একেবারে অন্য রকম একটি পথের দেখা মেলে। দুই পাশে সারি সারি ফুল, খাবার আর শাড়ির দোকান দিয়ে গড়া এই পথটিকে প্রথম দেখায় হয়তো খুব আলাদা কিছু মনে হবে না। কিন্তু কান সজাগ রেখে একটু এগোলেই বুঝতে পারবেন এটা ভিন্ন এক জগৎ। বিশেষ করে বিকেলের মুখে এখানে খাবার দোকানে অথবা ফুটপাতে গুচ্ছে গুচ্ছে তরুণদের আড্ডা সরগরম!
কাগজপত্রে রাস্তাটির নামও নাটক সরণি। তবে আজও এটা বেইলি রোড নামেই বেশি পরিচিত।
কোনো কিছু নতুন করে গড়ার জন্য যখন ভাঙা হয়, তখন বিষয়টি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। তেমনই ঘটনা ঘটেছে দেশের ঐতিহ্যবাহী রঞ্চমঞ্চ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনের বেলায়ও। ১৯৭৩ সালে সদ্য স্বাধীন দেশে নাট্যচর্চার তীর্থকেন্দ্র হয়ে উঠেছিল এই মঞ্চটি। নতুন দেশের নতুন স্বপ্ন নিয়ে মঞ্চটিকে ঘিরে নাট্য আন্দোলনে নিজেদের সমর্পণ করেছিলেন নাট্যকর্মীরা। মাঝে ২০১১ সালে সংস্কারের কাজে ভেঙে দেওয়া হয় মঞ্চটি। আধুনিকায়নের কাজ শেষে আবার চালু হলো নাট্যচর্চার গৌরবময় ইতিহাসের সাক্ষী মিলনায়তনটি।
ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে নবযাত্রার সূচনায় মঞ্চটিতে শুরু হয়েছিল মাসব্যাপী ভাঙাগড়া নাট্যোৎসব। ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ স্লোগানে উৎসবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
নতুন করে গড়ে ওঠা এ মিলনায়তন যেন আবারও তারুণ্য ফিরিয়ে দিয়েছে সড়কটিকে। বিকেলে, সন্ধ্যায় তারুণ্য-দ্বীপের এ মিলনমেলায় কথায় কথায় কেবল নাটক আর নাটক। গতকাল মঙ্গলবার এ মঞ্চে ছিল থিয়েটারের (তোপখানা) নাটক যুদ্ধ এবং যুদ্ধ। দর্শক সারির প্রায় সব কটি আসন পূর্ণ ছিল কাল সন্ধ্যায়। এ যেন আগের সেই নাটক সরণি।
বদলে গেছে সব। আগের মতো নেই কিছু। এখন এই মিলনায়তনে চকচকে মেঝের ওপর আলো ঝলমলে সুবিশাল একটি মঞ্চ, মজবুত আরামদায়ক আসন। প্রদর্শনী চলাকালীন শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র পুরোদমে চালু থাকে।
গতকাল বৃষ্টিভেজা সন্ধ্যায় এ মিলনায়তনে নাটক দেখতে আসা সিদ্ধেশ্বরীর আশিক হক বলেন, ‘ভাই কাছেই বাসা। তাই একটা টি-শার্ট গায়ে চলে এসেছি নাটক দেখতে। এখন তো শীতে কাঁপছি রীতিমতো।’ পাশের আসনে থাকা তাঁর স্ত্রী বলেন, ‘বিয়ের পর এ এলাকায় এসে মিলনায়তনটি বন্ধ দেখে খুব মন খারাপ হয়েছিল। এখন কী যে ভালো লাগছে!’
নতুনভাবে যাত্রা শুরু করা মিলনায়তনটি নিয়ে কথা হলো গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সঙ্গে। তিনি বললেন, ‘পৃথিবীতে এই রঙ্গমঞ্চটির মতো নাট্যমঞ্চ খুব কমই আছে, যেটাকে ঘিরে তৈরি হয়েছে নাট্যকর্মীদের আবেগ।’
আজ উৎসবে মঞ্চস্থ হবে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নতুন নাটক তোরা সব জয়ধ্বনি কর।