এ সময়ে এফডিসির ঝরনা স্পট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরনা স্পটের বর্তমান অবস্থা l ছবি: জাহিদুল করিম
ঝরনা স্পটের বর্তমান অবস্থা l ছবি: জাহিদুল করিম

যেনতেন কোনো পুকুর নয় এটি। সিনেমাপ্রেমী দর্শকের কাছে এই পুকুর অতি পরিচিত। সিনেমার পর্দার সেই পুকুরের চারপাশের পাথরের ওপর সবুজ শেওলার আস্তরণ। পানির মধ্যে পলিথিন, সিগারেটের প্যাকেট, পানির বোতল, গাছের পাতা পড়ে আছে। চারদিকে ঘাস, ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুকুরপাড়ের চারপাশে হাঁটার রাস্তাটাও পিচ্ছিল হয়ে আছে। এটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ঝরনা স্পটের চিত্র।
বাংলাদেশের বহু সিনেমায় এই ঝরনা স্পট দেখেছেন দর্শকেরা। সিনেমার পর্দার ঝরনা স্পট দেখে অনেকের নিজ চোখে দেখার আগ্রহও তৈরি হয়েছে। এখন আর এই ঝরনা স্পটের ঝরনা থেকে কোনো পানি ঝরে না নিয়মিত। কয়েক মাস আগে নাকি কৃত্রিম উপায়ে বানানো এই ঝরনার সংযোগটিও খুলে ফেলা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরের পর এফডিসির ডাবিং থিয়েটারের সামনে দেখা গেল, ঝরনা স্পটের তালা খোলার চেষ্টা করছেন একজন নিরাপত্তারক্ষী। অনেকক্ষণ চেষ্টা করেও তিনি সেই তালা খুলতে পারছিলেন না। তাঁর হাতে অনেকগুলো চাবি। তালায় জং (মরিচা) পড়ে গেছে। বিষয়টি নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘অপরিচ্ছন্নতার কথা শুনে আমি নিজেই লজ্জা পাচ্ছি। জানেন, আমাদের নিজস্ব পরিচ্ছন্নতাকর্মীর বাইরেও আরও ছয়জন এই কাজে নিয়োজিত আছে। বর্ষার কারণে হয়তো এফডিসিকে অতটা সাজানো-গোছানো সম্ভব হচ্ছে না। ডাবিং রুমের সংস্কারকাজ হচ্ছিল, তাই হয়তো ঝরনা স্পটে ময়লা-আবর্জনা কিছু জমা হয়েছে। আমি চেষ্টা করছি এবং সামনেও করব।’