এ সময়ের কাঙ্ক্ষিত প্রযোজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকে, ১৪১৮ বাংলা সনে, রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে রবীন্দ্রপ্রেমীরা রবীন্দ্রযজ্ঞের যে অগ্নিদাহন সৃষ্টির প্রয়াস করছেন, তাতে ঘৃতাহুতি দিচ্ছে রাষ্ট্র ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। যেন সেই ঘৃতাহুতিতে পুড়ে পুড়ে খাঁটি হই। তার বাইরে দাঁড়িয়ে জিয়নকাঠির প্রযোজনা স্ত্রীর পত্র-এর লিনার মৃণাল হয়ে ওঠা আমাদের দেখিয়ে দেয়—এই তড়িঘড়ি পৃষ্ঠপোষকতার বাইরে দাঁড়িয়েও রবীন্দ্রনাথের পথে পথ চলে রবীন্দ্র বিশালত্বের আকাশ ছোঁয়ার প্রয়াস থাকতে পারে, থাকছে, থাকবেও।স্ত্রীর পত্র মৃণাল নামের ১২ বছরের এক শিশুর স্ত্রী হয়ে ওঠা—সংসারে বুদ্ধিকে মেনে চলে ঠোকর খেতে খেতে বিন্দু নামের একজন মেয়ের সংস্পর্শে এসে তার মৃত্যুর মধ্য দিয়ে অভ্যাসের সামাজিক সংস্কারের আবরণ ছিন্ন করে মুক্ত আকাশতলে দাঁড়ানোর গল্প। এই গল্প থিয়েটার হয়ে শুরু হলো—বসে আছে মৃণাল। চিঠি লিখছে বাড়ির মেজ বউ। লেখা থামান তারপর মৃণাল [লিনা] স্থান পরিবর্তন করে নির্দিষ্ট আলোর গণ্ডিতে প্রবেশ করে নতুন দৃশ্যের সূচনা করেন। এই যে পরবর্তী দৃশ্যপটে যাওয়ার প্রস্তুতি তা চোখে বাজে। লিনা এক দৃশ্যপটে মৃণালের ছবি আঁকতে আঁকতে শেষ পর্যন্ত গিয়ে থেমে যান, আবার নতুন দৃশ্যপটের সূচনা করেন। এই থেমে যাওয়ায় দর্শকও কিছু মুহূর্তের জন্য থমকে দাঁড়ান। যদি এমন হতো, জলে সঞ্চরণশীল প্রাণীর মতো চলতে চলতে ভিন্ন পথে বাঁক নিচ্ছে, কিন্তু থেমে গিয়ে নয়—চলমান থেকে—তাহলে অনেক বেশি বৈচিত্র্যময় এবং গতিশীল হতো মুহূর্তগুলো। লিনা কখনো কখনো বিন্দুর বা মৃণালের দুঃখ-কষ্ট-বেদনার রঙে লীন হতে হতে শরীর টেনে টেনে চলেন—দেখে মনে হয়, এ বোঝা বইতে পারছেন না। এখানে অভিনয়ের মনোদৈহিক অভিব্যক্তি প্রকাশের বিপ্রতীপে শারীরিক বিষয়টি প্রণিধান পেয়ে যায়। সংলাপ প্রক্ষেপণে লিনা বেশ সচেতনভাবেই কাজ করেছেন। প্রতিটি শব্দ স্পষ্ট ও অর্থময় করার ক্ষেত্রে তিনি পারঙ্গমতার পরিচয় রেখেছেন। কিন্তু শব্দ বাক্য সুভাষিত করতে গিয়ে কখনো কখনো স্বল্প সময়ের জন্য অভিনীত চরিত্রের সাবলীল চলমানতায় আবৃত্তিশিল্পীর সচেতন উপস্থিতি উঁকি দেয়। তার পরও যেখানে অনেক অভিনয়শিল্পী শব্দ বাক্য সুভাষিত ও অর্থময় করতে গিয়ে অযাচিত কসরতে উচ্চারণ-দোষে দুষ্ট হয়ে ওঠে, সেখানে এই উঁকি দেওয়া তেমন কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তাই ৯৭ বছর আগে লেখা স্ত্রীর পত্র সময়কালকে অতিক্রম করে লিনার উপস্থাপনায় আজও প্রাসঙ্গিক হয়ে ওঠে। এ সময়ে যখন দেখি শিক্ষিত নারীরাও মিথ্যাবাদী-কপট স্বামী কর্তৃক নিগৃহীত, নির্যাতিত হয়ে দিনের পর দিন তথাকথিত বাঙালি নারীর আবরণে নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখেন—যা কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না—তার বিপরীতে শতবর্ষ আগের মৃণালকে যখন ফেরদৌসী আবেদীন লিনার ভেতর দিয়ে অভ্যাসের অন্ধকার সংস্কারকে ছিন্ন করে মুক্ত আকাশের নিচে দাঁড়াতে দেখি—তখন বেশ ভরসা হয়—আশাবাদী হয়ে উঠি।রঙের বাহুল্যবিহীন অনাড়ম্বর সুদীপ চক্রবর্তীর মঞ্চ পরিকল্পনা। মধ্য ডানে ছবি আঁকার ইজেল ক্যানভাস, পাশে কাঠের নির্মিত ছোট আসবাব রাখার সেলফ। পেছনে মধ্যবর্তী স্থানে দরজার কাঠামো। বাঁয়ে কাঠগড়ার আদলে করা রেলিং। সামনে আয়তাকার নিচু বক্স, যাতে চিঠি লেখা, বসা, দাঁড়ানো এমন বহুমাত্রিক ব্যবহার রয়েছে। মঞ্চে রঙের ব্যবহারে মৃণালের কাল স্পষ্ট। কিন্তু আসবাবের রং ও দরজার কাঠামোর রং এক হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি করে। আলোক পরিকল্পনাকারী ঠাণ্ডু রায়হানের কাজে স্বল্প পরিসরে সীমিত আয়োজনে চিত্রকল্প নির্মাণে সৃজনশীল চেষ্টা লক্ষণীয়, কিন্তু মঞ্চে আলো ফেলে চরিত্রকে ত্রিমাত্রিক অবয়ব দেওয়ার কুশলী কাজ লক্ষ করা যায় না, যা আবশ্যক। যদিও জানি, স্টুডিও থিয়েটারের সুবিধাবিহীন স্থানে এ আয়োজন কঠিন। সংগীতে মেহেদী হাসান মৃণালের মনোজগতের আবহ নির্মাণে কুশলী। কিন্তু কখনো কখনো উচ্চকিত আবহ সংগীত নাট্যমুহূর্ত ঘনীভূত হতে বাধাগ্রস্ত করে।নাটকের এই যূথবদ্ধ শিল্প নির্মাণে সব সহযোদ্ধার লেগে থাকাই তো বেঁচে থাকা, নাটককে বাঁচিয়ে রাখা। লিনার মধ্য দিয়ে মৃণালকে দেখা। সবকিছু ছাড়িয়ে আবরণ ছিন্ন করে মৃণালের নীল সমুদ্র আর মাথার ওপরে আষাঢ়ের মেঘপুঞ্জ নিয়ে এই লেগে থাকাই মৃণালদের বেঁচে থাকা, স্ত্রীর পত্র-এর মঞ্চায়ন সে কথাই বলে। আমরা তাতে যেন ঋদ্ধ হই। স্ত্রীর পত্র-এর বহুল মঞ্চায়ন কাম্য।