'সুপার মম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
সন্তানদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

বিশ্বের প্রভাবশালী মায়ের তকমা বেশ কয়েকবার পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু প্রভাবের পেছনে মায়ের নরম মন কিন্তু ঢাকা পড়েনি একেবারে। পর্দায় শক্তিমান অভিনেত্রী, পরিচালনায় দুর্দান্ত আর সৌন্দর্যে অতুলনীয়—এত বিশেষণের ভিড়েও জোলির সবচেয়ে পছন্দের প্রশংসাটি হলো তিনি ‘সুপার মম’। এ পরিচয়ে পরিচিত হতেই বেশি ভালো লাগে তাঁর। এ জন্যই তো শুধু ক্যামেরার সামনের সময়টুকু বাদে, আর বাকি সব সময়েই নিজ সন্তানদের সঙ্গে নিয়ে চলতেই স্বচ্ছন্দ তিনি।
কেউ কোলে, কেউ ধরে রেখেছে বাঁ হাতের তর্জনীটি, আরেকজন আবার পেছন থেকে শার্টের একটা অংশ শক্ত করে ধরেছে, আর বাকিরা ঠিক তাঁর সামনে, সেদিকে সাবধানী চোখ জোলির—এমন দৃশ্য অনেকবারই ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। প্রতিবারই স্থিরচিত্রে জোলির অস্থির সন্তানদের সামাল দেওয়ার কৌশলগুলো ফুটে ওঠে দারুণভাবে। ছয় সন্তান, কিন্তু কখনোই অবহেলার অভিযোগ ওঠেনি জোলির বিরুদ্ধে। অনেকেই মনে করে, অনেক বিত্তবান তাই সন্তান লালন-পালনের জন্য বোধ হয় লোক রাখা আছে তাঁর। তাদের জন্য কান গরম করা খবর হলো, মোটেও না। জোলি নিজেই দেখভাল করেন তার সন্তানদের। তাদের নাওয়া, খাওয়া, ঘুম—সময় মেনে সবকিছুর তদারকি করেন তিনি। হ্যাঁ, সহযোগী আছে কয়েকজন, স্বীকার করেছেন জোলি। তবে তাই বলে, যে কাজগুলো মায়ের, তাও যে বেতনভুক্ত কর্মচারীরা করবে, এটা মেনে নিতে পারেন না তিনি। মাঝে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের সময়টাও সন্তানদের রোজকার কাজগুলো খোদ মা জোলিই সামলেছেন। আর তাঁকে সামাল দেওয়ায় সাহায্য করেছেন প্রেমিক ও তাঁর সন্তানদের বাবা ব্র্যাড পিট। এরপর কাজের চাপ বেড়ে গেছে আবার। তবুও মায়ের দায়িত্বগুলো সব কাজের ঊর্ধ্বেই রেখেছেন তিনি।
ব্র্যাঞ্জেলিনা বাহিনীর তিন সদস্য জোলির গর্ভজাত সন্তান, বাকি তিনজন দত্তক। ছয়ে মিলে জোলির একসময়ের অস্থির জীবনকে এখন স্থির করেছে।
মা হিসেবে খুব একটা কঠোর নন জোলি। তাঁর ধারণা, অতি শাসন-অনুশাসন সন্তানদের বিদ্রোহী করে তোলে; বিগড়ে যাওয়ার শঙ্কা তখনই দেখা দেয়। তাই ছয় সন্তানের সঙ্গেই বন্ধুসুলভ আচরণে অভ্যস্ত তিনি। প্রতি সপ্তাহের রোববার হলো ব্র্যাঞ্জেলিনার ‘ঘুম দিবস’। জোলি জানান, ওই দিন তিনি, তার ছয় সন্তান আর ব্র্যাড পিট এক বিছানায় ঘুমান। গুঁতোগুঁতি, খুনসুটি আর কানাকানি—রোববার রাতটা হয় তাদের সপ্তাহের সবচেয়ে উপভোগ্য দিন। রোববারের ওই ঘুম দিবসের জন্য ব্র্যাঞ্জেলিনার বাড়িতে বড় একটি বিছানাও আছে।