এই অনুতাপটুকু সুন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাজালিয়া ব্যাংকস
অ্যাজালিয়া ব্যাংকস

চোরের ভয়ে মেঝেতে ভাত খাওয়ার প্রবাদ যেন এই কালেও প্রাসঙ্গিক। আগে যেমন সোনাদানা চুরি যেত, এখন চুরি যায় মেধাসম্পদ আর আইডিয়া। কিছুই করার জো নেই। কিছু লিখলে তার কথা চুরি, গান গাইলে সুর চুরি। সম্প্রতি শুরু হয়েছে গানের ভিডিও চুরির প্রবণতা। ভদ্রতা আর সৌজন্যের খাতিরে কেউ কেউ সেসব মুখ বুজে সহ্য করে যাচ্ছেন।
আফ্রো-আমেরিকান র্যা পার অ্যাজালিয়া ব্যাংকসের বয়স কম। চট করে খেপে যাওয়া তাঁর জন্য অস্বাভাবিক নয়। নিজের গানের ব্যতিক্রম উপস্থাপন থেকে কেউ এতটুকু নকল করলে, মাথা তো গরম হবেই। তা ছাড়া সবাইকে কেন মুখ বুজে থাকতে হবে! অ্যাজাইলা খেপে গিয়ে গালি দিতে ছাড়েননি ব্রিটিশ শিল্পী জায়েন মালিককে। টুইটারে দেওয়া সেই গালি বর্ণবাদের দায়ে অভিযুক্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে তাঁর টুইটার অ্যাকাউন্ট।
অ্যাজালিয়ার ‘ইয়াং র্যা পাঞ্জেল’ গানের ভিডিওতে একটা প্যাঁচা আছে। সেটার একটা চোখ লাল, একটা চোখ হলুদ। ব্রিটিশ শিল্পী জায়ান মালিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ওই দুইরঙা চোখের আইডিয়াটা মেরে দিয়েছেন অ্যাজালিয়ার গান থেকেই। ৯ মে এই শিল্পী প্রকাশ করেন তাঁর ‘লাইক আই উড’ গানের ভিডিওটি। সেখানে শিল্পী নিজেই দুইরঙা চোখে হাজির হয়েছেন। অ্যাজালিয়ার গানের ভিডিওটি প্রকাশিত হয় গত বছর ২৭ মার্চ। জনপ্রিয়তার কারণে জায়ান মালিকের ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ৬৫ লাখেরও বেশি বার। অথচ বছর খানেক আগে প্রকাশিত অ্যাজালিয়ার ভিডিও দেখা হয়েছে ১৫ লাখ বার। এই-ই কি তবে অ্যাজালিয়ার ক্ষোভের কারণ?
গত মার্চে স্লেই-জ নামের একটি নতুন অ্যালবাম মুক্তি পেয়েছে অ্যাজালিয়া ব্যাংকসের। এর আগে ২০১৪ সালে ব্রোক উইথ এক্সপেনসিভ টেস্ট ও ফ্যানটাসিয়া টু: দ্য সেকেন্ড ওয়েভ, ২০১২ সালে ফ্যানটাসিয়া ও ১৯৯১ নামে অ্যালবামগুলো প্রকাশিত হয় তাঁর। ২০০৮ সালে মাই স্পেস–এর মাধ্যমে শুরু হয় তাঁর প্রকাশ। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন এই র্যা পার।
মাথা গরম করে কটু কথা বললেও পরে দুঃখ প্রকাশ করেছেন অ্যাজালিয়া। অনুতপ্ত হয়ে বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছেন। টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় আরেক সামাজিক মিডিয়া ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘রাগের বশে লাখ লাখ মানুষকে অপমান করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। জাতি, বর্ণ নিয়ে কারও সঙ্গে মজা করা বা অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এই অনুতাপটুকু তাঁর গানের ভিডিওগুলোর মতোই সুন্দর।
র্যা প গানের ভিডিওগুলো দেখার জন্য দারুণ। সেখানে থাকে আইডিয়া, থাকে গল্প। খুব ভালো লেগে গেছে বলেই হয়তো জায়ান মালিকের মতো শিল্পী এক চিলতে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এটা আসলে বড় ধরনের অপরাধ কি না, সেটা বিবেচনা করার কে আছে! তবে বাংলাদেশে সম্প্রতি গানের ভিডিও নির্মাতাদের কাণ্ড যদি অ্যাজালিয়া দেখতেন—কি যে করতেন, সেটা ভেবে পাঠক কিন্তু একচোট হেসে নিতে পারেন।
রাসেল মাহমুদ
গার্ডিয়ান, ইয়াহু, ইউটিউব, উইকি অবলম্বনে